প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
জুলাই আন্দোলনে গুলিবিদ্ধ হয়ে দীর্ঘদিন চিকিৎসাধীন থাকার পর বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের (বেরোবি) জেন্ডার অ্যান্ড ডেভেলপমেন্ট স্টাডিজ বিভাগের ১৪তম ব্যাচের শিক্ষার্থী চন্দন সূত্রধর রাজের মৃত্যুর ঘটনায় শোক প্রকাশ করেছে বাংলাদেশ ছাত্র ফেডারেশন, বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় শাখা। একই সঙ্গে তাঁর পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়েছে সংগঠনটি।
চন্দনের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানাতে বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকে মোমবাতি প্রজ্বালন ও পুষ্পস্তবক অর্পণ করেন সংগঠনটির নেতাকর্মীরা। এ সময় জুলাই আন্দোলনে তাঁর সাহসী ভূমিকার প্রতি শ্রদ্ধা জানিয়ে তাঁর আত্মত্যাগের রাষ্ট্রীয় স্বীকৃতির দাবি জানানো হয়।
কর্মসূচি থেকে বাংলাদেশ ছাত্র ফেডারেশন, বেরোবি শাখার নেতাকর্মীরা চন্দন সূত্রধর রাজকে ‘জুলাই শহীদ’ হিসেবে রাষ্ট্রীয় স্বীকৃতি প্রদানের দাবি জানান। পাশাপাশি তাঁর চিকিৎসার ক্ষেত্রে বিশ্ববিদ্যালয় প্রশাসনের উদাসীনতা ও অবহেলার অভিযোগ তুলে এর নিন্দা জানান তাঁরা। এ ঘটনায় সংশ্লিষ্ট কর্তৃপক্ষের জবাবদিহি নিশ্চিত করতে নিরপেক্ষ তদন্তেরও দাবি জানানো হয়।
এ সময় বাংলাদেশ ছাত্র ফেডারেশন, বেরোবি শাখার আহ্বায়ক বলেন, ‘বিশ্ববিদ্যালয়ের একজন মেধাবী শিক্ষার্থী হয়েও বিনা চিকিৎসা ও অবহেলায় তাঁর মৃত্যুবরণ বিশ্ববিদ্যালয় প্রশাসন ও রাষ্ট্রের জন্য লজ্জাজনক। আমরা চন্দনের আত্মত্যাগের রাষ্ট্রীয় স্বীকৃতি দাবি করছি। একই সঙ্গে তাঁর চিকিৎসায় কোনো ধরনের অবহেলা বা প্রশাসনিক উদাসীনতা থাকলে তার নিরপেক্ষ তদন্ত ও জবাবদিহি নিশ্চিত করতে হবে।’
সংগঠনটির নেতাকর্মীরা বলেন, জুলাই আন্দোলনে চন্দন সূত্রধর রাজের সাহসী ভূমিকা ও আত্মত্যাগ স্মরণীয় হয়ে থাকবে। তাঁর স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা জানিয়ে শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানান তাঁরা।
কর্মসূচি শেষে চন্দন সূত্রধর রাজের আত্মার শান্তি কামনা করেন বাংলাদেশ ছাত্র ফেডারেশন, বেরোবি শাখার নেতাকর্মীরা।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন