প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
রাঙামাটিতে জাতীয় হিফজুল কুরআন প্রতিযোগিতা-২০২৬-এর জেলা পর্যায়ের বাছাই পর্ব অনুষ্ঠিত হয়েছে। সোমবার সকালে হুফ্ফাজুল কুরআন ফাউন্ডেশন বাংলাদেশের রাঙামাটি জেলা শাখার উদ্যোগে কালেক্টর জামে মসজিদে এ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।
প্রতিযোগিতায় জেলার বিভিন্ন এলাকার মাদ্রাসার প্রায় ৬০ জন শিক্ষার্থী অংশ নেয়। পবিত্র কুরআনের ১ম পারা থেকে ৩০ পারা পর্যন্ত হিফজের পরিমাণ অনুযায়ী কয়েকটি বিভাগে প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন রাঙামাটি জোন কমান্ডার লেফটেন্যান্ট কর্নেল মো. একরামুল রাহাত, পিএসসি। বিশেষ অতিথি ছিলেন রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের সাবেক সদস্য ও সমাজসেবক মো. হাবীব আজম।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন হুফ্ফাজুল কুরআন ফাউন্ডেশন বাংলাদেশের রাঙামাটি জেলা শাখার সভাপতি হাফেজ মো. আব্দুল কাদের। সঞ্চালনা করেন সংগঠনের সাধারণ সম্পাদক হাফেজ মো. রহমত উল্লাহ। এ সময় বিভিন্ন মাদ্রাসার শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকেরা উপস্থিত ছিলেন।
সকাল ১০টায় প্রতিযোগিতা শুরু হয়। বিকেলে আসরের নামাজের পর বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়। পরে দোয়া ও মোনাজাতের মধ্য দিয়ে অনুষ্ঠানের সমাপ্তি হয়।
প্রধান অতিথির বক্তব্যে লেফটেন্যান্ট কর্নেল মো. একরামুল রাহাত বলেন, পবিত্র কুরআন হিফজ করা অত্যন্ত মহৎ ও সম্মানের বিষয়। এ ধরনের প্রতিযোগিতা শিক্ষার্থীদের কুরআন মুখস্থ করার পাশাপাশি ধর্মীয় শিক্ষা, নৈতিকতা ও আদর্শিক মূল্যবোধ গড়ে তুলতে উৎসাহিত করে। শিক্ষার্থীদের পড়াশোনার পাশাপাশি কুরআনের শিক্ষা নিজেদের জীবনে ধারণ করতে হবে।
বিশেষ অতিথি মো. হাবীব আজম বলেন, প্রতিযোগিতায় সবাই পুরস্কার পাবে না। তবে এতে হতাশ হওয়ার কিছু নেই। অংশগ্রহণকারী প্রত্যেকেই বিজয়ী। এ ধরনের প্রতিযোগিতার মাধ্যমে শিক্ষার্থীরা উপজেলা, জেলা, বিভাগীয় ও জাতীয় পর্যায়ে নিজেদের যোগ্যতা প্রমাণের সুযোগ পায়।
তিনি আরও বলেন, কুরআন হিফজকারী বাংলাদেশের শিক্ষার্থীরা আন্তর্জাতিক বিভিন্ন প্রতিযোগিতায় অংশ নিয়ে দেশের জন্য সম্মান বয়ে আনছে। ভবিষ্যতেও এ ধরনের আয়োজন নিয়মিত অব্যাহত থাকবে বলে আশা প্রকাশ করেন তিনি।
প্রতিযোগিতাকে ঘিরে শিক্ষার্থী, অভিভাবক ও আয়োজকদের মধ্যে উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন