প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
ঢাকা, ১৯ অক্টোবর, ২০২৬ : ভূমধ্যসাগরীয় অঞ্চলে উদ্ভূত একটি শক্তিশালী ঝড়ের তীব্রতা বৃদ্ধি পাওয়ার পূর্বাভাসের মধ্যে স্পেন ভয়াবহ বন্যার জন্য প্রস্তুতি নিচ্ছে। ইতোমধ্যে, এই ঝড়ের কারণে রাস্তাঘাট ডুবে গেছে, পরিবহন ব্যবস্থা ব্যাহত হয়েছে এবং বার্সেলোনার উপকণ্ঠে বন্যার পানিতে ডুবে এক নারীর মৃত্যু ঘটেছে।
খবর বার্তা সংস্থা এএফপি’র।
দেশটির আবহাওয়া সংস্থা এইএমইটি সোমবার ভোরে ভারী বৃষ্টিপাতের ‘অত্যন্ত বিপজ্জনক’ পরিস্থিতির আশঙ্কায় পূর্বাঞ্চলীয় ভ্যালেন্সিয়া অঞ্চল ও পর্যটকদের জন্য জনপ্রিয় দ্বীপ মায়োর্কায় সর্বোচ্চ সতর্কতা জারি করেছে।
বালিয়ারিক দ্বীপপুঞ্জের আঞ্চলিক সরকার মায়োর্কা, ইবিজা ও ফোরমেন্তেরা দ্বীপে শিক্ষাপ্রতিষ্ঠানের ক্লাস স্থগিত করেছে। অন্যদিকে, ২০২৪ সালে এক প্রজন্মের মধ্যে স্পেনের সবচেয়ে প্রাণঘাতী বন্যার ক্ষত এখনও বহন করা ভ্যালেন্সিয়ায় কয়েকটি কমিউটার ট্রেনের চলাচল পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত বন্ধ রাখা হয়েছে।
এদিকে, আন্দালুসিয়া ও বালিয়ারিক দ্বীপপুঞ্জের জরুরি সেবাদানকারী সংস্থাগুলো জানিয়েছে, রোববার ভ্যালেন্সিয়া ও কাতালোনিয়ায় বন্যার কারণে বাড়িঘর ও সড়ক প্লাবিত হয়েছে, গাছ উপড়ে পড়েছে। এছাড়াও, এ বন্যায় বিভিন্ন স্থাপনার ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে।
ইবিজায় সড়কগুলো ঘোলা পানিতে ডুবে জলাশয়ের রূপ ধারণ করেছে। সেখানে বড় বড় ময়লার পাত্র পানিতে ভাসতে দেখা গেছে এবং বেশ কিছু গাড়ি আংশিক ডুবে গেছে। দ্বীপটির বিখ্যাত নৈশক্লাবকেন্দ্রিক পর্যটন এলাকাগুলোও জনশূন্য হয়ে পড়েছে।
বিমানবন্দর পরিচালনাকারী সংস্থা এনার তথ্য অনুযায়ী, ইবিজা বিমানবন্দরের প্রধান মহাসড়কটি বন্ধ করে দেওয়া হয়েছে। সেখানে ২৭টি ফ্লাইট বাতিল করা হয়েছে, ১৬টি অন্য বিমানবন্দরে পাঠানো হয়েছে এবং আরও কয়েকটি ফ্লাইটের সময়সূচি বিলম্বিত হয়েছে।
এ ছাড়া, মায়োর্কায় আরও ৩৭টি ফ্লাইট বাতিল করা হয়েছে।
জরুরি পরিস্থিতি মোকাবিলায় মূল ভূখণ্ড থেকে সেনাসদস্য পাঠানো হয়েছে ইবিজা ও মায়োর্কায়।
ভ্যালেন্সিয়া, বালিয়ারিক দ্বীপপুঞ্জ ও আন্দালুসিয়ার বিভিন্ন এলাকায় মোবাইল ফোনে একাধিক জরুরি সতর্কবার্তা পাঠানো হয়েছে। এতে মানুষকে প্রয়োজন ছাড়া বাইরে বের না হওয়ার এবং অপ্রয়োজনীয় যাতায়াত এড়িয়ে চলার আহ্বান জানানো হয়েছে।
কাতালোনিয়ার দমকল বিভাগ জানিয়েছে, বার্সেলোনা থেকে প্রায় ২৫ কিলোমিটার উত্তর-পূর্বে কাব্রেরা দে মার এলাকায় শনিবার একটি ছোট নদীস্রোতে পড়ে যাওয়া এক নারীকে পরে সমুদ্রে মৃত অবস্থায় পাওয়া গেছে।
আন্দালুসিয়ায় জরুরি উদ্ধারকর্মীরা কয়েক ডজন মানুষকে উদ্ধার করেছেন। জনপ্রিয় পর্যটনকেন্দ্র মালাগার বাইরের একটি এলাকায় সমুদ্রসৈকতের পাশের সড়কের বন্যাকবলিত সুড়ঙ্গ থেকে ১০ জনকে উদ্ধার করা হয়েছে।
বিজ্ঞানীরা জানিয়েছেন, মানবসৃষ্ট জলবায়ু পরিবর্তনের কারণে ভূমধ্যসাগরীয় অঞ্চলের ঝড় আরও শক্তিশালী হয়ে উঠছে। গ্রীষ্মকালে সমুদ্রের পানি অতিরিক্ত তাপ শোষণ করে। এর ফলে বাষ্পীভবন বৃদ্ধি পায় এবং শরৎকালে স্পেনের পূর্বাঞ্চলে সাধারণত আঘাত হানা ঝড়ের সঙ্গে আরও ভারী বৃষ্টিপাতের সৃষ্টি হয়।
এদিকে, এইএমইটি চলতি সপ্তাহে জানিয়েছে, গত সেপ্টেম্বর ছিল স্পেনের মূল ভূখণ্ডে রেকর্ড রাখা শুরুর পর সবচেয়ে উষ্ণ সেপ্টেম্বর। এর আগে জুন থেকে আগস্ট পর্যন্ত সময়টিও দেশটির ইতিহাসে সবচেয়ে উষ্ণ গ্রীষ্মকাল হিসেবে রেকর্ড করা হয়েছিল।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন