প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
শেরপুরের নকলায় সিএনজি চালিত অটোরিকশা ও ভটভটির মুখোমুখি সংঘর্ষের ফলে মায়ের কোল থেকে ছিটকে পড়ে ১৭ মাস বয়সী এক শিশু নিহত হয়েছে, যার নাম মুজাহিদুল ইসলাম। ঘটনার সময় শিশুটির বাবা-মা সহ আরও পাঁচজন আহত হন।
ঘটনাটি ঘটে বৃহস্পতিবার (৬ আগস্ট) রাত সাড়ে ৭টার দিকে উপজেলার নকলা ইউনিয়নের ধনাকুশা এলাকায়।
নিহত মুজাহিদুল ইসলাম স্থানীয় বাসিন্দা মনিরুল ইসলাম ও নিলুফা ইয়াসমিনের ছেলে।
পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, বৃহস্পতিবার রাতে সিএনজি চালিত অটোরিকশা ও ভটভটির মধ্যে মুখোমুখি সংঘর্ষের ঘটনা ঘটে। সেই সময় মায়ের কোলে থাকা শিশু মুজাহিদুল ইসলাম ছিটকে পড়ে সড়কে আঘাত প্রাপ্ত হয়।
স্থানীয়রা তাকে উদ্ধার করে নকলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে ডাক্তার মঞ্জুরুল ইসলাম শিশুটিকে মৃত ঘোষণা করেন।
এ ঘটনায় সিএনজিতে থাকা নাহিদ হাসান (১৫) এবং জাহানারা বেগম (৫৫) গুরুতর আহত হন। তাদের উন্নত চিকিৎসার জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। এছাড়া নিহত শিশুর মা নিলুফা ইয়াসমিন (২৫), বাবা মনিরুল ইসলাম (৩০) এবং অপর একজন ফুরকান হামিদ (৩০) আহত হয়েছেন, তাদের প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।
শিশুটির বাবা মনিরুল ইসলাম কান্নাজড়িত কণ্ঠে বলেন, 'আমার বোনের নাতি দেখতে গিয়ে ফেরার পথে ধনাকুশা এলাকায় মায়ের কোল থেকে ছিটকে পড়ে আমার ছেলেটা মারা গেছে। দুই মাইয়্যার পর আল্লাহর রহমতে এক ছেলে দিয়েছিল আমাকে। আজ আমার একমাত্র বুকের ধন মুজাহিদ নেই। আমি কি বিচার পামু?'
নকলা থানার উপ-পরিদর্শক (এসআই) লোকমান হোসেন জানান, দুর্ঘটনায় নিহত শিশুর মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে যাওয়া হয়েছে। সুরতহাল প্রতিবেদন তৈরির কাজ চলছে। দুর্ঘটনাকবলিত সিএনজি ও ভটভটি জব্দ করে থানায় রাখা হয়েছে।
এদিকে, নকলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রিপন চন্দ্র গোপ বলেন, বৃহস্পতিবার রাত সাড়ে ৭টার দিকে ধনাকুশা বাজারের সামনে সড়ক দুর্ঘটনায় ১৭ মাস বয়সী এক শিশু মারা গেছে। এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন