প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
মাভাবিপ্রবি উপাচার্য অধ্যাপক ড. এ বি এম শহিদুল ইসলাম থাইল্যান্ডের এশিয়ান ইনস্টিটিউট অব টেকনোলজির (এআইটি) এআই সেন্টার পরিদর্শন করেছেন। তিনি বর্তমানে থাইল্যান্ডে পাঁচ দিনের সফরে রয়েছেন, যেখানে কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রযুক্তি, উচ্চশিক্ষায় আন্তর্জাতিক সহযোগিতা এবং গবেষণায় যৌথ কাজের পরিকল্পনা নিয়ে আলোচনা হচ্ছে।
উপাচার্যের এই সফরের মাধ্যমে দুই প্রতিষ্ঠানের মধ্যে একটি সমঝোতা স্মারক (এমওইউ) স্বাক্ষরের পরিকল্পনা রয়েছে। বিশ্ববিদ্যালয় সূত্রে জানা গেছে, আগামী নভেম্বরের প্রথম সপ্তাহে এআইটির প্রেসিডেন্ট বাংলাদেশ সফর করবেন এবং তখনই এই চুক্তি স্বাক্ষরিত হওয়ার সম্ভাবনা রয়েছে।
শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের অনুমোদনক্রমে উপাচার্যের সফর শুরু হয় ৫ সেপ্টেম্বর, যা ৯ সেপ্টেম্বর পর্যন্ত চলবে। সফরের অংশ হিসেবে মঙ্গলবার সকালে উপাচার্য ব্যাংককের এআইটি ক্যাম্পাস পরিদর্শন করেন।
এআইটি ক্যাম্পাসে পৌঁছানোর পর, তিনি এআইটির আন্তর্জাতিক বিষয়াবলি ও উন্নয়ন দপ্তরের পরিচালক ড. সুমনা শ্রেষ্ঠা এবং সমন্বয়ক ড. ইন্দ্র কুমারের সঙ্গে বৈঠক করেন। পরে তিনি এআই সেন্টারটি ঘুরে দেখেন। এছাড়া, ইউনূস সেন্টার এআইটির নির্বাহী পরিচালক ড. ফায়েজ শাহ, স্কুল অব ম্যানেজমেন্টের অধ্যাপক জাবেদ, কে. করিম এবং ড. জাকিরের সঙ্গে পৃথক বৈঠক ও সৌজন্য সাক্ষাৎ করেন।
এসব বৈঠকে মাভাবিপ্রবির শিক্ষার্থী, শিক্ষক ও কর্মকর্তাদের দক্ষতা বৃদ্ধি এবং সার্বিক মানোন্নয়নের জন্য প্রয়োজনীয় প্রশিক্ষণের বিষয়ে বিস্তারিত আলোচনা অনুষ্ঠিত হয়।
এআইটি কর্তৃপক্ষও মাভাবিপ্রবির সঙ্গে যৌথভাবে কাজ করার বিষয়ে আগ্রহ প্রকাশ করেছে। বিশ্ববিদ্যালয় সংশ্লিষ্টরা বিশ্বাস করেন যে, উপাচার্যের এই সফরের মাধ্যমে এআই প্রযুক্তির ব্যবহার এবং আন্তর্জাতিক গবেষণার ক্ষেত্রে মাভাবিপ্রবির ভবিষ্যৎ শিক্ষাকার্যক্রমে নতুন সম্ভাবনার সৃষ্টি হবে।
এদিকে, উপাচার্যের থাইল্যান্ড সফরের সময় বিশ্ববিদ্যালয়ের সহউপাচার্য (প্রো-ভিসি) অধ্যাপক মো. আনিছুর রহমান নিজ দায়িত্বের পাশাপাশি উপাচার্যের রুটিন দায়িত্ব পালন করছেন।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন