প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
মাগুরার শ্রীপুর উপজেলায় বিষাক্ত মদপানে দুই যুবকের মৃত্যু ঘটেছে। অসুস্থ অবস্থায় হাসপাতালে নেওয়ার পর তাদের মৃত্যু নিশ্চিত হয়।
শুক্রবার (২৩ অক্টোবর) ভোররাতে মাগুরা ২৫০ শয্যাবিশিষ্ট জেলা সদর হাসপাতালে তাদের মৃত্যু হয়।
মারা যাওয়া যুবকেরা হলেন শ্রীপুর উপজেলার মকর দমখোলা গ্রামের আজম লস্করের ছেলে আলমগীর লস্কর এবং গয়েশপুর ইউনিয়নের মালদা গ্রামের বিনোদ বিশ্বাসের ছেলে বিধান বিশ্বাস (২৮)।
স্থানীয় সূত্র ও স্বজনদের তথ্য অনুযায়ী, শ্রীপুর উপজেলার জারিয়া গ্রামের সার্বজনীন দুর্গা মন্দিরে বিজয়া দশমীর রাতে বন্ধুদের সঙ্গে অ্যালকোহলযুক্ত মদপান করেন আলমগীর ও বিধান। মদপানের পর তারা দুজনেই মারাত্মক অসুস্থ হয়ে পড়েন।
প্রথমে তাদের বন্ধুরা আলমগীরকে অসুস্থ অবস্থায় তার বাড়িতে পৌঁছে দেয়। পরে তার শারীরিক অবস্থার অবনতি ঘটলে পরিবারের সদস্যরা ভোররাতে তাকে মাগুরা সদর হাসপাতালে নিয়ে যান, যেখানে জরুরি বিভাগের চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
অন্যদিকে, বিধান বিশ্বাস গুরুতর অসুস্থ হয়ে পড়লে ভোরে তার স্বজনরা তাকেও মাগুরা সদর হাসপাতালে নিয়ে যান। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তারও মৃত্যু ঘটে।
বিধান বিশ্বাসের কাকিমা সুপ্রিয়া সাহা বলেন, ‘দুর্গাপূজার বিজয়া দশমীর রাতে বিধান বন্ধুদের সঙ্গে মদপান করেছিল। এরপর গুরুতর অসুস্থ হয়ে পড়লে ভোররাতে তাকে সদর হাসপাতালে ভর্তি করা হয়। তবে চিকিৎসাধীন অবস্থায় সে মারা যায়। একই ঘটনায় তার বন্ধু আলমগীরকেও হাসপাতালে নিলে চিকিৎসকরা মৃত ঘোষণা করেন।’
মাগুরা সদর হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসা কর্মকর্তা ডা. ইমরান হোসেন জানান, ‘হাসপাতালে দুই ব্যক্তির মৃত্যু ঘটেছে। তবে তাদের মৃত্যুর সুনির্দিষ্ট কারণ তাৎক্ষণিকভাবে নিশ্চিত করা যাচ্ছে না। ময়নাতদন্তের প্রতিবেদন পেলে মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে।’
শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ওলী মিয়া জানান, বিষাক্ত বা অতিরিক্ত মদপানে দুই যুবকের মৃত্যুর তথ্য পাওয়া গেছে। মরদেহ দুটি ময়নাতদন্তের জন্য সদর হাসপাতাল মর্গে রাখা হয়েছে। এ ঘটনায় প্রয়োজনীয় আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন