প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
বাংলাদেশ চা শ্রমিক ইউনিয়নের পঞ্চায়েত কমিটির নির্বাচন দীর্ঘ আট বছর পর অনুষ্ঠিত হতে যাচ্ছে। এই নির্বাচন আগামী ২৮ নভেম্বর শনিবার অনুষ্ঠিত হবে।
হবিগঞ্জের মাধবপুর উপজেলার পাঁচটি চা বাগানে নির্বাচনকে কেন্দ্র করে উৎসবমুখর পরিবেশ বিরাজ করছে। ইতোমধ্যে প্রার্থীদের মধ্যে প্রতীক বরাদ্দ সম্পন্ন হয়েছে এবং প্রচার-প্রচারণা শুরু হয়ে গেছে। চা বাগানের পাড়ায় পাড়ায় সভা, সমাবেশ, মিছিল ও গণসংযোগ অনুষ্ঠিত হচ্ছে। প্রার্থীরা চা শ্রমিকদের দ্বারেদ্বারে গিয়ে তাদের মন জয় করার চেষ্টা করছেন। উপজেলা নির্বাচন কার্যালয় সূত্রে জানা যায়, মাধবপুর উপজেলার পাঁচটি চা বাগানের সাতটি পঞ্চায়েত কমিটির ১০৫টি পদের বিপরীতে ২১টি প্যানেলে মোট ৩১৫ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। এই নির্বাচনে মোট ভোটার রয়েছেন ৪ হাজার ৯১৪ জন।
তেলিয়াপাড়া চা বাগান পঞ্চায়েত কমিটির ১৫টি পদের বিপরীতে তিনটি প্যানেলে ৪৫ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। এই বাগানে ভোটার সংখ্যা ৭৫৫ জন। সুরমা চা বাগানের তিনটি পঞ্চায়েত কমিটির ৪৫টি পদের বিপরীতে নয়টি প্যানেলে ১৩৫ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। এখানে মোট ভোটার ২ হাজার ১২৪ জন।
নয়াপাড়া চা বাগানে ১৫টি পদের বিপরীতে চারটি প্যানেলে ৬০ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন, যেখানে ভোটার সংখ্যা ৮৫০ জন। বৈকুণ্ঠপুর চা বাগানে ১৫টি পদের বিপরীতে দুটি প্যানেলে ৩০ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন, এবং ভোটার ৩৮৬ জন। অন্যদিকে, জগদীশপুর চা বাগানে ১৫টি পদের বিপরীতে তিনটি প্যানেলে ৪৫ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন, যেখানে ভোটার সংখ্যা ৭৯৯ জন।
প্রতীক বরাদ্দের পর থেকে প্রার্থীরা পোস্টার, ব্যানার ও লিফলেট নিয়ে ভোটারদের দ্বারে দ্বারে যাচ্ছেন। পাশাপাশি মিছিল ও সভা-সমাবেশের মাধ্যমে নিজ নিজ প্যানেলের পক্ষে সমর্থন আদায়ের চেষ্টা করছেন।
জগদীশপুর চা বাগানের পলাশ কুর্মী মন্তব্য করেন, "দীর্ঘ আট বছর পর পঞ্চায়েত কমিটির নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে। ভোট দেওয়ার জন্য আমরা আগ্রহ নিয়ে অপেক্ষা করছি।" সুরমা চা বাগানের প্রদীপ কৈরি জানান, "দীর্ঘদিন ধরে চা শ্রমিকরা নির্বাচনের দাবি জানিয়ে আসছিলেন। অনেক দিন পর নিজেদের প্রতিনিধি নির্বাচিত করতে পারবেন, এ কারণে চা শ্রমিকরা আনন্দিত।" মাধবপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. সোহেল রানা বলেন, "শান্তিপূর্ণ পরিবেশে প্রার্থীরা প্রচার-প্রচারণা চালাচ্ছেন।" নির্বাচনকে কেন্দ্র করে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। উপজেলা নির্বাহী কর্মকর্তা ও সহকারী রিটার্নিং কর্মকর্তা মো. মেহেদী হাসান জানান, "উপজেলার পাঁচটি চা বাগানের সাতটি পঞ্চায়েত কমিটি গঠনের লক্ষ্যে আগামী ২৮ নভেম্বর নির্বাচন অনুষ্ঠিত হবে।" সংশ্লিষ্ট সব পক্ষ আইনের প্রতি শ্রদ্ধাশীল থেকে শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে প্রচার-প্রচারণা চালাচ্ছেন।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন