প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
ঢাকা, ১৬ সেপ্টেম্বর, ২০২৬ : বাংলাদেশে নিযুক্ত ব্রিটিশ হাইকমিশনার সারাহ কুক রাজশাহী ও নাটোরে প্রাণ-আরএফএল গ্রুপের কারখানা পরিদর্শন করেছেন। বুধবার তিনি রাজশাহীর শ্যামপুরে অবস্থিত রাজশাহী প্রোডাক্ট লিমিটেড এবং নাটোরের প্রাণ এগ্রো লিমিটেড কারখানায় যান।
প্রাণ-আরএফএল গ্রুপের পরিচালক (কর্পোরেট ফাইন্যান্স) উজমা চৌধুরী ব্রিটিশ হাইকমিশনারকে কারখানায় স্বাগত জানান। তিনি ব্রিটিশ হাইকমিশনারকে প্রাণ-আরএফএল গ্রুপের পণ্য উৎপাদন, দেশীয় বাজারে বিপণন এবং আন্তর্জাতিক বাজারে রপ্তানি কার্যক্রমের বিষয়ে বিস্তারিত তথ্য প্রদান করেন।
পরে, ব্রিটিশ হাইকমিশনার রাজশাহী প্রোডাক্ট লিমিটেড কারখানা পরিদর্শন করেন, যা সম্প্রতি সরকারের কাছ থেকে লিজ নিয়ে প্রাণ-আরএফএল গ্রুপ পরিচালনা করছে। সেখানে তিনি জুতা, তাবু ও ছাতা উৎপাদনের প্রক্রিয়া পর্যবেক্ষণ করেন।
এরপর, নাটোরের প্রাণ এগ্রো লিমিটেড কারখানায় তিনি নুডলস, সস, মশলাসহ বিভিন্ন খাদ্যপণ্য উৎপাদনের প্রক্রিয়া দেখেন। এ সময় তিনি কারখানা প্রাঙ্গনে একটি বৃক্ষরোপণ করেন।
পরিদর্শনকালে ব্রিটিশ হাইকমিশনার প্রাণ-আরএফএল গ্রুপের আধুনিক উৎপাদন ব্যবস্থা, প্রযুক্তির ব্যবহার এবং পণ্যের বৈচিত্র্য দেখে প্রশংসা করেন। তিনি বাংলাদেশ ও যুক্তরাজ্যের মধ্যে বাণিজ্য ও বিনিয়োগ সম্পর্কের সম্প্রসারণের সম্ভাবনা নিয়েও আলোচনা করেন।
সারাহ কুক মন্তব্য করেন, ‘যুক্তরাজ্য ও বাংলাদেশের মধ্যে একটি শক্তিশালী ও ক্রমবর্ধমান বাণিজ্য ও বিনিয়োগ সম্পর্ক বিদ্যমান। প্রাণ-আরএফএল এর মতো বাংলাদেশী প্রতিষ্ঠানগুলো সফলভাবে যুক্তরাজ্যসহ আন্তর্জাতিক বাজারে তাদের কার্যক্রম সম্প্রসারণ করছে, যা অত্যন্ত উৎসাহবাঞ্জক। উৎপাদন ও কৃষিপণ্য প্রক্রিয়াজাতকরণে বাংলাদেশের দারুণ সক্ষমতা রয়েছে এবং প্রচলিত খাতের বাইরে আরও বিস্তৃত পরিসরে রপ্তানি বৃদ্ধির ব্যাপক সুযোগ রয়েছে।’
তিনি আরও বলেন, ‘যুক্তরাজ্যের ডেভলপিং কান্ট্রিজ ট্রেডিং স্কিম (ডিসিটিএস) বাংলাদেশি ব্যবসায়ীদের জন্য উদার বাণিজ্য সুবিধা এবং তুলনামূলক সহজ প্রবেশাধিকার প্রদান করে। এর মাধ্যমে স্বল্পোন্নত দেশের (এলডিসি) তালিকা থেকে বাংলাদেশের উত্তরণের পরও আরও বেশি বাংলাদেশি প্রতিষ্ঠান যুক্তরাজ্যের বাজারে প্রবেশের সুযোগ পাবে। উভয় দেশের ব্যবসায়ীদের নতুন বাণিজ্য ও বিনিয়োগের সুযোগ চিহ্নিত করা এবং দীর্ঘমেয়াদী বাণিজ্যিক অংশীদারত্ব গড়ে তুলতে যুক্তরাজ্য আরও ঘনিষ্ঠ বাণিজ্য ও বিনিয়োগ সম্পর্ক প্রতিষ্ঠায় প্রতিশ্রুতিবদ্ধ।’
প্রাণ-আরএফএল গ্রুপের পরিচালক (কর্পোরেট ফাইন্যান্স) উজমা চৌধুরী জানান, ব্রিটেনের বাজারে তাদের খাদ্যপণ্যের জন্য একটি ভালো বাজার তৈরি হয়েছে। তারা সেখানে ফুটওয়্যার, কনটেইনার, বাইসাইকেলসহ বিভিন্ন পণ্য রপ্তানি করছে। একই সঙ্গে যুক্তরাজ্যের বিভিন্ন প্রতিষ্ঠানের বাংলাদেশেও বিনিয়োগ রয়েছে। তিনি মনে করেন, দুদেশের পারস্পারিক সম্পর্ক আরও জোরদার হলে বাণিজ্য ও বিনিয়োগের ক্ষেত্রে নতুন নতুন সুযোগ সৃষ্টি হবে।
ব্রিটিশ হাইকমিশনারের নেতৃত্বাধীন প্রতিনিধিদলে ট্রেড পলিসি ম্যানেজার শাহরুফ শাকির, ট্রেড এন্ড ইনভেস্টমেন্ট ম্যানেজার সৈয়দ হাবিবুর রহমানসহ হাইকমিশনের অন্যান্য কর্মকর্তারাও উপস্থিত ছিলেন।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন