প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
স্বাস্থ্য প্রতিমন্ত্রী ড. এম এ মুহিত দেশের স্বাস্থ্যব্যবস্থাকে জাতীয় পর্যায় থেকে জেলা ও উপজেলা পর্যন্ত পুনর্গঠনে চিকিৎসকদের দক্ষতা, আধুনিক জ্ঞান এবং উন্নত চিকিৎসা সরঞ্জামের যথাযথ ব্যবহার নিশ্চিত করার প্রয়োজনীয়তার ওপর জোর দিয়েছেন। তিনি উল্লেখ করেন, "এসব দক্ষতা ও সম্পদের সঠিক প্রয়োগ দেশের বর্তমান স্বাস্থ্যব্যবস্থাকে শক্তিশালী করার পাশাপাশি ভবিষ্যতের জন্য আরও উন্নত করতে সহায়ক হবে।"
তিনি মঙ্গলবার (১৭ নভেম্বর) রাত ৮টায় রাজধানীর হোটেল ইন্টারকন্টিনেন্টালে ‘সোসাইটি অব ইনটেনসিভিস্ট বাংলাদেশ’-এর প্রথম আন্তর্জাতিক সম্মেলনে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখছিলেন।
স্বাস্থ্য প্রতিমন্ত্রী আরও বলেন, "জাতীয় পর্যায় থেকে শুরু করে জেলা ও উপজেলা পর্যায় পর্যন্ত আমাদের স্বাস্থ্যব্যবস্থা পুনর্গঠন করতে হবে। আমি নিশ্চিত, এ ক্ষেত্রে আপনাদের দক্ষতা, জ্ঞান এবং ব্যবহৃত সব সরঞ্জাম আমাদের বর্তমান স্বাস্থ্যব্যবস্থাকে শক্তিশালী করতে এবং ভবিষ্যতের জন্য আরও উন্নত করতে অত্যন্ত সহায়ক হবে।"
‘বাধাহীনভাবে নিবিড় পরিচর্যা সেবা সবার নাগালে পৌঁছে দেওয়া’ এই প্রতিপাদ্য নিয়ে ১৬ ও ১৭ নভেম্বর দুই দিনব্যাপী এ আন্তর্জাতিক সম্মেলনের আয়োজন করা হয়।
সম্মেলনে প্রধানমন্ত্রীর স্বাস্থ্যবিষয়ক বিশেষ সহকারী ড. এস এম জিয়াউদ্দিন হায়দার, সংসদ সদস্য মাহমুদা হাবিবা প্রমুখও বক্তব্য রাখেন।
অনুষ্ঠানে ‘ওয়ার্ল্ড ফেডারেশন অব ইনটেনসিভ অ্যান্ড ক্রিটিক্যাল কেয়ার’-এর প্রেসিডেন্ট ডা. হাভিয়ের পেরেজ ফার্নান্দেজসহ যুক্তরাষ্ট্র, ইউরোপ, এশিয়া-প্যাসিফিক অঞ্চল, ভারত, পাকিস্তান, শ্রীলঙ্কা, নেপাল ও সংযুক্ত আরব আমিরাতের ক্রিটিক্যাল কেয়ার সোসাইটির শীর্ষ নেতারা এবং বিশেষজ্ঞ চিকিৎসকরা অংশগ্রহণ করেন।
আয়োজক কমিটির পক্ষ থেকে জানানো হয়, উন্নয়নশীল দেশগুলোতে নিবিড় পরিচর্যা বা ক্রিটিক্যাল কেয়ার বিষয়ে গবেষণার সক্ষমতা বৃদ্ধি, তরুণ গবেষক তৈরি এবং বৈশ্বিক চিকিৎসানীতিতে উন্নয়নশীল দেশগুলোর অংশগ্রহণ নিশ্চিত করাই এ সম্মেলনের মূল লক্ষ্য।
সম্মেলনে এসআইবির সভাপতি ও সিবকন ২০২৬-এর আয়োজক কমিটির সভাপতি অধ্যাপক এ কে কামরুল হুদা এবং সংগঠনের উপদেষ্টা ও অর্গানাইজিং সেক্রেটারি অধ্যাপক মো. মোজাফফর হোসেনসহ দেশি-বিদেশি খ্যাতিমান চিকিৎসক, গবেষক ও নীতিনির্ধারকরা উপস্থিত ছিলেন।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন