প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
ব্রাহ্মণবাড়িয়া, কিশোরগঞ্জ ও নেত্রকোণা জেলাকে সিলেট বিভাগের সঙ্গে যুক্ত করার প্রস্তাব দিয়েছেন সিলেটের কয়েকজন বাসিন্দা। একই সঙ্গে ভৌগোলিক অবস্থান ও প্রশাসনিক সুবিধা বিবেচনায় হবিগঞ্জকে সিলেট বিভাগের সদর দপ্তর করার প্রস্তাবও তুলেছেন তাঁরা।
সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে বিভিন্ন পোস্টের মাধ্যমে এসব প্রস্তাব তুলে ধরছেন সিলেটের কয়েকজন বাসিন্দা। ব্রাহ্মণবাড়িয়াকে কেন্দ্র করে নতুন বিভাগ গঠনের দাবি নিয়ে আলোচনা-সমালোচনার মধ্যেই বিকল্প এ প্রস্তাব সামনে এসেছে।
সামাজিক যোগাযোগমাধ্যমের পোস্টগুলোতে বলা হচ্ছে, ব্রাহ্মণবাড়িয়া, কিশোরগঞ্জ ও নেত্রকোণা জেলাকে সিলেট বিভাগের সঙ্গে যুক্ত করার বিষয়টি বিবেচনা করা যেতে পারে। তাঁদের মতে, এতে সিলেট বিভাগের আয়তন ও জেলা সংখ্যা বাড়ার পাশাপাশি প্রশাসনিক কাঠামো পুনর্বিন্যাসের সুযোগ তৈরি হবে।
পাশাপাশি বিভাগের সব জেলার ভৌগোলিক অবস্থান ও যোগাযোগব্যবস্থা বিবেচনায় হবিগঞ্জকে বিভাগীয় সদর দপ্তর করার প্রস্তাব দেওয়া হয়েছে। প্রস্তাবকারীদের দাবি, এতে বিভাগের বিভিন্ন জেলার মানুষের প্রশাসনিক ও নাগরিক সেবা গ্রহণ সহজ হতে পারে।
তাঁদের যুক্তি, ব্রাহ্মণবাড়িয়া ও কিশোরগঞ্জের কিছু এলাকার মানুষের জন্য বিভিন্ন প্রয়োজনে হবিগঞ্জ তুলনামূলক কাছের ও সুবিধাজনক গন্তব্য হতে পারে। তাই বিভাগীয় সদর দপ্তর নির্ধারণের ক্ষেত্রে আঞ্চলিক আবেগের পাশাপাশি ভৌগোলিক অবস্থান, যোগাযোগব্যবস্থা ও জনসাধারণের সুবিধাকে গুরুত্ব দেওয়া প্রয়োজন।
উল্লেখ্য, এর আগে ব্রাহ্মণবাড়িয়া, কিশোরগঞ্জ ও হবিগঞ্জ জেলা নিয়ে ‘ব্রাহ্মণবাড়িয়া বিভাগ’ গঠনের দাবি জানিয়েছিলেন ব্রাহ্মণবাড়িয়া জেলা বিএনপির সদস্য কবির আহমেদ ভূঁইয়া। তাঁর এ প্রস্তাব ঘিরে সামাজিক যোগাযোগমাধ্যমে আলোচনা-সমালোচনা চলছে।
এরই মধ্যে ব্রাহ্মণবাড়িয়াসহ তিন জেলাকে সিলেট বিভাগের সঙ্গে যুক্ত করার পাশাপাশি হবিগঞ্জকে বিভাগীয় সদর দপ্তর করার বিকল্প প্রস্তাব সামনে এসেছে। তবে এসব প্রস্তাব এখন পর্যন্ত সামাজিক যোগাযোগমাধ্যমে নাগরিকদের মতামত হিসেবেই উঠে এসেছে; কোনো সরকারি সিদ্ধান্ত বা আনুষ্ঠানিক প্রস্তাব হিসেবে নিশ্চিত নয়।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন