প্রিন্ট এর তারিখঃ ২৮শে অক্টোবর, ২০২৬ইং; ০৩:৩৩ এম || প্রকাশের তারিখঃ ৮ই অক্টোবর, ২০২৬ইং; ১১:২২ পি.এম
শুধু পাঠ্যবইয়ের জ্ঞান অর্জন করলেই হবে না নৈতিক মূল্যবোধ ও দেশপ্রেমে নিজেদের গড়ে তুলতে হবে: জনপ্রশাসন সচিব
নোয়াখালী সরকারি কলেজের একাদশ শ্রেণির নবীন বরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের জনপ্রশাসন মন্ত্রণালয়ের সচিব মোঃ কামারুজ্জামান চৌধুরী বলেছেন, আজকের শিক্ষার্থীরাই আগামী দিনের দেশ ও সমাজ পরিচালনার দায়িত্ব নেবে।শিক্ষার্থীদের শুধু পাঠ্যবইয়ের জ্ঞান অর্জন করলেই হবে না। নৈতিক মূল্যবোধ, মানবিকতা, শৃঙ্খলা ও দেশপ্রেমে নিজেদের গড়ে তুলতে হবে। মাদক, সন্ত্রাস ও কিশোর গ্যাংয়ের মতো অপরাধ থেকে শিক্ষার্থীদের দূরে রাখতে পরিবার, শিক্ষা প্রতিষ্ঠান ও সমাজের সবাইকে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে।
এছাড়াও তিনি বলেন, মাদক ও কিশোর গ্যাংয়ের ভয়াবহতা থেকে সমাজকে রক্ষা করতে সরকারের পাশাপাশি প্রত্যেক নাগরিককে দায়িত্বশীল ভূমিকা রাখার আহ্বানও জানান। শুধু আইনশৃঙ্খলা বাহিনীর অভিযান দিয়ে মাদক ও কিশোর অপরাধ নির্মূল করা সম্ভব নয়।
পরিবার, শিক্ষা প্রতিষ্ঠান, সামাজিক ও রাজনৈতিক সংগঠনসহ সর্বস্তরের মানুষের সম্মিলিত প্রচেষ্টায় গড়ে তুলতে হবে মাদক ও কিশোর গ্যাংমুক্ত সমাজ। মাদকের ভয়াবহ বিস্তার আর কিশোর গ্যাংয়ের দৌরাত্ম্য সমাজের জন্য হয়ে উঠছে বড় চ্যালেঞ্জ।মাদকাসক্তি শুধু একজন ব্যক্তির জীবনই ধ্বংস করে না, এর প্রভাব পড়ে পরিবার ও সমাজের ওপরও।
অন্যদিকে, বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ডে কিশোরদের জড়িয়ে পড়ার কারণে উদ্বেগ বাড়ছে অভিভাবক ও সাধারণ মানুষের মধ্যে।কিশোরদের অপরাধ থেকে দূরে রাখতে প্রয়োজন পরিবারে পর্যাপ্ত সময় দেওয়া, সন্তানদের চলাফেরা ও বন্ধু নির্বাচনের বিষয়ে সচেতন থাকা এবং তাদের নৈতিক ও মানবিক মূল্যবোধে গড়ে তোলা। একই সঙ্গে শিক্ষা প্রতিষ্ঠানেও নিয়মিত কাউন্সেলিং ও সচেতনতামূলক কার্যক্রম বাড়ানোর ওপর গুরুত্ব দেন তিনি।
বৃহস্পতিবার (৮ অক্টোবর) দুপুরে নোয়াখালী সরকারী কলেজে অধ্যক্ষ আবদুল জলিল অডিটোরিয়ামে ২০২৬-২৭ শিক্ষাবর্ষে ভর্তিকৃত একাদশ শ্রেণীর শিক্ষার্থীদের নবীনবরণ সাংস্কৃতিক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব মন্তব্য করেন তিনি।
নোয়াখালী সরকারী কলেজে অধ্যক্ষ প্রফেসর মনিরুল ইসলামের সভাপতিত্বে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক শফিকুল ইসলাম,পুলিশ সুপার এন.এম নাসিরুদ্দিন, কলেজের শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা, কর্মচারী সহ প্রমূখ
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন
কপিরাইট © ২০২৪-২৫ তালাশ বিডি.কম সর্বস্বত্ব সংরক্ষিত। || Design & Developed By "Talash BD Media Limited"