প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
চাঁদপুরের হাজীগঞ্জ পৌর এলাকা মাতৃমায়া নামে আবাসিক হোটেল থেকে মো. ইলিয়াছ কাজী (৬৫) নামে একজন বৃদ্ধের মরদেহ উদ্ধার করা হয়েছে। প্রথমে ওই ব্যক্তির পরিচয় জানানো সম্ভব হয়নি, কিন্তু পরে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই) এসে মরদেহের পরিচয় সনাক্ত করে। ঘটনাটি ঘটেছে শনিবার (১৩ জুন) দুপুরে, যখন হাজীগঞ্জ থানা পুলিশ ওই হোটেলের কক্ষের দরজা ভেঙে মরদেহ উদ্ধার করে। মৃত ইলিয়াছ কাজী ফরিদগঞ্জ উপজেলার ৫নম্বর গুপ্টি ইউনিয়নের কাজী বাড়ির আদম আলী কাজীর পুত্র। ইলিয়াছের ছেলে মাহদী হাসান জানান, তার বাবা গত ৮ জুন বাড়ি থেকে নিখোঁজ হন। পরিবারের সদস্যদের বাড়িতে খোঁজাখুঁজি করার পর ১২ জুন ফরিদগঞ্জ থানায় একটি নিখোঁজ ডায়েরি করেন (যার নং ৬১৮)। এরপর সামাজিক যোগাযোগ মাধ্যম (ফেসবুক) থেকে তিনি জানতে পারেন হাজীগঞ্জে একটি অজ্ঞাত লাশ উদ্ধার হয়েছে। তারপর তিনি থানায় এসে মরদেহ সনাক্ত করেন। হোটেলের মালিক ফারুক হোসেন লিটন জানান, ১২ জুন (শুক্রবার) সন্ধ্যায় মো. ইলিয়াস কাজী হোটেলে উঠেন। পরবর্তীতে ১৩ জুন (শুক্রবার) দুপুর আড়াইটা পর্যন্ত রুমের দরজা বন্ধ ছিল এবং কয়েকবার নক করেও কোন সাড়া না পাওয়ায় থানায় ফোন করেন। কিছুক্ষণের মধ্যে থানা পুলিশ ও ফায়ার সার্ভিস দরজা ভেঙে মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে যায়। হাজীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আবদুল মান্নান বলেন, বিকেল পর্যন্ত কয়েকবার দরজা নক করেও ভেতর থেকে কোন সাড়া শব্দ না পাওয়ায় মাতৃমায়া আবাসিক হোটেলের ম্যানেজার রায়হান হোটেল মালিক ফারুক হোসেন লিটনকে জানান। লিটন থানায় ফোন করার পর পুলিশ গিয়ে দরজা ভেঙে মরদেহ উদ্ধার করে। পরে খবর পেয়ে অতিরিক্ত পুলিশ সুপার (হাজীগঞ্জ সার্কেল) মুকুর চাকমা ঘটনাস্থল পরিদর্শন করেন। ওসি আরো বলেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে ইলিয়াছ কাজী কীটনাশক পানে মারা গেছেন। কিন্তু ময়নাতদন্তের পর কিভাবে তার মৃত্যু হয়েছে বিষয়টি নিশ্চিত হওয়া যাবে। থানায় অপমৃত্যু মামলা হয়েছে এবং মরদেহ চাঁদপুর মর্গে পাঠানো হয়েছে।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন