প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
কুড়িগ্রামের নাগেশ্বরী উপজেলার আলেপের তেপথী বাজারে আসরের নামাজের সময় একটি ফার্মেসি ও বিকাশ এজেন্টের দোকান থেকে ২ লাখ ৫০ হাজার টাকা চুরির ঘটনা ঘটেছে। এ ঘটনায় সিসিটিভি ফুটেজে শামীম (৩৭) নামের এক ব্যক্তিকে শনাক্ত করা হয়েছে বলে স্থানীয় সূত্রে জানা গেছে। পরিচয় জানাজানি হওয়ার পর থেকে তিনি পলাতক রয়েছেন বলে দাবি স্থানীয়দের।
গত ১৫ নভেম্বর রোববার বিকেল আনুমানিক সাড়ে ৪টার দিকে এ ঘটনা ঘটে। ভুক্তভোগী ক্ষুদ্র ব্যবসায়ী মোঃ মাইনুল ইসলাম ফার্মেসির পাশাপাশি বিকাশের এজেন্ট হিসেবে ব্যবসা পরিচালনা করেন। আসরের নামাজ আদায় করতে তিনি দোকান থেকে বের হলে এ সুযোগে শামীম দোকানের ভেতরে থাকা টাকার ড্রয়ারের তালা ভেঙে নগদ টাকা চুরি করে নিয়ে যায়।
স্থানীয় সূত্রে জানা গেছে, অভিযুক্ত শামীম (৩৭) খয়বর তহশিলদারের ছেলে। তাঁর নিজের দোকানও আলেপের তেপথী বাজারে অবস্থিত। চুরির শিকার দোকান থেকে মাত্র চারটি দোকান পরেই তাঁর দোকান। দোকানের সামনে থাকা একটি মোটরসাইকেল ও সাইকেল মেরামতের দোকানের সিসিটিভি ক্যামেরার ফুটেজ পর্যালোচনা করে তাঁকে শনাক্ত করা হয়েছে বলে স্থানীয়রা জানিয়েছেন।
এ ঘটনায় বাজারের ব্যবসায়ীদের মধ্যে ক্ষোভ ও উদ্বেগ দেখা দিয়েছে। রোহান টেলিকমের পরিচালক মুকুল মিয়া বলেন,আমরা এ ঘটনার সুষ্ঠু বিচার চাই। একজন ক্ষুদ্র ব্যবসায়ী অনেক কষ্ট করে ব্যবসা পরিচালনা করেন। এভাবে দোকানের টাকা চুরি হলে একজন ব্যবসায়ী কীভাবে ঘুরে দাঁড়াবেন? আমরা চাই, ঘটনার সঠিক তদন্ত হোক, চুরির সঙ্গে জড়িত ব্যক্তিকে আইনের আওতায় আনা হোক এবং চুরি হওয়া টাকা উদ্ধার করা হোক।
আরেক ব্যবসায়ী মফিজুল ইসলাম বলেন,তার নিজের দোকান থাকা সত্ত্বেও সে কীভাবে এমন চুরির সাহস পায়, তা আমাদের বোধগম্য নয়। এ ধরনের অনৈতিক কর্মকাণ্ডের সঙ্গে কেউ জড়িত থাকলে তার বিরুদ্ধে দ্রুত ব্যবস্থা নেওয়া উচিত। আমরা এ ঘটনার দ্রুত ও সুষ্ঠু বিচার চাই।
স্থানীয় ব্যবসায়ীরা জানান, এ ধরনের ঘটনা বাজারের ব্যবসায়ীদের মধ্যে নিরাপত্তাহীনতা তৈরি করেছে। একজনের দোকানে এমন চুরির ঘটনা ঘটলে অন্য ব্যবসায়ীরাও নিজেদের দোকান ও ব্যবসার পুঁজি নিয়ে উদ্বিগ্ন হয়ে পড়েন।
এদিকে, আগামী ১৯ নভেম্বর এ ঘটনাকে কেন্দ্র করে স্থানীয়ভাবে বিচার বা সালিশ বসার সম্ভাবনা রয়েছে বলে জানা গেছে। ব্যবসায়ীরা দ্রুত ঘটনার সুষ্ঠু বিচার, অভিযুক্তকে আইনের আওতায় আনা এবং চুরি হওয়া টাকা উদ্ধারের দাবি জানিয়েছেন।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন