প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
ঝালকাঠি, ২৬ অক্টোবর, ২০২৬ : মা ইলিশ সংরক্ষণের নিষেধাজ্ঞা লঙ্ঘন করে মাছ ধরার বিরুদ্ধে অভিযান পরিচালনা করে প্রশাসন ও মৎস্য বিভাগ ৬ লাখ ৪৩ হাজার মিটার অবৈধ জাল জব্দ করেছে।
এই অভিযানের সময় ১২০ কেজি ইলিশ মাছও জব্দ করা হয়। জব্দকৃত জালের আনুমানিক বাজারমূল্য ১ কোটি ২৬ লাখ ৩ হাজার ৫শ’ টাকা।
জেলার চার উপজেলায় ৮ থেকে ২৫ অক্টোবর পর্যন্ত পরিচালিত এসব অভিযানে ৪ জনকে কারাদণ্ড দেওয়া হয়েছে। এছাড়া ৭টি মামলা দায়ের করা হয়েছে।
জেলা মৎস্য অধিদপ্তরের সূত্রে জানা গেছে, জেলা ও উপজেলা প্রশাসন এবং মৎস্য বিভাগের সমন্বয়ে গত ১৮ দিনে জেলার চার উপজেলায় ২শ’ ৮০টি অভিযান পরিচালনা করা হয়েছে। এর মধ্যে ৫৩টি ভ্রাম্যমাণ আদালত পরিচালিত হয়েছে। এছাড়া দুটি অবতরণকেন্দ্র, ৪৯ বার মাছঘাট, ৪শ’ ১৩ বার আড়ত ও ২শ’ ৪ বার বাজার পরিদর্শন করা হয়েছে।
উপজেলাভিত্তিক হিসাব অনুযায়ী, কাঁঠালিয়ায় ৬৬টি, ঝালকাঠি সদরে ৬৯টি, নলছিটিতে ৭৫টি এবং রাজাপুরে ৭০টি অভিযান পরিচালিত হয়েছে। এসব অভিযানে কাঁঠালিয়ায় ৮২ কেজি, ঝালকাঠি সদরে ১৮ কেজি, নলছিটিতে ১২ কেজি এবং রাজাপুরে ৮ কেজি ইলিশ জব্দ করা হয়।
জব্দকৃত জালের মধ্যে কাঁঠালিয়ায় ১ লাখ ১৭ হাজার ২শ’ মিটার, ঝালকাঠি সদরে ১ লাখ ৪০ হাজার ৫শ’ মিটার, নলছিটিতে ২ লাখ ৬৮ হাজার ৮শ’ মিটার এবং রাজাপুরে ১ লাখ ১৬ হাজার ৫শ’ মিটার রয়েছে। এসব জালের আনুমানিক মূল্য যথাক্রমে ৩৪ লাখ ১৬ হাজার, ৩৫ লাখ ১২ হাজার ৫শ’, ৩৩ লাখ ৪৫ হাজার ও ২৩ লাখ ৩০ হাজার টাকা।
প্রতিবেদনের তথ্য অনুযায়ী, ঝালকাঠি সদরে তিনটি, নলছিটিতে দুটি এবং রাজাপুরে দুটি মামলা দায়ের করা হয়েছে। এসব অভিযানে নলছিটি ও রাজাপুরে দু’জন করে মোট চারজনকে কারাদণ্ড দেওয়া হয়েছে।
জেলা মৎস্য কর্মকর্তা মো. এনামুল হক বাসসকে জানান, মা ইলিশের নিরাপদ প্রজনন নিশ্চিত করতে নিষেধাজ্ঞার পুরো সময়জুড়ে সুগন্ধা ও বিষখালী নদীসহ জেলার বিভিন্ন স্থানে অভিযান ও নজরদারি অব্যাহত রয়েছে। নিষেধাজ্ঞা লঙ্ঘন করে ইলিশ শিকার, পরিবহন, মজুত ও বিক্রির সঙ্গে জড়িতদের বিরুদ্ধে আইন অনুযায়ী ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে। ইলিশের উৎপাদন বৃদ্ধি ও প্রজনন সুরক্ষায় তিনি জেলেসহ সংশ্লিষ্ট সবাইকে সরকারি নিষেধাজ্ঞা মেনে চলার আহ্বান জানান।
প্রসঙ্গত, ইলিশের প্রধান প্রজনন মৌসুমে মা ইলিশ সংরক্ষণে ৮ অক্টোবর থেকে ২৯ অক্টোবর পর্যন্ত টানা ২২ দিন সারা দেশে ইলিশ ধরা, পরিবহন, মজুত, বাজারজাত, ক্রয়-বিক্রয় ও বিনিময় নিষিদ্ধ। এই নিষেধাজ্ঞা ঝালকাঠির সুগন্ধা ও বিষখালী নদীসহ দেশের নির্ধারিত নদ-নদী ও জলসীমায় কার্যকর রয়েছে।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন