প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
ঝালকাঠির কাঠালিয়া উপজেলায় পরিবেশ আইন অমান্য করে অবৈধভাবে কার্যক্রম পরিচালনা করার অপরাধে ‘এম বি এফ মনিরা ব্রিক ফিল্ড’ নামক একটি ইটভাটায় অভিযান চালিয়েছে যৌথ প্রশাসন ও পরিবেশ অধিদপ্তর।
অভিযানকালে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন কাঠালিয়া উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সুমি রানী বল।
অভিযানে উপস্থিত ছিলেন পরিবেশ অধিদপ্তর ঝালকাঠি জেলা কার্যালয়ের সহকারী পরিচালক আনজুমান নেছা এবং বরিশাল বিভাগীয় কার্যালয়ের সহকারী পরিচালক সোহেল মাহমুদ। এছাড়াও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য ও পরিবেশ অধিদপ্তরের অন্যান্য কর্মকর্তারা অভিযানে সার্বিক সহযোগিতা প্রদান করেন।
সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, দীর্ঘদিন ধরে পরিবেশগত ছাড়পত্র ও প্রয়োজনীয় বৈধ কাগজপত্র ছাড়াই ইটভাটাটি তাদের কার্যক্রম পরিচালনা করে আসছিল। আবাসিক এলাকা ও ফসলি জমির সন্নিকটে ইটভাটাটি চলায় কৃষিজমির উর্বর মাটি নষ্ট হওয়ার পাশাপাশি স্থানীয় পরিবেশ ও বায়ু মারাত্মকভাবে দূষিত হচ্ছিল। এমন পরিস্থিতিতে গোপন সংবাদের ভিত্তিতে এবং স্থানীয় বাসিন্দাদের লিখিত অভিযোগের প্রেক্ষিতে এই অভিযান চালায় প্রশাসন।
অভিযান চলাকালে ভ্রাম্যমাণ আদালত ইটভাটাটির অবৈধ কার্যক্রম অবিলম্বে বন্ধের নির্দেশ দেয় এবং পরিবেশ সংরক্ষণ ও ইট প্রস্তুত আইন ভঙ্গের দায়ে সংশ্লিষ্ট ইটভাটা কর্তৃপক্ষকে নগদ টাকা জরিমানা অনাদায়ে আইনানুগ শাস্তির আওতায় আনে।
এ বিষয়ে স্থানীয় প্রশাসন ও পরিবেশ অধিদপ্তরের কর্মকর্তারা জানান, পরিবেশ রক্ষা ও ফসলি জমি সুরক্ষায় কাঠালিয়া উপজেলাসহ ঝালকাঠি জেলার যেকোনো স্থানে অবৈধভাবে গড়ে ওঠা ইটভাটার বিরুদ্ধে এ ধরনের কঠোর তদারকি ও অভিযান নিয়মিতভাবে অব্যাহত থাকবে।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন