প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
রাজশাহী, ১৩ নভেম্বর, ২০২৬ : রাজশাহী সুগার মিল উত্তরবঙ্গের কৃষি ও গ্রামীণ অর্থনীতিতে একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে চলেছে। এই চিনিকলকে লাভজনক ও টেকসই করার জন্য আখের উৎপাদন বৃদ্ধি এবং কারখানার কারিগরি দক্ষতা নিশ্চিত করা আবশ্যক। কৃষক, শ্রমিক এবং চিনিকলের স্বার্থ রক্ষায় সমন্বিতভাবে কাজ করার প্রয়োজনীয়তার ওপর গুরুত্ব আরোপ করেছেন রাজশাহী-৩ আসনের সংসদ সদস্য ও পানি সম্পদবিষয়ক সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি মোহাম্মদ শফিকুল হক মিলন।
আজ বিকেলে রাজশাহী সুগার মিলস লিমিটেডের ২০২৬-২৭ অর্থবছরের ৬২তম আখমাড়াই মৌসুমের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে তিনি এসব মন্তব্য করেন। উৎসবমুখর পরিবেশে রাচিক কেইন কেরিয়ার প্রাঙ্গণে ডোঙ্গায় আখ নিক্ষেপের মাধ্যমে মাড়াই মৌসুমের উদ্বোধন করেন এমপি মিলন। চলতি মৌসুমে ৭০ হাজার মেট্রিক টন আখ মাড়াই করে ৩ হাজার ৭শ’ মেট্রিক টন চিনি উৎপাদনের লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছে মিল কর্তৃপক্ষ।
এমপি মিলন বলেন, রাজশাহী বিভাগের ভারী শিল্প হিসেবে পরিচিত এই চিনিকল উত্তরবঙ্গের কৃষি ও গ্রামীণ অর্থনীতিকে সচল রাখতে দীর্ঘদিন ধরে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে। চিনিশিল্পকে লাভজনক ও টেকসই করতে হলে কাঁচামাল অর্থাৎ আখের উৎপাদন বৃদ্ধি এবং মিলের কারিগরি দক্ষতা নিশ্চিত করার বিকল্প নেই। এই শিল্পের সঙ্গে জড়িত হাজারো কৃষক, শ্রমিক ও তাদের পরিবারের জীবন-জীবিকা। তাই চিনিকলের উন্নয়নের পাশাপাশি সংশ্লিষ্ট সবার স্বার্থ রক্ষা করা অত্যন্ত জরুরি।
শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ‘শেষ কাতারের সৈনিক’ হিসেবে উল্লেখ করে তিনি বলেন, ‘আমরা দেশপ্রেমিক নেতা তারেক রহমানের নির্দেশে কাজ করি। আমরা কোনো জেল-জুলুম, ফাঁসি বা মৃত্যুকে ভয় পাই না।’
রাজশাহী সুগার মিল কর্তৃপক্ষ জানায়, ২০২৫-২৬ রোপণ মৌসুমে মিলের অধীনে ৫ হাজার ৬১৯ জন নিবন্ধিত আখচাষী মোট ৫ হাজার ৫৪৪ একর জমিতে আখ আবাদ করেছেন। তাদের উৎপাদিত আখ দিয়ে চলতি মৌসুমের মাড়াই কার্যক্রম শুরু হয়েছে। নির্ধারিত লক্ষ্যমাত্রা অর্জিত হলে দেশের অর্থনীতিতে চিনি উৎপাদন গুরুত্বপূর্ণ অবদান রাখবে বলে আশা করছে কর্তৃপক্ষ।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন রাজশাহী সুগার মিলস লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক মাছুমা আক্তার জাহান। বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ চিনি ও খাদ্য শিল্প করপোরেশনের সচিব মো. মুজিবুর রহমান, যুগ্মসচিব মো. সাইফুর রহমান খান, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) বেলায়েত হোসেন এবং পবা উপজেলা বিএনপির আহ্বায়ক আলী হোসেন।
পরে আখচাষীদের হাতে পুরস্কার তুলে দেন মাছুমা আক্তার জাহান। মোনাজাতের মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি ঘটে। এতে চিনিকলের কর্মকর্তা-কর্মচারী, শ্রমিক ও স্থানীয় আখচাষীরা অংশগ্রহণ করেন।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন