প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
বলিউডের সীমানা অতিক্রম করে আন্তর্জাতিক পর্যায়ে নিজের জনপ্রিয়তার প্রমাণ রেখেছেন শাহরুখ খান। বিশ্বের সর্বকালের সেরা ১০০ সিনেমার তারকাদের তালিকায় স্থান পেয়েছেন এই খ্যাতিমান অভিনেতা। আন্তর্জাতিক বিনোদন সাময়িকী ‘ভ্যারাইটি’ দ্বারা প্রকাশিত এই তালিকায় তিনি ৯২ নম্বরে অবস্থান করছেন। শাহরুখ তালিকায় একমাত্র ভারতীয় অভিনেতা, যিনি জোয়াকিন ফিনিক্স, এমা স্টোন এবং জেন্ডায়ার মতো হলিউড তারকাদের পেছনে ফেলেছেন।
সম্প্রতি ‘১০০ গ্রেটেস্ট মুভি স্টারস অব অল টাইম’ শিরোনামে তালিকাটি প্রকাশ করেছে ‘ভ্যারাইটি’। চার দশকের অভিনয়জীবন, পর্দায় উপস্থিতি এবং দর্শকদের মধ্যে দীর্ঘকালীন জনপ্রিয়তার স্বীকৃতি হিসেবে শাহরুখ এই তালিকায় স্থান লাভ করেছেন।
তালিকায় শাহরুখের ঠিক পরেই ৯৩ নম্বরে রয়েছেন ‘জোকার’খ্যাত অভিনেতা জোয়াকিন ফিনিক্স। এমা স্টোন আছেন ৯৪ নম্বরে, আর জেন্ডায়ার অবস্থান ৯৮। তালিকার শীর্ষস্থানে রয়েছেন মেরিলিন মনরো। দ্বিতীয় ও তৃতীয় স্থানে যথাক্রমে হামফ্রে বোগার্ট এবং চার্লি চ্যাপলিনের নাম রয়েছে।
শাহরুখকে তালিকায় অন্তর্ভুক্ত করার কারণ হিসেবে ‘ভ্যারাইটি’ তার দীর্ঘ অভিনয়জীবন ও পর্দায় স্বতন্ত্র উপস্থিতির কথা উল্লেখ করেছে। চার দশকের বেশি সময় ধরে ৯০টিরও বেশি সিনেমায় অভিনয় করে তিনি ভারতীয় দর্শকদের কাছে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করেছেন। অভিনয়ের ধরন, পর্দায় বড় মাপের উপস্থিতি, নাটকীয়তা এবং নিজের সম্পর্কে রসিকতা করার ক্ষমতা তাকে অন্যদের থেকে আলাদা করেছে বলেও উল্লেখ করা হয়েছে।
শাহরুখের দীর্ঘ অভিনয়জীবনের প্রতিনিধিত্ব করতে সাময়িকীটি সঞ্জয় লীলা বানসালির ‘দেবদাস’ সিনেমাকে বেছে নিয়েছে। ২০০২ সালে মুক্তি পাওয়া ছবিটিতে দেবদাস চরিত্রে অভিনয় করেন শাহরুখ। তার বিপরীতে ছিলেন ঐশ্বরিয়া রাই বচ্চন এবং মাধুরী দীক্ষিত। আরও অভিনয় করেছেন জ্যাকি শ্রফ এবং কিরণ খের। শাহরুখের ক্যারিয়ারের অন্যতম উল্লেখযোগ্য সিনেমা হিসেবে এটি বিবেচিত হয়।
তালিকার প্রথম দশে রয়েছেন মেরিলিন মনরো, হামফ্রে বোগার্ট, চার্লি চ্যাপলিন, জ্যাক নিকলসন, ক্যাথরিন হেপবার্ন, সিডনি পোয়াটিয়ে, মার্লন ব্র্যান্ডো, টম ক্রুজ, তোশিরো মিফুনে এবং বারব্রা স্ট্রাইস্যান্ড।
এদিকে, শাহরুখের পরবর্তী সিনেমা ‘কিং’ নিয়েও দর্শকদের মধ্যে আগ্রহ রয়েছে। সিদ্ধার্থ আনন্দ পরিচালিত ছবিটিতে তার সঙ্গে অভিনয় করবেন সুহানা খান, দীপিকা পাড়ুকোন এবং অভিষেক বচ্চনসহ আরও অনেকে। আন্তর্জাতিক এই স্বীকৃতির পাশাপাশি নতুন সিনেমা নিয়ে ব্যস্ত সময় পার করছেন বলিউডের এই অভিনেতা। সূত্র: এনডিটভি
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন