প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
বাগানের প্রতিটি কোণে উৎসবের পরিবেশ বিরাজমান। প্রার্থীরা ভোটের জন্য সমর্থন আদায়ে ব্যস্ত সময় কাটাচ্ছেন। দীর্ঘ আট বছরের বিরতির পর আগামীকাল শনিবার (২৮ নভেম্বর) বাংলাদেশ চা শ্রমিক ইউনিয়নের নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে। নতুন নেতৃত্ব নির্বাচনের জন্য সারা দেশের লক্ষাধিক চা শ্রমিক ভোটকেন্দ্রে উপস্থিত হচ্ছেন। স্থানীয় প্রশাসন ভোটগ্রহণকে অবাধ ও শান্তিপূর্ণ করতে সকল প্রস্তুতি সম্পন্ন করেছে। এ বিষয়ে দায়িত্বপ্রাপ্তদের ব্রিফিংও করা হয়েছে।
১৫ নভেম্বর প্রতীক বরাদ্দের পর থেকেই চা-বাগান, কারখানা ও শ্রমিক লাইনগুলো উঠান বৈঠক, সভা ও মিছিলে মুখরিত হয়ে উঠেছে। প্রার্থীরা বাগানে বাগানে ঘুরে শ্রমিকদের সঙ্গে আলোচনা করছেন এবং নিজেদের নির্বাচনী ইশতেহার তুলে ধরছেন। নির্বাচনের আবহে বাগানগুলোতে পরিবর্তনের হাওয়া বইছে। তবে উৎসবমুখর এই প্রচারণার আড়ালে শ্রমিকদের মৌলিক অধিকারের চেয়ে প্রার্থীদের রাজনৈতিক ‘ট্যাগ’ দেওয়ার প্রবণতা নিয়ে সাধারণ ভোটারদের মধ্যে ক্ষোভ প্রকাশ পেয়েছে।
নির্বাচন-সংশ্লিষ্ট সূত্র জানাচ্ছে, সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত পাঁচটি জেলার ২০টি উপজেলার ২৩০টি চা-বাগান ও কেন্দ্রে একযোগে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। এতে প্রায় ১ লাখ ৪৫ হাজার ভোটার অংশগ্রহণ করবেন। ৩০ সদস্যের কেন্দ্রীয় কমিটির সভাপতি ও সাধারণ সম্পাদকসহ সাতটি ভ্যালি এবং বাগানভিত্তিক পঞ্চায়েত পর্যায়ে ৬০০-এর বেশি প্যানেলে প্রায় ৭ হাজার প্রার্থী নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছেন।
মৌলভীবাজার জেলার সাতটি উপজেলার অধীনে মোট ১৩৫টি পঞ্চায়েতে এবার ৬০ হাজার ৪৮২ জন চা শ্রমিক ভোটাধিকার প্রয়োগ করবেন। এর মধ্যে শ্রীমঙ্গল উপজেলায় ৪০টি পঞ্চায়েতে সর্বাধিক ১৮ হাজার ৮২২ জন, কমলগঞ্জে ২৩টি পঞ্চায়েতে ১৪ হাজার ৪৩০ জন, কুলাউড়ায় ২২টি পঞ্চায়েতে ৮ হাজার ৬৫৬ জন, জুড়ীতে ১৬টি পঞ্চায়েতে ৭ হাজার ৮৪৯ জন, রাজনগরে ১৩টি পঞ্চায়েতে ৫ হাজার ৭৫২ জন, বড়লেখায় ১৮টি পঞ্চায়েতে ৩ হাজার ৮১৭ জন এবং মৌলভীবাজার সদর উপজেলায় ৩টি পঞ্চায়েতে ১ হাজার ১৫৬ জন ভোটার রয়েছেন।
কমলগঞ্জের মাধবপুর চা-বাগানের প্রবীণ শ্রমিক রবিদাস গোয়ালা মন্তব্য করেন, আট বছর পর ভোটের সুযোগ পেয়ে তিনি অত্যন্ত খুশি; বাগানে ঈদ-পূজার মতো আনন্দের পরিবেশ বিরাজ করছে। তিনি বলেন, "নেতা এমন হোক, যারা সারা বছর শ্রমিকদের পাশে থাকবেন।"
কানিহাটি চা-বাগানের তরুণ শ্রমিক নেতা সৌরভ বিন জানান, দীর্ঘদিন নির্বাচন না হওয়ায় অনেক দাবি অমীমাংসিত রয়ে গেছে। তিনি বলেন, "শিক্ষিত ও সৎ তরুণ নেতৃত্ব আসুক, যারা মালিকপক্ষের সঙ্গে দাঁড়িয়ে ন্যায্য অধিকার আদায় করতে পারবেন।"
কুলাউড়ার গাজীপুর চা-বাগানের নারী শ্রমিক মালতী নায়েক জানান, দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতিতে বর্তমান মজুরিতে সংসার চালানো কঠিন হয়ে পড়েছে। নতুন নেতৃত্বের কাছে প্রধান দাবি হল ন্যায্য মজুরি ও রেশন বৃদ্ধি, পাশাপাশি নারী শ্রমিকদের স্বাস্থ্যসেবা ও মাতৃত্বকালীন সুবিধা।
শ্রীমঙ্গলের ভাড়াউড়া চা-বাগানের শ্রমিক কার্তিক বাউরি জানান, বাগানে বাসস্থান ও বিশুদ্ধ পানির সংকট দীর্ঘদিনের। তিনি বলেন, "যারা এসব সমস্যা সমাধানে আন্তরিক হবেন, তাদেরই ভোট দেবেন তারা।"
শ্রমিকেরা আশা করছেন, মজুরি নির্ধারণে মালিকপক্ষ ও ইউনিয়নের মধ্যে দ্বিপক্ষীয় আলোচনার ব্যবস্থা আবার চালু হবে এবং নতুন নেতৃত্ব এ ক্ষেত্রে আরো দক্ষতার পরিচয় দেবে।
ইউনিয়নের সাবেক সাধারণ সম্পাদক রামভজন কৈরি মন্তব্য করেন, সরকারি সহায়তায় শ্রমিকেরা গোপন ব্যালটে ভোট দিতে পারছেন, এটি একটি ইতিবাচক বিষয়। তবে তিনি বলেন, ইউনিয়ন যেন নিজেই নির্বাচন আয়োজনের সক্ষমতা অর্জন করে, যাতে প্রতি তিন বছর পরপর নিয়মিত নির্বাচন সম্ভব হয়।
কমলগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার ও সহকারী রিটার্নিং অফিসার সন্দীপ তালুকদার জানান, নির্বাচনের সকল প্রস্তুতি সম্পন্ন হয়েছে।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন