প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
কাতার, ওমান, কুয়েত, সংযুক্ত আরব আমিরাত, বাহরাইন এবং জর্ডানের ওপর ইরানের দ্বারা চালানো ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলার জন্য আরব পার্লামেন্ট তীব্র নিন্দা জানিয়েছে। সংস্থাটি বলেছে, এই হামলাগুলো কেবল সংশ্লিষ্ট দেশগুলোর নিরাপত্তার জন্য নয়, বরং পুরো মধ্যপ্রাচ্যের স্থিতিশীলতার জন্যও একটি অত্যন্ত বড় হুমকি।
রবিবার প্রকাশিত এক বিবৃতিতে আরব পার্লামেন্টের স্পিকার মোহাম্মদ বিন আহমেদ আল ইয়ামাহি বলেছেন, ইরানের এই হামলা আরব দেশগুলোর সার্বভৌমত্ব এবং ভৌগোলিক অখণ্ডতার স্পষ্ট লঙ্ঘন। একই সঙ্গে এটি আন্তর্জাতিক আইন এবং জাতিসংঘ সনদেরও লঙ্ঘন বলে মন্তব্য করেছেন তিনি। তিনি উল্লেখ করেন, সাম্প্রতিক এই হামলার ফলে মধ্যপ্রাচ্যে উত্তেজনা বাড়তে পারে, যা এ অঞ্চলে শান্তি, নিরাপত্তা এবং স্থিতিশীলতা প্রতিষ্ঠার চলমান প্রচেষ্টাকে বাধাগ্রস্ত করতে পারে।
আরব পার্লামেন্ট হামলার শিকার দেশগুলোর প্রতি পূর্ণ সমর্থন জানিয়েছে। তারা একই সঙ্গে নিজেদের ভূখণ্ড, নাগরিক এবং বাসিন্দাদের নিরাপত্তা নিশ্চিত করতে যে পদক্ষেপ নিচ্ছে, তার প্রতিও সমর্থন প্রকাশ করেছে।
আল ইয়ামাহি আরো বলেছেন, কোনো আরব দেশের সার্বভৌমত্ব অথবা ভৌগোলিক অখণ্ডতার ওপর হামলা পুরো আরব বিশ্বের নিরাপত্তার জন্য একটি হুমকি। এজন্য এ ধরনের ঘটনার বিরুদ্ধে আন্তর্জাতিক সম্প্রদায়কে কঠোর এবং কার্যকর অবস্থান গ্রহণ করতে হবে।
আরব পার্লামেন্ট জাতিসংঘ এবং জাতিসংঘ নিরাপত্তা পরিষদের প্রতি দ্রুত পদক্ষেপ নেওয়ার আহ্বান জানিয়েছে। তাদের মতে, আরও হামলা রোধ, দায়ীদের জবাবদিহির আওতায় আনা এবং আন্তর্জাতিক আইন কার্যকর রাখতে জরুরি পদক্ষেপ নিতে হবে। বিবৃতিতে মোহাম্মদ বিন আহমেদ আল ইয়ামাহি আরো বলেন, মধ্যপ্রাচ্যে ক্রমবর্ধমান উত্তেজনার মধ্যে নতুন কোনো সংঘাত এড়াতে আন্তর্জাতিক সম্প্রদায়কে আরও সক্রিয় হতে হবে। একই সঙ্গে আঞ্চলিক ও বৈশ্বিক শান্তি এবং স্থিতিশীলতা বজায় রাখতে সমন্বিত উদ্যোগ জোরদার করারও আহ্বান জানান তিনি।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন