প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
মুন্সীগঞ্জের লৌহজং উপজেলার মাওয়া পুরাতন ঘাট সংলগ্ন পদ্মা সেতুর ৪ ও ৫ নম্বর পিলারের মধ্যবর্তী এলাকায় গোসল করতে নেমে দুই পর্যটক নিখোঁজ হয়ে গেছেন।
এই দুর্ঘটনাটি সোমবার দুপুর আড়াইটার দিকে ঘটে।
নিখোঁজ দুই ব্যক্তির মধ্যে একজন হলেন ঢাকার খিলগাঁও এলাকার বাসিন্দা মো. মারুফ এবং অন্যজন পটুয়াখালীর বাসিন্দা মো. রাসেল। উভয়েই ‘শরীফ ল্যান্ডমার্ক লিমিটেড’ নামক একটি বেসরকারি প্রতিষ্ঠানে কর্মরত ছিলেন।
স্থানীয় এবং পুলিশ সূত্রে জানা গেছে, ঢাকার শরীফ ল্যান্ডমার্ক লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক মাহাবুব আলম (৫০) এবং চেয়ারম্যান মাকসুদা আক্তারের (৪৫) নেতৃত্বে অফিস স্টাফসহ ৮ জনের একটি পর্যটক দল দুপুর ১টার দিকে মাওয়া পদ্মা সেতু এলাকায় ঘুরতে আসে। দলের অন্যান্য সদস্যদের মধ্যে ছিলেন—রাহাত (৩০), আবিদা আক্তার (২২), জুলেখা (১৬), বাবুল হোসেন (৪৫), শাকিল (২২), রাসেল এবং মারুফ।
ঘোরাঘুরির এক পর্যায়ে, দলটি চরের পথ ধরে হেঁটে হেঁটে পদ্মা সেতুর ৪ ও ৫ নম্বর পিলারের কাছে পৌঁছায় এবং সবাই একসঙ্গে নদীতে গোসল করতে নামে। কিছু সময় পর, নদীর তীব্র স্রোত ও গভীরতার কারণে পানির তোড়ে তলিয়ে গিয়ে মারুফ ও রাসেল নিখোঁজ হন। এ সময় সঙ্গে থাকা অন্য ছয়জন সাঁতরে নিরাপদে তীরে উঠতে সক্ষম হন।
ঘটনার সত্যতা নিশ্চিত করে মাওয়া নৌ পুলিশ এবং মুন্সীগঞ্জ ফায়ার সার্ভিস জানায়, দুর্ঘটনার খবর পাওয়ার পরই ডুবুরি দল ঘটনাস্থলে পৌঁছে পদ্মার বিভিন্ন পয়েন্টে উদ্ধার অভিযান শুরু করেছে।
মুন্সীগঞ্জ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের উপসহকারী পরিচালক মুহাম্মদ সফিকুল ইসলাম (পিএফএম) জানান, দুপুর ২টা ২০ মিনিটে দুর্ঘটনার খবর পেয়ে মুন্সীগঞ্জ ফায়ার স্টেশনের একটি ডুবুরি দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছে উদ্ধারকাজ শুরু করে। নিখোঁজ ব্যক্তিদের সন্ধান না পাওয়া পর্যন্ত ফায়ার সার্ভিসের এই তল্লাশি ও উদ্ধার কার্যক্রম অব্যাহত থাকবে।
নৌ পুলিশ জানিয়েছে, উদ্ধার অভিযান শেষ হলে পরবর্তীতে এ বিষয়ে বিস্তারিত তথ্য জানানো হবে।এমএইচ
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন