প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
নেত্রকোনার পূর্বধলা উপজেলার বড়রিয়া উচ্চ বিদ্যালয়ে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকের দায়িত্ব হস্তান্তরকে কেন্দ্র করে উত্তেজনা দেখা দিয়েছে। এ সিদ্ধান্তের প্রতিবাদে এডহক কমিটির সভাপতি মো. মিজানুর রহমান ও নবনিযুক্ত ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মো. এনামুল হক ওরফে বেলালের পদত্যাগ দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ করেছেন শিক্ষার্থী, সাবেক শিক্ষার্থী ও অভিভাবকদের একাংশ। এ সময় বিদ্যালয়ের অফিসকক্ষে তালা ঝুলিয়ে দেন বিক্ষুব্ধ শিক্ষার্থীরা।
রোববার (১ নভেম্বর) সকাল সাড়ে ১০টার দিকে উপজেলার বৈরাটি ইউনিয়নের বড়রিয়া উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। পরে শিক্ষার্থীরা বিক্ষোভ করেন। এ সময় বিদ্যালয় প্রাঙ্গণে উত্তেজনাকর পরিস্থিতির সৃষ্টি হয়। একপর্যায়ে শিক্ষার্থীরা বিদ্যালয়ের অফিসকক্ষে তালা ঝুলিয়ে দেন।
বিদ্যালয় সূত্রে জানা গেছে, সাবেক প্রধান শিক্ষকের শেষ কর্মদিবসের পর এডহক কমিটি ও সহকারী শিক্ষকদের মতামতের ভিত্তিতে মো. এনামুল হক ওরফে বেলালকে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকের দায়িত্ব দেওয়া হয়। তবে এ সিদ্ধান্তের বিরোধিতা করে আসছেন শিক্ষার্থী ও অভিভাবকদের একটি অংশ। তারা এ সিদ্ধান্ত বাতিলসহ এডহক কমিটির সভাপতি ও নবনিযুক্ত ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকের পদত্যাগ দাবি করছেন।
এ বিষয়ে এডহক কমিটির সভাপতি মো. মিজানুর রহমান অভিযোগ করে বলেন, আওয়ামী লীগ ও ছাত্রলীগের কিছু দুষ্কৃতকারী সাধারণ শিক্ষার্থীদের ভুল বুঝিয়ে বিদ্যালয়ে বিশৃঙ্খলা সৃষ্টি করছে। তার দাবি, শিক্ষকদের লাঞ্ছিত করা, আসবাবপত্র ভাঙচুর ও নির্বাচনী পরীক্ষা বন্ধ করে দেওয়ার ঘটনাও ঘটেছে। এ ঘটনায় তিনি থানায় লিখিত অভিযোগ দিয়েছেন।
পূর্বধলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল্লাহ আল মামুন বলেন, এ বিষয়ে একটি অভিযোগ পাওয়া গেছে। তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।
উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা আবু বকর সিদ্দিক বলেন, জ্যেষ্ঠ শিক্ষককে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকের দায়িত্ব দেওয়ার জন্য চিঠি পাঠানো হয়েছে।
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. শফিকুল ইসলাম বলেন, বিধি মোতাবেক প্রয়োজনীয় ব্যবস্থা নিতে উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসকে নির্দেশনা দেওয়া হয়েছে।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন