প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
গাইবান্ধায় আর্জেন্টিনা সমর্থকদের একটি বিশাল মোটরসাইকেল শোভাযাত্রা বর্ণিল সাজে সজ্জিত হয়ে অনুষ্ঠিত হয়েছে।
শোভাযাত্রায় অংশগ্রহণকারী সহস্রাধিক সমর্থক আর্জেন্টিনার জার্সি ও পতাকা গায়ে জড়িয়ে সড়কগুলোতে নিজ দলের পক্ষে স্লোগান দিতে থাকেন।
মঙ্গলবার (১৬ জুন) বিকালে এই শোভাযাত্রাটি শহরের গাইবান্ধা ইসলামিয়া উচ্চ বিদ্যালয়ের মাঠ থেকে শুরু হয়ে শহর প্রদক্ষিণ করে এসে পুনরায় সেখানে গিয়ে শেষ হয়। এদিন দুপুর থেকে সমর্থকরা ওই বিদ্যালয়ের মাঠে জড়ো হতে থাকে। এর আগে সামাজিক যোগাযোগমাধ্যমে একটি ভিডিও বার্তা প্রকাশ করে সমর্থকদের নির্ধারিত সময় ও স্থানে উপস্থিত হওয়ার আহ্বান জানানো হয়েছিল।
শোভাযাত্রায় অংশগ্রহণকারী প্রত্যেকের পরনে ছিল আর্জেন্টিনা দলের জার্সি। তাদের হাতে ছিল দলের পতাকা। জেলার বিভিন্ন এলাকা থেকে মোটরসাইকেল নিয়ে প্রায় ৫ শতাধিক সমর্থক এতে অংশ গ্রহণ করেন।
আর্জেন্টিনা সমর্থকদের এই শোভাযাত্রা দেখতে বিভিন্ন বাজার ও সড়কে মানুষের ভিড় জমা হয়েছিল। বহু লোক হাততালি দিয়ে নিজেদের দলের সমর্থকদের উৎসাহ দিতে থাকেন।
আয়োজকদের একজন ইমাম হাসান আলাল জানান, “খেলাধুলা ও সংস্কৃতিচর্চার মাধ্যমে তরুণ প্রজন্মের মধ্যে সম্প্রীতি, সৌহার্দ্য ও ইতিবাচক বিনোদনের পরিবেশ গড়ে তোলাই হচ্ছে এ আয়োজনের মুল উদ্দেশ্য। আশা করি এবারও আর্জেন্টিনা বিশ্বচ্যাম্পিয়ন হবে।”
শোভাযাত্রায় অংশগ্রহণকারী আর্জেন্টিনার একনিষ্ঠ ভক্ত জাহাঙ্গীর আলম তার উচ্ছ্বাস প্রকাশ করে বলেন, “আর্জেন্টিনার শৈল্পিক ফুটবল আমাদের আকৃষ্ট করে। দীর্ঘ চার বছর পর পর এই আনন্দের মুহূর্ত আমাদের মাঝে ফিরে আসে। বিগত বিশ্বকাপেও আমরা এমন র্যালির আয়োজন করেছিলাম, এবারও করছি। পুরো জেলার মানুষ আমাদের এই শো-ডাউন উপভোগ করছে এবং উৎসাহ দিচ্ছে।”
অন্যদিকে, আরেক ভক্ত রোহিদ হাসান রিন্টু জানান, “আমরা কাপ বা ট্রফি দেখে আর্জেন্টিনাকে ভালোবাসিনি। আর্জেন্টিনা মানে আমাদের কাছে একটি আবেগের নাম, ভালোবাসার স্থান। মাঠে দলের হার কিংবা জিত যাই হোক না কেন, আমরা সবসময় আর্জেন্টিনার সাথেই আছি। তবে দলের বর্তমান যে পারফরম্যান্স, তাতে এবারও আর্জেন্টিনাই বিশ্বচ্যাম্পিয়ন হবে।”
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন