প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
বিকেলের আলো তখন ধীরে ধীরে নরম হয়ে আসছে। ভদ্রা নদীর পানিতে শেষ বিকেলের রোদ চিকচিক করছে। নদীর ওপর নির্মিত দীর্ঘ সেতুটি সেই আলোতে আরো স্পষ্ট হয়ে উঠেছে। তবে সেতুর ওপর আলো কমার কোনো লক্ষণ নেই। একের পর এক মানুষ আসছেন। কেউ মোটরসাইকেলে, কেউ ইজিবাইকে, কেউ হেঁটে। সঙ্গে শিশু, পরিবার, স্বজন। কেউ নদীর দিকে তাকিয়ে আছেন, কেউ মোবাইলে ছবি তুলছেন। শিশুরা এ প্রান্ত থেকে ও প্রান্তে ছুটে বেড়াচ্ছে। কেউ এসেছেন সেতু দিয়ে পার হতে, আবার কেউ শুধু সেতুটি দেখতে।
খুলনার দাকোপ উপজেলার কালিনগর বাজারসংলগ্ন ভদ্রা নদীর ওপর নির্মিত গার্ডার সেতুটি এখন স্থানীয় মানুষের কাছে যোগাযোগের অবকাঠামোর চেয়ে নতুন এক আকর্ষণের নাম হয়ে উঠেছে। আনুষ্ঠানিক উদ্বোধন এখনো হয়নি। কিন্তু সেতুর ওপর দিয়ে যানবাহন চলাচল শুরু হয়েছে। আর এই কারণেই নদীর দুই পাড়ের মানুষের মধ্যে উৎসবের আবহ ছড়িয়ে পড়েছে।
বহু বছরের অপেক্ষার পর নদীর বুকের ওপর দাঁড়িয়ে থাকা সেতুটিকে অনেকে নতুন জীবনের প্রতীক হিসেবে দেখছেন। একজন বয়স্ক ব্যক্তি সেতুর ওপর দাঁড়িয়ে নদীর দিকে তাকিয়ে বলছিলেন, ‘আগে এই নদী পার হতে খেয়ায় বসে অপেক্ষা করতে হতো। এখন নিজের চোখে সেতুটা দেখে মনে হচ্ছে, সময় সত্যিই বদলেছে।’
ভদ্রার দুই পাড়ের মানুষের কাছে এই পরিবর্তনটি সহজ কোনো গল্প নয়। দাকোপ এমন একটি উপজেলা, যার ভৌগোলিক বাস্তবতা প্রতিদিনের জীবনকে নদী ও পানির সঙ্গে বেঁধে রেখেছে। বঙ্গোপসাগর উপকূলের এই উপজেলা তিনটি দ্বীপ বা পোল্ডারে বিভক্ত। পানি উন্নয়ন বোর্ডের ৩১, ৩২ ও ৩৩ নম্বর পোল্ডার হিসেবে পরিচিত এসব এলাকার মানুষের এক পাড় থেকে অন্য পাড়ে যেতে দীর্ঘদিন ধরে ভরসা ছিল খেয়া ও ইঞ্জিনচালিত ট্রলার।
নদী তখন শুধু নদী ছিল না, ছিল একটি অপেক্ষা। খেয়া কখন ছাড়বে, নদীর পানি কেমন, বাতাস কেমন, স্রোত কতটা- এসব হিসাব করেই চলতে হতো মানুষকে। অসুস্থ মানুষকে হাসপাতালে নিতে নদীর ঘাটে এসে অপেক্ষা করতে হতো। কৃষকদের ফসল নিয়ে বাজারে যেতে নদী পার হতে হতো। ব্যবসায়ীদের পণ্য পরিবহনে বাড়তি সময় ও অর্থ ব্যয় করতে হতো। শিক্ষার্থীদের প্রতিদিনের স্কুলযাত্রাও খেয়ার ওপর নির্ভর করত। এখন সেই অপেক্ষার জায়গায় দাঁড়িয়ে রয়েছে সড়ক।
ভদ্রা নদীর পশ্চিম পাড়ে ৩২ নম্বর পোল্ডারে কামারখোলা ও সুতারখালী ইউনিয়ন রয়েছে। পূর্ব পাড়ে ৩৩ নম্বর পোল্ডারে দাকোপ, লাউডোব, কৈলাশগঞ্জ, বাজুয়া ও বানীশান্তা ইউনিয়ন অবস্থিত। সাত ইউনিয়নের মানুষের যোগাযোগের ক্ষেত্রে এই নদী ছিল বড় বাধা। সেতুটি চালু হওয়ার ফলে সেই বাধা অনেকটাই সরে গেছে। তাই স্থানীয় মানুষের কাছে সেতুটি যেন একসঙ্গে যোগাযোগ, স্বস্তি ও আনন্দের গল্প।
কালিনগর বাজারের ব্যবসায়ী দেবাশিষ রায় দীর্ঘদিন ধরে এই সেতুর দাবির সঙ্গে ছিলেন। তার মতে, এত দিন খেয়া পার হয়ে মুরগি ও কৃষিপণ্য বাজারজাত করতে গিয়ে সময় ও অর্থ- দুটিই বেশি লাগত।
দেবাশিষ রায় বলেন, অনেকবার দাবি জানিয়েছি, অনেক অপেক্ষা করেছি। শেষ পর্যন্ত সেতু হয়েছে। এখন মনে হচ্ছে ছোট ব্যবসায়ীদেরও সামনে এগিয়ে যাওয়ার সুযোগ তৈরি হয়েছে।
শুধু ব্যবসায়ী নয়, কৃষকের চোখেও সেতুটির আলাদা অর্থ রয়েছে। জমিতে উৎপাদিত ফসল দ্রুত বাজারে পৌঁছাতে পারলে নষ্ট হওয়ার ঝুঁকি কমবে। পরিবহন ব্যয় কমতে পারে। কৃষকের হাতে পণ্যের ভালো দাম পৌঁছানোর সম্ভাবনাও বাড়বে। আর সেই সঙ্গে উৎপাদনের আগ্রহ বাড়তে পারে।
স্থানীয় জনপ্রতিনিধিরা মনে করছেন, এর প্রভাব সাত ইউনিয়নের মধ্যে সীমাবদ্ধ থাকবে না। দাকোপ উপজেলা সদর ও মোংলা বন্দরের সঙ্গে সরাসরি যোগাযোগ সহজ হওয়ার পাশাপাশি পাইকগাছা ও কয়রা উপজেলার সঙ্গে মোংলার যোগাযোগও আরো সুগম হবে। অর্থাৎ ভদ্রার ওপর দাঁড়িয়ে থাকা এই সেতুটি কেবল দুই পাড়কে নয়, বৃহত্তর একটি জনপদের অর্থনৈতিক যোগাযোগকেও কাছে টেনে আনছে।
স্থানীয়রা বলছেন, সেতুটির আরেকটি বড় পরিবর্তন আসতে পারে চিকিৎসাসেবায়। স্থানীয় গ্রাম্য চিকিৎসক হরিপদ হালদার বলেন, গুরুতর অসুস্থ ব্যক্তিকে আগে খেয়া পার করে উপজেলা বা জেলা সদরে নিতে হতো। নদীর ঘাটে অপেক্ষা করতে গিয়ে অনেক সময় নষ্ট হতো। এখন সড়কপথে দ্রুত রোগী নিয়ে যাওয়া সম্ভব হবে। শিক্ষার্থীদের কাছেও এই সেতুর গল্প অন্যরকম।
কালিনগর জিসি মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষার্থী তমা রায়, প্রণিতা সরদার, লাবনী গাইন, প্রশান্ত রায় ও অনিক রায়ের বাড়ি নদীর পূর্ব পাড়ের শিংজোড়া ও রামনগর এলাকায়। প্রতিদিন খেয়া পার হয়ে তাদের স্কুলে যেতে হতো। খেয়া পেতে দেরি হলে সময়মতো ক্লাসে পৌঁছানো সম্ভব হতো না।
সংশ্লিষ্ট সূত্র মতে, ২০১৬-১৭ অর্থবছরে নির্মাণের জন্য প্রথম দরপত্র আহ্বান করা হয়। প্রাক্কলিত মূল্য ছিল ৩৭ কোটি ৪৩ লাখ ৩৬ হাজার ৮৫৫ টাকা। ২০১৬ সালের ১৫ আগস্ট কাজ শুরু হলেও নির্ধারিত সময়ে তা শেষ হয়নি। কয়েক দফা সময় বাড়ানোর পরও কাজ শেষ করতে না পারায় প্রথম ঠিকাদারি প্রতিষ্ঠানের কার্যাদেশ বাতিল হয়।
পরে দ্বিতীয় দফায় ঠিকাদার নিয়োগ করা হলেও নির্ধারিত সময়ে কাজ শেষ না হওয়ায় তাদের কার্যাদেশও বাতিল করা হয়। এরপর তৃতীয় দফায় কাজ পায় এমবিইএল-এইসিকেই (জেভি)। দীর্ঘ জটিলতা পেরিয়ে শেষ পর্যন্ত মূল সেতুর বর্ধিত অংশ ও সংযোগ সড়কের কাজ শেষ হয়েছে।
বাংলাদেশ সরকার ও বিশ্বব্যাংকের যৌথ অর্থায়নে নির্মিত সেতুটির দৈর্ঘ্য ৬৬১ দশমিক ৬৮৫ মিটার এবং প্রস্থ ৭ দশমিক ৩ মিটার। সংযোগ সড়ক বা ভায়াডাক্টের দৈর্ঘ্য ১৪০ দশমিক ১৬ মিটার। সব মিলিয়ে নির্মাণ ব্যয় হয়েছে ৫০ কোটি ৭৫ লাখ ৯ হাজার ২৩৭ টাকা।
এলজিইডি খুলনার নির্বাহী প্রকৌশলী মো. কামরুল ইসলাম সরদার বলেন, ভদ্রা নদীর ওপর নির্মিত সেতুটি চালু হওয়ায় দাকোপের পাশাপাশি কয়রা ও পাইকগাছার সুবিধাবঞ্চিত মানুষের যোগাযোগব্যবস্থায় গুরুত্বপূর্ণ পরিবর্তন আসবে। কৃষি উৎপাদন ও বিপণন ব্যবস্থার উন্নতির পাশাপাশি মানুষের জীবনযাত্রার মানোন্নয়নের সুযোগ তৈরি হবে।
ঠিকাদারি প্রতিষ্ঠান এমবিইএল-এইসি-কেই (জেভি)-এর ঠিকাদার জহিরুল ইসলাম জামাল খান জানান, মূল গার্ডার সেতুর বর্ধিত অংশ ও সংযোগ সড়কের কাজ শেষ হয়েছে। এখন কর্তৃপক্ষ যেকোনো সময় সেতুটি আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করতে পারেন।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন