প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
বাংলাদেশে জ্যোতির্বিজ্ঞান চর্চা এবং বিজ্ঞানমনস্ক প্রজন্ম গড়ে তোলার লক্ষ্য নিয়ে বাংলাদেশ অ্যাস্ট্রোনমিক্যাল অ্যাসোসিয়েশনের আয়োজন ও রাজশাহী অ্যাস্ট্রোনমি সেন্টারের ব্যবস্থাপনায় ২১তম ইস্ট-ওয়েস্ট ইউনিভার্সিটি অ্যাস্ট্রো-অলিম্পিয়াড ২০২৬-এর রাজশাহী আঞ্চলিক প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার রাজশাহী কলেজের কলা ভবনের অডিটোরিয়ামে আয়োজিত এই প্রতিযোগিতায় রাজশাহী অঞ্চলের বিভিন্ন স্কুল ও কলেজের শিক্ষার্থীরা অংশগ্রহণ করেন। জুনিয়র (১৪-১৫ বছর) ও সিনিয়র (১৬-১৮ বছর)—এই দুটি বিভাগে অনুষ্ঠিত পরীক্ষায় প্রতিযোগীরা জ্যোতির্বিজ্ঞানের পাশাপাশি মহাকাশবিজ্ঞান এবং বৈজ্ঞানিক বিশ্লেষণধর্মী বিভিন্ন প্রশ্নের উত্তর প্রদান করেন।
প্রতিযোগিতা শেষে, সিনিয়র বিভাগ থেকে ১০ জন এবং জুনিয়র বিভাগ থেকে ১০ জনসহ মোট ২০ জন শিক্ষার্থী জাতীয় পর্যায়ের প্রতিযোগিতার জন্য নির্বাচিত হন।
অনুষ্ঠানের পর নির্বাচিত ও অংশগ্রহণকারী শিক্ষার্থীদের মধ্যে সনদপত্র এবং পুরস্কার বিতরণ করা হয়। এসময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটির উপ-উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ আশিক মোসাদ্দিক। তিনি শিক্ষার্থীদের বিজ্ঞানচর্চা, গবেষণামুখী চিন্তা এবং জ্যোতির্বিজ্ঞানের প্রতি আগ্রহ বৃদ্ধি করার ওপর গুরুত্বারোপ করেন।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহী অ্যাস্ট্রোনমি সেন্টারের সম্পাদক আননাবা কবীর প্রকৃতি, বাংলাদেশ অ্যাস্ট্রোনমিক্যাল অ্যাসোসিয়েশনের ঢাকা টিমের সাধারণ সম্পাদক জসিমউদ্দিন অর্ণব এবং অ্যাস্ট্রো-অলিম্পিয়াডের রাজশাহী আঞ্চলিক আয়োজক কমিটির সদস্য সচিব মো. হাসিবুল হাসনাত রিজভি।
বক্তারা বক্তব্যে বলেন, জ্যোতির্বিজ্ঞান কেবল মহাকাশ সম্পর্কে জানার সুযোগই সৃষ্টি করে না, বরং শিক্ষার্থীদের যুক্তিবাদী চিন্তা, সমস্যা সমাধানের দক্ষতা এবং বৈজ্ঞানিক মনন বিকাশেও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। তারা ভবিষ্যতে আরও অধিক শিক্ষার্থীকে বিজ্ঞানভিত্তিক কর্মকাণ্ডে সম্পৃক্ত করার ওপর গুরুত্বারোপ করেন।
অলিম্পিয়াডের রাজশাহী আঞ্চলিক আয়োজক কমিটির আহ্বায়ক আতিকুর রহমান আতিক বলেন, “অ্যাস্ট্রো-অলিম্পিয়াডের মাধ্যমে নতুন প্রজন্মের মধ্যে বিজ্ঞানচর্চার আগ্রহ সৃষ্টি, অনুসন্ধিৎসু ও উদ্ভাবনী প্রজন্ম ও বিজ্ঞানমনস্ক জাতি গঠনই আমাদের লক্ষ্য। রাজশাহীর শিক্ষার্থীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ আমাদের অনুপ্রাণিত করেছে। আমরা চাই তারা আন্তর্জাতিক মানের জ্যোতির্বিজ্ঞান ও মহাকাশবিজ্ঞান চর্চায় আরও এগিয়ে যাক। আজকের অংশগ্রহণকারীরাই আগামী দিনের বিজ্ঞানী, গবেষক এবং উদ্ভাবক।”
রাজশাহী অ্যাস্ট্রোনমি সেন্টার এই আয়োজন সফল করতে সহযোগিতাকারী রাজশাহী কলেজ, শিক্ষক, স্বেচ্ছাসেবক, অভিভাবক ও অংশগ্রহণকারী শিক্ষার্থীদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছে। পাশাপাশি জাতীয় পর্যায়ের প্রতিযোগিতায় নির্বাচিত শিক্ষার্থীদের শুভেচ্ছা ও সাফল্য কামনা করা হয়েছে।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন