প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির আহ্বায়ক বীর মুক্তিযোদ্ধা মো. আবদুস সালাম মন্তব্য করেছেন, ‘দেশের মানুষ দীর্ঘদিন পর গণতন্ত্রের পথে চলার সুযোগ পেয়েছে এবং প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বাধীন বিএনপিকে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা প্রদান করেছে। জনগণ আর ফ্যাসিবাদকে মেনে নেবে না। যারা সরকারের অগ্রযাত্রা ব্যাহত করতে এবং আধিপত্যবাদী শক্তির কর্তৃত্ব প্রতিষ্ঠার জন্য ষড়যন্ত্র করছে, তাদের বিরুদ্ধে যেকোনো নৈরাজ্য ও ষড়যন্ত্র রুখে দিতে ঢাকা মহানগর দক্ষিণ বিএনপি প্রস্তুত রয়েছে।
বুধবার (১৮ নভেম্বর) দিবাগত রাত থেকে নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে অবস্থান নেওয়ার পাশাপাশি রাজধানীর বিভিন্ন এলাকায় পরিস্থিতি সরেজমিনে পর্যবেক্ষণ করছেন সংগঠনটির শীর্ষ নেতারা। তাঁরা মাঠপর্যায়ের নেতাকর্মীদের প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করছেন বলে বিএনপির পক্ষ থেকে জানানো হয়েছে।
সামাজিক যোগাযোগ মাধ্যমে শেখ হাসিনার ডিসেম্বরে দেশে ফেরার প্রচার প্রসঙ্গে আবদুস সালাম বলেন, ‘শেখ হাসিনা দেশে আসতে চাইলে আমাদের কোনো আপত্তি নেই। তবে তাঁকে আইনকে সম্মান জানিয়ে দেশে ফিরে আত্মসমর্পণ করতে হবে। আমরা চাই তিনি আসুন। কালকেই সীমান্ত দিয়ে দেশে এসে আত্মসমর্পণ করুন; আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তাঁকে আদালতে হাজির করবে।
ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির সদস্যসচিব তানভীর আহমেদ রবিন জানান, গত প্রায় ১৭ বছর ধরে আওয়ামী লীগের নির্যাতনের শিকার হয়েছে বিএনপি। একটি অবাধ ও সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে জনগণ বিএনপিকে রাষ্ট্র পরিচালনার দায়িত্ব দিয়েছে। প্রধানমন্ত্রী তারেক রহমান দেশকে স্থিতিশীল করতে এবং ধ্বংসপ্রাপ্ত অর্থনীতি ও সরকারি প্রতিষ্ঠানগুলো পুনর্গঠনে কাজ করছেন।
তিনি আরও বলেন, এই পরিস্থিতিতে আওয়ামী লীগ ও তাদের অনুসারীরা দেশে আবারও অস্থিতিশীলতা তৈরির চেষ্টা করছে। বিএনপি এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা তাদের ঘোষিত কর্মসূচি ও যেকোনো নৈরাজ্য রুখে দিতে দিন-রাত মাঠে রয়েছেন এবং ভবিষ্যতেও প্রস্তুত থাকবেন।
পরে আহ্বায়ক বীর মুক্তিযোদ্ধা মো. আবদুস সালামের নেতৃত্বে মোটরসাইকেলে করে রাজধানীর মৌচাক, মগবাজার, বাংলামোটর, ধানমন্ডি, ধানমন্ডি ৩২, জিগাতলা, লালবাগ ও বংশালসহ বিভিন্ন এলাকা পরিদর্শন করেন নেতারা। এ সময় সিনিয়র যুগ্ম আহ্বায়ক আবদুল কাদির ভূঁইয়া জুয়েল এবং যুগ্ম আহ্বায়ক আ ন ম সাইফুল ইসলামসহ সংগঠনটির শীর্ষ নেতারা উপস্থিত ছিলেন।
পরিদর্শনকালে তাঁরা বিভিন্ন এলাকা ও ওয়ার্ডে অবস্থানরত নেতা-কর্মীদের খোঁজখবর নেন এবং সাধারণ মানুষের নিরাপত্তা নিশ্চিত করতে সজাগ থাকার নির্দেশ দেন বলে জানা গেছে।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন