প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
রংপুরের গঙ্গাচড়ায় সাংবাদিক আব্দুল বারী দুলালের ওপর হামলার ঘটনায় দায়ের করা মামলার প্রধান আসামি আমানুজ্জামান আমানকে গ্রেপ্তার করেছে পুলিশ।
পুলিশ বুধবার সকাল ৯টার দিকে রংপুর মহানগরীর পরশুরাম থানার সাদাপীর এলাকার ‘ড্রিম টাচ’ নামের একটি ফুলের দোকান থেকে তাকে গ্রেপ্তার করে। গঙ্গাচড়া মডেল থানার ওসি আব্দুস সবুরের নেতৃত্বে পুলিশের একটি দল অভিযান চালিয়ে তাঁকে গ্রেপ্তার করে।
গ্রেপ্তার হওয়া আমানুজ্জামান আমানের বয়স ২৪ বছর। তিনি গঙ্গাচড়া উপজেলার গজঘণ্টা ইউনিয়নের উমর গ্রামের মৃত গোলজার হোসেনের ছেলে।
মামলা সূত্রে জানা যায়, গত ৩০ সেপ্টেম্বর গজঘণ্টা ইউনিয়নের উমর এলাকায় কৃষিজমি থেকে অবৈধভাবে বালু ও মাটি উত্তোলনের অভিযোগে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) অভিযান চালান। এ সময় অভিযানে ৩০ হাজার টাকা জরিমানা করা হয়। ওই অভিযানের সংবাদ প্রকাশের পর সাংবাদিক আব্দুল বারী দুলালকে হুমকি দেওয়া হচ্ছিল বলে অভিযোগ রয়েছে।
এরপর গত ২ অক্টোবর সন্ধ্যায় উমর বাজারে সাংবাদিক দুলালের পথরোধ করে হামলা চালান আসামিরা। হামলার সময় কয়েকজন তাঁর গলা চেপে ধরেন এবং হাত আটকে রাখেন। পরে ধারালো কুড়াল দিয়ে তাঁর মাথায় আঘাত করা হলে তিনি গুরুতর আহত হন। হামলাকারীরা তাঁর সঙ্গে থাকা ৩৫ হাজার টাকা ও একটি মুঠোফোন ছিনিয়ে নিয়ে পালিয়ে যান। পরে স্থানীয়রা তাঁকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করেন।
এ ঘটনায় গত ৪ অক্টোবর গঙ্গাচড়া মডেল থানায় সাংবাদিক আব্দুল বারী দুলাল হত্যাচেষ্টা মামলা করেন। মামলায় আমানুজ্জামান আমানসহ আটজনের নাম উল্লেখ করা হয়েছে। অজ্ঞাতনামা আরও কয়েকজনকে আসামি করা হয়েছে।
গঙ্গাচড়া মডেল থানার ওসি আব্দুস সবুর বলেন, "আমান এ মামলার এক নম্বর আসামি। দীর্ঘদিন পলাতক থাকার পর গোপন সংবাদের ভিত্তিতে তাঁর অবস্থান শনাক্ত করা হয়। পরে অভিযান চালিয়ে তাঁকে গ্রেপ্তার করা হয়েছে।"
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন