প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
বাংলাদেশের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের জ্যেষ্ঠ সচিব আবদুল খালেক চীনের ইউনান বিশ্ববিদ্যালয়ের সঙ্গে শিক্ষা, ভাষা, কারিগরি দক্ষতা ও গবেষণা সহ বিভিন্ন ক্ষেত্রে দ্বিপক্ষীয় সহযোগিতা সম্প্রসারণের বিষয়ে আলোচনা করেছেন।
চীনের কুনমিংয়ে ইউনান বিশ্ববিদ্যালয় পরিদর্শনকালে, বিশ্ববিদ্যালয়ের সভাপতি অধ্যাপক মা ওয়েনহুইয়ের সঙ্গে বৈঠকে এসব বিষয় নিয়ে আলোচনা হয়। বৈঠকে বাংলাদেশ এবং ইউনান বিশ্ববিদ্যালয়ের মধ্যে বিদ্যমান একাডেমিক সম্পর্ককে আরো শক্তিশালী করার ওপর গুরুত্বারোপ করা হয়। আজ মঙ্গলবার শিক্ষা মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য প্রকাশ করা হয়।
বৈঠকে অধ্যাপক মা ওয়েনহুই বাংলাদেশি শিক্ষার্থী ও শিক্ষকদের জন্য চীনা ভাষা প্রশিক্ষণ কর্মসূচি সম্প্রসারণের পাশাপাশি চীনা ভাষার সঙ্গে কারিগরি দক্ষতার সমন্বয়ে নতুন পাঠ্যক্রম চালুর বিষয়ে বিশ্ববিদ্যালয়ের প্রস্তুতির কথা জানান। তিনি শিক্ষা, চিকিৎসাবিজ্ঞান, জীববিজ্ঞান, পর্যটন, কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) এবং নৃবিজ্ঞানসহ বিভিন্ন ক্ষেত্রে দীর্ঘমেয়াদি সহযোগিতার কাঠামো গড়ে তোলার প্রস্তাবও দেন।
এছাড়া, দুই দেশের শিক্ষাপ্রতিষ্ঠানের মধ্যে যৌথ গবেষণাগার প্রতিষ্ঠা, সমন্বিত গবেষণা প্রকল্প গ্রহণ এবং গবেষক ও শিক্ষকদের মধ্যে সহযোগিতা বৃদ্ধির বিষয়েও আলোচনা অনুষ্ঠিত হয়।
বৈঠকে জ্যেষ্ঠ সচিব আবদুল খালেক ইউনান বিশ্ববিদ্যালয়ের সঙ্গে বাংলাদেশের দীর্ঘদিনের সৌহার্দ্যপূর্ণ একাডেমিক সম্পর্কের প্রশংসা করেন। তিনি উল্লেখ করেন, বাংলাদেশ মানসম্মত কারিগরি শিক্ষা ও চীনা ভাষা শিক্ষার প্রসারে বিশেষ গুরুত্ব দিচ্ছে। এ লক্ষ্য অর্জনে ইউনান বিশ্ববিদ্যালয়ের সঙ্গে সহযোগিতা আরো সম্প্রসারণের সুযোগ রয়েছে।
তিনি অধ্যাপক মা ওয়েনহুইকে বাংলাদেশ সফরের আমন্ত্রণ জানান এবং বাংলাদেশের শিক্ষাপ্রতিষ্ঠানগুলোর সঙ্গে শিক্ষা, দক্ষতা উন্নয়ন, গবেষণা ও অন্যান্য প্রাসঙ্গিক ক্ষেত্রে অংশীদারত্ব গড়ে তুলতে ইউনান বিশ্ববিদ্যালয়কে স্বাগত জানান।
আবদুল খালেক বলেন, প্রাতিষ্ঠানিক যোগাযোগ বৃদ্ধি, শিক্ষার্থী ও শিক্ষক বিনিময় কর্মসূচি এবং যৌথ প্রশিক্ষণ উদ্যোগ জোরদার করতে বাংলাদেশ আগ্রহী। তিনি আশা প্রকাশ করেন যে, প্রস্তাবিত সহযোগিতা কাঠামোর আওতায় যৌথ গবেষণা ও সক্ষমতা উন্নয়নমূলক কার্যক্রমে বাস্তব অগ্রগতি অর্জনের মাধ্যমে উভয় দেশের তরুণ শিক্ষার্থী ও গবেষকরা উপকৃত হবেন।
এর আগে, জ্যেষ্ঠ সচিব আবদুল খালেক ইউনান বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত একটি মাধ্যমিক বিদ্যালয় পরিদর্শন করেন। এ সময় তিনি চীনের মাধ্যমিক শিক্ষাব্যবস্থার পরিচালন কাঠামো, বিদ্যালয় ব্যবস্থাপনা ও শিক্ষাদান পদ্ধতি সম্পর্কে ধারণা লাভ করেন।
তিনি বাংলাদেশের মাধ্যমিক শিক্ষাব্যবস্থার উন্নয়নে চীনের অভিজ্ঞতা থেকে উপযোগী দিকগুলো কাজে লাগানোর আশাবাদ ব্যক্ত করেন।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন