প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
রাজধানীর কুড়িল বিশ্বরোড এলাকায় ছাতা মাথায় রেললাইন পার হওয়ার সময় ট্রেনের ধাক্কায় মো. রাকিবুল ইসলাম (২২) নামে এক যুবকের মৃত্যু ঘটেছে। পেশায় তিনি গার্মেন্টস কর্মী ছিলেন। রবিবার সকালে আনুমানিক সাড়ে ৬টার দিকে এ ঘটনা ঘটেছিল।
ঢামেক হাসপাতালে নিয়ে আসা পথচারী আবু রায়হান জানিয়েছেন, সকালে গুঁড়ি গুঁড়ি বৃষ্টি হচ্ছিল। সেই সময় রাকিব মাথায় ছাতা নিয়ে অসতর্কভাবে রেললাইন পার হচ্ছিলেন। মাথায় ছাতা থাকার কারণে সম্ভবত তিনি ট্রেনের হর্ণ বা শব্দ শুনতে পাননি। সে সময় বিমানবন্দরগামী একটি ট্রেনের ধাক্কায় রাস্তায় ছিটকে পড়ে গুরুতর আহত হন। পরে সেখান থেকে উদ্ধার করে প্রথমে স্থানীয় কুর্মিটোলা হাসপাতালে নেয়া হয়। পরে সেখান থেকে সকাল সাড়ে আটটার দিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে জরুরি বিভাগে নিয়ে আসার পর কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা শেষে তাকে মৃত ঘোষণা করেন।
পরিবারের বরাত দিয়ে পথচারী আরও জানিয়েছেন, মৃত রাকিব অনার্স (স্নাতক) সম্পন্ন করেছিলেন। ঢাকায় এসে গতকাল থেকে গাজীপুরে একটি গার্মেন্টসে চাকরি শুরু করেন। আজ ছিল তার চাকরির দ্বিতীয় দিন, সকালে কর্মস্থল গাজীপুরের উদ্দেশ্যে বাসা থেকে বের হয়েছিলেন।
ঢামেক পুলিশ ক্যাম্পের ইনচার্জ মো. ফারুক বলেছেন, মৃতদেহটি হাসপাতাল মর্গে রাখা হয়েছে এবং বিষয়টি সংশ্লিষ্ট রেলওয়ে থানায় অবগত করা হয়েছে। মৃত রাকিব ভোলা জেলার দৌলতখান থানার চর খলিফা গ্রামের প্রাইভেটকার চালক মো. মফিজুল ইসলামের ছেলে। তিনি কুড়াতলী এলাকায় পরিবারের সঙ্গে ভাড়া বাসায় থাকতেন এবং তিনি তিন ভাইয়ের মধ্যে বড় ছিলেন।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন