প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
অর্থ আত্মসাৎ, অপচিকিৎসা ও ধর্মীয় অনুভূতির অপব্যবহারের অভিযোগে স্বঘোষিত ব্রহ্মচারী প্রবীর চৌধুরী ওরফে শান্তানন্দ এবং তাঁর সহযোগীদের গ্রেপ্তার ও বিচারের দাবিতে শেরপুরে মানববন্ধন করেছেন অভিযোগকারী ও ভুক্তভোগীরা।
বুধবার (১১ নভেম্বর) দুপুর ১২টার দিকে শেরপুর জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে জেলা পুরোহিত কল্যাণ পরিষদ ও সচেতন সমাজের উদ্যোগে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। এতে অভিযোগকারী ও ভুক্তভোগীসহ সনাতন ধর্মাবলম্বীদের একাংশের প্রায় শতাধিক মানুষ অংশ নেন। পরে তাঁরা জেলা পুলিশ সুপার বরাবর স্মারকলিপি দেন।
স্মারকলিপিতে অভিযোগ করা হয়, ২০১৫ সাল থেকে প্রবীর চৌধুরী সাধুর পোশাক ধারণ করে সাধারণ মানুষকে মানসিকভাবে প্রভাবিত করে আসছেন। ভুয়া দীক্ষা দেওয়া, অলৌকিকতার ভয় দেখিয়ে অর্থ আদায় এবং অপচিকিৎসার সঙ্গে জড়িত থাকার অভিযোগও তোলা হয় তাঁর বিরুদ্ধে।
এ ছাড়া বিভিন্ন মন্দিরের জায়গা দখলের চেষ্টা, চাঁদা দাবি, মিথ্যা মামলা দিয়ে হয়রানি এবং সামাজিক যোগাযোগ মাধ্যমে সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্টের ষড়যন্ত্রের অভিযোগও উল্লেখ করা হয়েছে স্মারকলিপিতে।
স্মারকলিপিতে আরও বলা হয়, এর আগে জেলা পূজা উদযাপন পরিষদ, জেলা পুরোহিত কল্যাণ পরিষদ ও স্থানীয় নেতৃবৃন্দের চাপে মুচলেকা দিয়ে তিনি শেরপুর ত্যাগ করেছিলেন। তবে সম্প্রতি সহযোগীদের নিয়ে আবারও এলাকায় অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টির চেষ্টা করছেন বলে অভিযোগ করেন স্মারকলিপি প্রদানকারীরা।
মানববন্ধনে বক্তারা বলেন, এসব অভিযোগের সুষ্ঠু তদন্ত করে প্রবীর চৌধুরী ও তাঁর সহযোগীদের দ্রুত গ্রেপ্তার করতে হবে। একই সঙ্গে তাঁদের আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করার পাশাপাশি প্রবীর চৌধুরীকে শেরপুর থেকে বহিষ্কারের দাবি জানান তাঁরা।
মানববন্ধনে পলাশ চৌধুরী, দিলীপ পোদ্দার, প্রতিমা দাস, আশীষ দেসহ সনাতন ধর্মাবলম্বীদের একাংশ এবং প্রায় শতাধিক অভিযোগকারী ও ভুক্তভোগী উপস্থিত ছিলেন।
তবে প্রবীর চৌধুরী ও তাঁর সহযোগীদের বিরুদ্ধে আনা এসব অভিযোগের বিষয়ে তাঁদের বক্তব্য পাওয়া যায়নি।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন