প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
ভারতের রাজধানী নয়াদিল্লির দৃশ্য হিসেবে বাংলাদেশে কিছু বস্তি এলাকার ভিডিও প্রচারের ঘটনায় উদ্বেগ প্রকাশ করেছে ভারত। দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয় এ ধরনের প্রচেষ্টাকে দুর্ভাগ্যজনক বলে অভিহিত করেছে।
দ্বি-সাপ্তাহিক সংবাদ ব্রিফিংয়ে এক প্রশ্নের জবাবে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল জানান, ‘আমরা গণমাধ্যমে প্রকাশিত প্রতিবেদনগুলো দেখেছি। কোনো দেশের বিকৃত চিত্র তুলে ধরার এমন প্রচেষ্টা দুর্ভাগ্যজনক।’
ঢাকার বস্তি এলাকার দৃশ্যকে নয়াদিল্লির হিসেবে প্রচার করতে বিদেশি নাগরিকদের ব্যবহার করার অভিযোগের প্রেক্ষিতে তিনি বলেন, ‘এ ধরনের মিথ্যা তথ্য ছড়ানোর চেষ্টা সংশ্লিষ্ট ব্যক্তিদের বিশ্বাসযোগ্যতা নষ্ট করে।’
জয়সওয়াল আরও উল্লেখ করেন, ‘ঢাকা শহরকে নয়াদিল্লি হিসেবে দেখানোর জন্য বিদেশিদের ব্যবহার এবং এ ধরনের ভিডিও ধারণের ঘটনা ঘটাচ্ছে, তাদের বিশ্বাসযোগ্যতাই এতে ক্ষুণ্ণ হচ্ছে।’ তিনি সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে অনুরোধ করেন, এমন ঘটনার বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা নিতে।
এর আগে বাংলাদেশের বিভিন্ন গণমাধ্যমে এ বিষয়ে একাধিক প্রতিবেদন প্রকাশিত হয়েছে। এএনআই-এর প্রতিবেদনে বলা হয়েছে, প্রায় ১৫০ জন চীনা নাগরিক ঢাকার বস্তি এলাকার ভিডিও ধারণ করে সেগুলো বিভিন্ন ডিজিটাল প্ল্যাটফর্মে প্রকাশ করছেন এবং সেগুলোকে ভারতের রাজধানী নয়াদিল্লির দৃশ্য বলে প্রচার করছেন।
প্রতিবেদন অনুযায়ী, চীনা ভ্লগাররা ঢাকার টেকপাড়া ও উত্তরার মতো বিভিন্ন এলাকায় ভিডিও ধারণ করে সেগুলোকে ভারতের রাজধানী নয়াদিল্লির অংশ হিসেবে পরিচয় করিয়ে দিয়েছেন। পাশাপাশি, সেখানকার মানুষের জীবনযাত্রা ও বাসিন্দাদের নিয়ে অবমাননাকর মন্তব্যও করেছেন।
এমন একটি ঘটনায়, ‘মিয়ানমিয়ান’ নামে এক চীনা নাগরিক গত ১ নভেম্বর ঢাকার উত্তরার ১২ নম্বর সেক্টর থেকে সরাসরি ভিডিও সম্প্রচার করেন। তিনি এলাকাটিকে ভারতের রাজধানী নয়াদিল্লি বলে দাবি করেন এবং সেখানকার অবকাঠামো ও মানুষের জীবনযাত্রার সমালোচনা করেন।
‘মিয়ানমিয়ান’ তার ভিডিওতে বলেন, ‘এটি নয়াদিল্লি। এখানকার বাড়িঘর অত্যন্ত নোংরা। টিনের ঘরগুলোর ভেতরে একটি পাখাও নেই। এলাকাটি অনুন্নত, অপরিচ্ছন্ন ও অস্বাস্থ্যকর। এখানকার আইন-শৃঙ্খলা পরিস্থিতিও খুব খারাপ।’
অন্য একটি ঘটনায়, ‘ওয়াং ওয়ে’ নামে এক ব্যক্তিকে ঢাকার টেকপাড়ায় চা বিক্রেতাদের ভিডিও ধারণ করতে দেখা যায়। এ সময় তিনি স্থানীয় বাসিন্দাদের চা পান নিয়ে অবমাননাকর মন্তব্য করেন। ওই ব্যক্তি বলেন, ‘দেখুন, তারা চা পান করছেন। জানেন কি, এটি কী ধরনের চা? এটি গরুর মূত্র দিয়ে তৈরি চা। তারা গরুর মূত্রের চা পান করেন।’
প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে, এসব ভিডিও উইচ্যাট ও ডুইয়িনের মতো চীনা ডিজিটাল প্ল্যাটফর্মে সরাসরি সম্প্রচার করা হচ্ছিল। ভিডিও ধারণকারী দলের সদস্যরা কোনো অনুমতি ছাড়াই আবাসিক এলাকা, রান্নাঘর ও অন্যান্য ব্যক্তিগত স্থানে প্রবেশ করছিলেন। এতে স্থানীয় বাসিন্দাদের মধ্যে উদ্বেগ ও অসন্তোষ দেখা দিয়েছে।
স্থানীয় কয়েকজন ব্যক্তি এসব চীনা নাগরিককে বিভিন্ন এলাকা ঘুরে দেখতে সহায়তা করছিলেন বলে জানা গেছে। এর বিনিময়ে তারা প্রতিদিন ৭০০ থেকে ৮০০ টাকা করে পেতেন। প্রতিবেদনে আরও বলা হয়েছে, উত্তরা এলাকায় বিদেশিদের ভিডিও ধারণের বিষয়টি স্থানীয় পুলিশও নজরে এনেছে। তবে কী উদ্দেশ্যে এসব ভিডিও ধারণ করা হয়েছে, তা এখনো তদন্ত করে দেখা হচ্ছে।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন