প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
মানুষের বিবেক ও মানবিকতা কতটা নিচে নামলে একজন অন্ধকারের যাত্রী, অসহায় পঙ্গু মানুষের সম্বলটুকুও কেড়ে নেওয়া যায়—কালকিনিতে ঘটে যাওয়া এক নৃশংস চুরি সেই প্রশ্নই তুলে ধরেছিল। তবে চুরি হওয়া চাল আর জমানো সামান্য অর্থ হারিয়ে চোখের জলে ভাসতে থাকা সেই অবলা প্রতিবন্ধী আব্দুল জলিলের পাশে এবার এসে দাঁড়িয়েছেন মাদারীপুর-৩ আসনের সংসদ সদস্য আনিসুর রহমান তালুকদার খোকন।
উল্লেখ্য, মাদারীপুর জেলার কালকিনি উপজেলার পূর্ব এনায়েতনগর ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের কালাই সরদারের চর বেপারী কান্দির বাসিন্দা শারীরিক ও বুদ্ধি প্রতিবন্ধী আব্দুল জলিল। দীর্ঘ ৮-১০ বছর ধরে প্যারালাইজড হয়ে তার শরীরের ডান অংশ অকেজো। লাঠিতে ভর দিয়ে গ্রাম থেকে গ্রামে ভিক্ষা করে কোনোমতে জীবিকা নির্বাহ করেন তিনি। বোন এসে রান্না করে দিয়ে গেলে তবেই খাবার জোটে তার।
সম্প্রতি রাতে চোরেরা চতুরতার সাথে আব্দুল জলিলের ঘরের সামনের দরজায় তালা লাগিয়ে পেছনের অংশ দিয়ে সিঁধ কেটে প্রবেশ করে। এরপর তার ভিক্ষা করে জমানো শেষ সম্বল—কিছু চাল ও সামান্য খুচরো টাকা লুটে নিয়ে যায়। সকালে উঠে নিজের সবটুকু অবলম্বন হারানোর দৃশ্য দেখে অঝোর ধারায় কেঁদে ওঠেন জলিল, যা দেখে স্তব্ধ ও ক্ষুব্ধ হয়ে পড়েন স্থানীয়রা।
প্রতিবন্ধী আব্দুল জলিলের এই করুণ পরিণতি ও আর্তনাদ নিয়ে সংবাদ প্রকাশ হলে বিষয়টি মাদারীপুর-৩ আসনের সংসদ সদস্য আনিসুর রহমান তালুকদার খোকনের নজরে আসে। তিনি তাৎক্ষণিকভাবে ফোনে বিষয়টি সম্পর্কে খোঁজ-খবর নেন এবং সহযোগিতার আশ্বাস দেন।
সংবাদ প্রকাশের পর আজ শুক্রবার বিকেলে এমপি আনিসুর রহমান তালুকদার খোকন নিজে কালকিনিতে অসহায় আব্দুল জলিলের কুঁড়েঘরে ছুটে যান। তিনি জলিলকে তাৎক্ষণিক আর্থিক ও খাদ্য সহযোগিতা প্রদান করেন এবং ভবিষ্যতে সর্বদা তার পাশে থাকার প্রতিশ্রুতি দেন। শুধু তাই নয়, আব্দুল জলিলের জরাজীর্ণ বসতঘরের ভিটা ও ফ্লোর পাকা করে দেওয়ার ঘোষণা দেন সংসদ সদস্য। পাশাপাশি তার চিকিৎসা যেন সঠিকভাবে চলে, সে জন্য তিনি ও তার রাজনৈতিক নেতা-কর্মীরা সার্বিক তদারকি করবেন বলেও জানান।
এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন কালকিনি উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) কিশোর কুমার দাশ, কালকিনি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জহিরুল আলম, উপজেলা বিএনপির সভাপতি বীর মুক্তিযোদ্ধা ফজলুল হক বেপারি, সাধারণ সম্পাদক মাহাবুব হোসেন মুন্সি এবং উপজেলা ও বিভিন্ন ইউনিয়নের বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের বিপুল সংখ্যক নেতা-কর্মী।
সংসদ সদস্যের এই দ্রুত পদক্ষেপ ও মানবিক সহায়তায় আবেগাপ্লুত হয়ে পড়েন এলাকাবাসী। তারা জানান, একজন জনপ্রতিনিধি যখন এভাবে অসহায় ও প্রান্তিক মানুষের পাশে এসে দাঁড়ান, তখন সমাজে মানবিকতার আলো আবারও প্রজ্জ্বলিত হয়।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন