প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
ফুটবল বিশ্বকাপে গ্রুপ ‘জি’ থেকে সেরা দল হিসেবেই নকআউট পর্ব নিশ্চিত করেছে বেলজিয়াম। গ্রুপ পর্বের প্রথম দুই খেলায় ড্র করার পর তৃতীয় এবং শেষ ম্যাচে আজ বেলজিয়াম নিউজিল্যান্ডকে ৫-১ গোলের বিশাল ব্যবধানে পরাজিত করেছে।
৩ ম্যাচে ১ জয় ও ২ ড্র’র ফলে ৫ পয়েন্ট নিয়ে টেবিলের শীর্ষে অবস্থান করায় নকআউটের টিকিট নিশ্চিত করে বেলজিয়াম। অপরদিকে ৩ ম্যাচে ১ ড্র ও ২ হারে ১ পয়েন্ট নিয়ে টেবিলের তলানিতে থেকে বিশ্বকাপের গ্রুপ পর্ব শেষ করলো নিউজিল্যান্ড।
ভ্যাঙ্কুভারে ম্যাচের শুরু থেকেই বল দখল ও আক্রমণে নিউজিল্যান্ডের বিরুদ্ধে চাপ তৈরি করে বেলজিয়াম। ১২ মিনিটের সময় বেলজিয়াম এগিয়ে যাওয়ার একটি ভালো সুযোগ পায়। কিন্তু স্ট্রাইকার লিনদ্রো ট্রসার্ডের শট নিউজিল্যান্ডের ডিফেন্ডার সুরমান গোললাইন থেকে ফিরিয়ে দেন।
২০ মিনিটে নিউজিল্যান্ডের সুরমানের হাতে বল লাগার কারণে বেলজিয়ামকে পেনাল্টি দেন রেফারি। তবে ভিডিও সহকারী রেফারির (ভিএআর) সাহায্যে রিপ্লে দেখে পেনাল্টিটি বাতিল করেন রেফারি।
তবে গোল করার জন্য বেলজিয়ামকে বেশিক্ষণ অপেক্ষা করতে হয়নি। ২৮ মিনিটে কর্নার থেকে আসা বল ক্লিয়ার করতে পারেননি নিউজিল্যান্ডের ডিফেন্ডার টাইলার বিনদোন। তার পায়ে লেগে গোলমুখে বল পেয়ে যান ট্রসার্ড। সহজেই তিনি বলকে জালে পাঠান। ফলে বেলজিয়াম ১-০ গোলে এগিয়ে যায় এবং এই লিড নিয়ে বিরতিতে যায়।
দ্বিতীয়ার্ধে আক্রমণের ধার আরও বৃদ্ধি করে নিউজিল্যান্ডের জালে আরও চারবার বল পাঠায় বেলজিয়াম। ৫০ মিনিটে ব্যবধান দ্বিগুণ করেন আর্সেনালের ট্রসার্ড। মাঝ মাঠ থেকে হান্স ভানাকানেকে বল দেন কেভিন ডি ব্রুইনা। ভানাকানে গোল মুখে শট নেন, কিন্তু নিউজিল্যান্ড গোলরক্ষক ক্রোকম্বে শট আটকান। ফিরতি বলটি নিয়ে ট্রসার্ড জালে পাঠান।
৬৬ মিনিটে বেলজিয়ামকে তৃতীয় গোল এনে দেন ডি ব্রুইনা। মধ্যমাঠ থেকে বল পেয়ে পেনাল্টি বক্সের বাইরে থেকে জোরালী ও নিচু শটে ক্রোকম্বকে পরাস্ত করে গোল করেন ডি ব্রুইনা। ৩-০ ব্যবধানে এগিয়ে যাবার ফলে বেলজিয়ামের জয়ধারাও শুরু হয়।
৮৪ মিনিটে নিউজিল্যান্ডের কাছে ব্যবধান কমে আসে। কর্নার থেকে আসা বল বেলজিয়ামের ডিফেন্ডাররা ঠিকভাবে ক্লিয়ার করতে পারে নি। বক্সের বাইরে বল পেয়ে জোরালো শটে গোল করেন এলিজা জাস্ট।
দুই মিনিট পর আবারও ব্যবধান বাড়ায় বেলজিয়াম। ৮৬ মিনিটে নিকোলাস রাসকিনের ক্রস থেকে হেড দিয়ে গোল করেন অভিজ্ঞ স্ট্রাইকার রোমেলু লুকাকু।
ইনজুরি সময়ে চতুর্থ মিনিটে নিউজিল্যান্ডের জালে পঞ্চমবার গোল করেন অ্যালেক্সিস সায়েলেমেকার্স। লুকাকুর পাস থেকে বল পেয়ে গোল করেন অ্যালেক্সিস। এর ফলে ৫-১ গোলের জয় নিয়ে মাঠ ছাড়ে রুডি গার্সিয়ার দল।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন