প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
কক্সবাজার থেকে ঢাকায় আসার সময় বিমান বাংলাদেশ এয়ারলাইনসের একটি উড়োজাহাজের পেছনের চাকা উড্ডয়নের পর বিচ্ছিন্ন হয়ে পড়ে। পরবর্তীতে উড়োজাহাজটি হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে জরুরি অবতরণ করে। এই ঘটনার কারণে বিমানবন্দরের রানওয়ে প্রায় ৩০ মিনিটের জন্য বন্ধ রাখা হয়। তবে উড়োজাহাজে থাকা সকল যাত্রী ও ক্রু নিরাপদে রয়েছেন।
বিমানবন্দর ও এয়ার ট্রাফিক কন্ট্রোল (এটিসি) সূত্রে জানা যায়, কক্সবাজার থেকে ঢাকার উদ্দেশ্যে ছেড়ে আসা বিমান বাংলাদেশ এয়ারলাইনসের ফ্লাইট বিজি-৪৩৬-এর উড়োজাহাজটির একটি চাকা উড্ডয়নের পরপরই বিচ্ছিন্ন হয়ে যায়। উড়োজাহাজটির মডেল ড্যাশ-৮ কিউ ৪০০ এবং নিবন্ধন নম্বর এস২-একেই। চাকা বিচ্ছিন্ন হওয়ার বিষয়টি বুঝতে পেরে পাইলট ঢাকার টাওয়ারে জরুরি বার্তা পাঠান।
জরুরি অবতরণের আগে উড়োজাহাজটির জ্বালানি কমিয়ে ওজন হ্রাসের জন্য পাইলটকে আকাশে কিছুক্ষণ চক্কর দিতে হয়। ফ্লাইট ট্র্যাকিংয়ের তথ্য অনুযায়ী, উড়োজাহাজটি টাঙ্গাইলের নাগরপুর ও দেলদুয়ার এলাকার আকাশে কয়েকবার চক্কর দেয়। এ সময় এটি প্রায় ৬ হাজার ১০০ ফুট উচ্চতায় ঘণ্টায় ১৮৮ নট গতিতে উড়ছিল।
এদিকে উড়োজাহাজটির নিরাপদ অবতরণ নিশ্চিত করার জন্য হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে জরুরি প্রস্তুতি গ্রহণ করা হয়। সম্ভাব্য দুর্ঘটনা মোকাবিলায় রানওয়েতে ফায়ার সার্ভিস, অ্যাম্বুলেন্সসহ উদ্ধার ও জরুরি সেবার দল প্রস্তুত রাখা হয়। একই সঙ্গে রানওয়েতে অন্য উড়োজাহাজের ওঠানামা সাময়িকভাবে বন্ধ করে দেওয়া হয়।
ঢাকা টাওয়ারের তথ্য অনুযায়ী, বিকেল তিনটা থেকে সাড়ে তিনটা পর্যন্ত রানওয়ে বন্ধ ছিল। এ সময় বিমানবন্দরে উড়োজাহাজের উড্ডয়ন ও অবতরণ স্থগিত রাখা হয়।
পরে পাইলট উড়োজাহাজটি নিরাপদে অবতরণ করান। বিমান কর্তৃপক্ষের তথ্য অনুযায়ী, এ ঘটনায় কোনো যাত্রী বা ক্রু আহত হননি।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন