প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
ময়মনসিংহের গৌরীপুর উপজেলায় বৈদ্যুতিক খুঁটিতে কাজ করার সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মাসুদ করিম বাবু (৩০) নামে একজন ইলেক্ট্রিশিয়ানের মৃত্যু হয়েছে। এই ঘটনাটি ঘটেছে মঙ্গলবার ১৬ জুন দিবাগত রাত আনুমানিক সাড়ে ১২টার দিকে উপজেলার পৌর শহরের বালুয়াপাড়া মোড়ে। নিহত মাসুদ করিম বাবু পূর্ব ভালুকা এলাকার মৃত আব্দুস সালামের বড় ছেলে ছিলেন।
স্থানীয় সূত্রে জানা যায়, মাসুদ করিম বাবু রাতের বেলায় বৈদ্যুতিক লাইনে কাজ করার সময় অসর্তকতায় বিদ্যুতায়িত হয়ে খুঁটি থেকে নিচে পড়ে যান এবং গুরুতরভাবে আহত হন। স্থানীয়রা তৎক্ষণাত তাকে উদ্ধার করে গৌরীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। হাসপাতালে কর্তব্যরত চিকিৎসক ডা. লামিয়া ইসলাম জ্যুতি তার শারীরিক অবস্থা দেখে আশঙ্কাজনক মনে করে তাকে উন্নত চিকিৎসার জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করেন। চিকিৎসাধীনে থাকা অবস্থায় রাত আনুমানিক ২টার দিকে তার মৃত্যু ঘটে।
এদিকে, এই দুর্ঘটনার সময় সহকর্মী মো. খায়রুল মিয়া মাসুদকে খুঁটি থেকে পড়ে যেতে দেখে মানসিকভাবে ভেঙে পড়েন এবং এরপর অসুস্থ হয়ে পড়লে তাকে গৌরীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়।
গৌরীপুর পিডিবির আবাসিক প্রকৌশলী লিটন মজুমদার বলেন, "আমাদের অচিন্তপুর ফিডার ও খেলারমাঠ ফিডার বন্ধ ছিল। তবে ১১ হাজার ভোল্টের কোনো একটি লাইনে সম্ভবত লিকেজের কারণে বিদ্যুতের ফিডব্যাক হয়েছে। বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে।" মৃত মাসুদ করিম বাবু গৌরীপুর পিডিবির নিয়োগপ্রাপ্ত ইলেকট্রিশিয়ান না হওয়া সত্ত্বেও কেন তাকে বৈদ্যুতিক খুঁটিতে কাজ করতে দেওয়া হয়েছিল—জানতে চাইলে তিনি বলেন, "নিহত মাসুদ করিম বাবু আমাদের স্থায়ী বা নিয়োগপ্রাপ্ত ইলেকট্রিশিয়ান ছিলেন না। তবে নিজস্ব লাইনম্যানের সংকট হলে প্রয়োজনের সময় তারা লাইনে কাজ করেন।"
গৌরীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হাবিবুর রহমান বলেন, "এ ঘটনায় এখন পর্যন্ত থানায় কোনো অভিযোগ পাওয়া যায়নি। নিহতের মরদেহ বর্তমানে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে মর্গে রয়েছে। ময়নাতদন্তের প্রক্রিয়া চলছে এবং পরবর্তী আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।"
এই ঘটনার পর পুরো এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। পাশাপাশি ফিডার বন্ধ থাকার পরও কীভাবে বিদ্যুৎ প্রবাহিত হলো, তা নিয়ে স্থানীয়দের মাঝে নানা প্রশ্ন উঠেছে।
এদিকে, মাসুদ করিম বাবুর মৃত্যুর পর সুষ্ঠু তদন্ত এবং দায়ীদের শাস্তির দাবিতে বুধবার দুপুরে পৌর শহরে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়। মিছিল শেষে গৌরীপুর থানায় অবস্থান নিয়ে বিদ্যুৎ সহকারী আবাসিক প্রকৌশলী মোঃ আল আমিনের ফাঁসি দাবি করে ভারপ্রাপ্ত কর্মকর্তার বরাবর স্বারকলিপি প্রদান করে এলাকার জনগণ।
এ বিষয়ে সহকারী প্রকৌশলী মোঃ আল আমিনের সাথে কথা বলতে চাইলে তাকে ফোনে এবং অফিসে পাওয়া যায়নি।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন