প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
ছেলের ১৮তম জন্মদিনে উপহার হিসেবে গত ২৫ অক্টোবর স্বপ্নের এল ক্লাসিকো দেখতে গিয়েছিলেন ফ্রানতিশেক ভাভরেক। কিন্তু কিলিয়ান এমবাপ্পের গোলে উল্লাসের পর সেই স্বপ্নটি পরিণত হয় এক তিক্ত অভিজ্ঞতায়।
স্প্যানিশ ক্রীড়া দৈনিক মার্কার কাছে অভিযোগ করেছেন রিয়াল মাদ্রিদের সমর্থক ফ্রানতিশেক ভাভরেক। স্লোভাকিয়ার এই নাগরিকের দাবি, বার্সেলোনার মাঠ ক্যাম্প ন্যুতে এমবাপ্পের গোল উদযাপনের পর তাকে ও তার ছেলেকে বের করে দেওয়া হয়। পরে ট্যাক্সিতে বসে মোবাইল ফোনে ম্যাচের বাকি অংশ দেখতে হয় তাদের।
ভাভরেক জানান, ছেলে ডেনিসের ১৮তম জন্মদিন উপলক্ষে তিনি এই ম্যাচ দেখার পরিকল্পনা করেছিলেন। দুটি টিকিটের জন্য খরচ হয়েছিল ২ হাজার ৮০০ ইউরো (৩ লাখ ৮৭ হাজার টাকা)। তার দাবি, মাঠে প্রবেশের সময় নিরাপত্তাকর্মীরা তাদেরকে রিয়ালের জার্সি খুলতে বলেন। জার্সি কোথায় রাখবেন জানতে চাইলে দেখিয়ে দেওয়া হয় আবর্জনার পাত্র।
এ প্রসঙ্গে ভাভরেক বলেন, “আমি ডেনিসকে বলেছিলাম, আমরা রিয়াল মাদ্রিদের সমর্থক। আমাদের জার্সি কখনো আবর্জনার পাত্রে ফেলব না।”
এরপর ভাভরেক বলেন, “আমরা রিয়ালের জার্সি পরেই প্রায় এক ঘণ্টা ছিলাম। এমবাপ্পের প্রথম গোলের পর শুধু দাঁড়িয়ে একে-অপরকে জড়িয়ে ধরেছিলাম। এরপর নিরাপত্তাকর্মীরা আমাদের বের করে দেয়।
ভাভরেকের ভাষ্য, “আমরা কোনো সহিংস আচরণ করিনি, কাউকে হুমকি দিইনি কিংবা সহিংসতায় উসকানিও দিইনি। শুধু দাঁড়িয়ে একে-অপরকে জড়িয়ে ধরে গোল উদযাপন করেছি।”
তিনি আরো জানান, নিরাপত্তাকর্মীরা প্রথমে জার্সি খুললে ক্যাম্প ন্যুতে ফেরার সুযোগ দেওয়ার কথা বললেও পরে সিদ্ধান্ত বদলান। পুলিশের জিজ্ঞাসাবাদের পর তারা স্টেডিয়াম ছাড়েন। শেষ পর্যন্ত ট্যাক্সিতে বসে মোবাইল ফোনে খেলা দেখেন বাবা-ছেলে।
রিয়াল মাদ্রিদ সমর্থক ভাভরেকের অভিযোগ নিয়ে এখনো বার্সেলোনা কর্তৃপক্ষের বক্তব্য পাওয়া যায়নি। তবে বাবা-ছেলের এই ত্যাগ স্বীকার বৃথা যায়নি। এল ক্লাসিকোয় এমবাপ্পের জোড়া গোলে চিরপ্রতিদ্বন্দ্বী বার্সাকে ২-১ ব্যবধানে হারায় রিয়াল।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন