প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
পারস্য উপসাগরীয় অঞ্চলে ইরান সিআইএ’র বিভিন্ন স্থাপনায় নিখুঁত ড্রোন হামলা চালিয়ে যাচ্ছে। এসব হামলার পেছনে রাশিয়া কোনও রকম টার্গেটিং ইনফরমেশন কিংবা উন্নত ড্রোন প্রযুক্তি দিয়ে সাহায্য করেছে কিনা, তা মার্কিন গোয়েন্দা বিশ্লেষকরা তদন্ত করছেন।
ব্রিটিশ বার্তাসংস্থা রয়টার্সের বরাত দিয়ে এটি জানিয়েছেন মার্কিন গোয়েন্দা বিভাগের বিষয়ে জানাশোনা সম্পন্ন চার ব্যক্তি। জাতীয় নিরাপত্তার কারণে নাম প্রকাশ না করার শর্তে তারা বলেন, সিআইএ’র স্থাপনায় হামলা চালানোর ক্ষেত্রে সম্ভাব্য রুশ সম্পৃক্ততা নিয়ে মার্কিন গোয়েন্দা কর্মকর্তারা এখনো নিশ্চিত হয়ে উঠতে পারেননি। তবে হামলাগুলোর কার্যকারিতা, নিখুঁত নিশানা এবং রাশিয়ার প্রযুক্তিগত সহায়তাকে তারা সম্ভাব্য প্রমাণ হিসেবে উল্লেখ করেছেন।
রয়টার্সসহ অন্যান্য সংবাদমাধ্যম পূর্বে জানিয়েছিল যে, উপসাগরীয় অঞ্চলে মার্কিন লক্ষ্যবস্তুতে হামলার ক্ষেত্রে রাশিয়া ইরানকে লক্ষ্যবস্তু নির্ধারণে এবং অন্যান্য ক্ষেত্রে সহায়তা করে আসছে। যদিও সিআইএ’র স্থাপনার উপর হামলায় রাশিয়ার সম্ভাব্য সহায়তার বিষয়ে গোয়েন্দা সংস্থার তদন্ত আগে প্রকাশিত হয়নি।
রয়টার্স ও অন্যান্য সংবাদমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, গত মার্চে ইরান সিআইএ’র অন্তত দু’টি গোপন ঘাঁটিতে হামলা চালায়। এর মধ্যে একটি ছিল সৌদি আরবের রিয়াদে অবস্থিত মার্কিন দূতাবাসে সিআইএ স্টেশন এবং অন্যটি পূর্ব ইরাকে অবস্থিত একটি আলাদা ঘাঁটি। কিছু সূত্র জানায়, সিআইএ’র আরও কিছু ঘাঁটিতে হামলা হয়েছিল, কিন্তু বিস্তারিত জানানো হয়নি।
নথি দেখার সুযোগ রয়েছে এমন এক কর্মকর্তার বর্ণনা অনুযায়ী, পশ্চিমা গোয়েন্দা সংস্থার একটি অভ্যন্তরীণ মেমোতে বলা হয়েছে যে, আঞ্চলিক সিআইএ স্থাপনাগুলোকে লক্ষ্যবস্তু বানানোর পেছনে রাশিয়ার ভূমিকা থাকার সম্ভাবনা উপস্থাপন করা হয়েছে। তবে ওই কর্মকর্তা মেমোটির নির্দিষ্ট রচয়িতার নাম উল্লেখ করেননি।
উপসাগরীয় অঞ্চলে নিয়োজিত দুই পশ্চিমা কর্মকর্তা জানান, গোয়েন্দা প্রতিবেদন সম্পর্কে যে ব্রিফিং দেওয়া হয়েছে, সেখানে বিশ্লেষকদের অনুমান- সৌদি আরবে হামলায় শাহেদ ড্রোনের উন্নত দুইটি রুশ সংস্করণ ব্যবহার করা হয়েছিল। তাদের ভাষ্যমতে, প্রথম ড্রোনটি দূতাবাসের বাইরের দেয়ালের একটি দুর্বল অংশে বিস্ফোরণ ঘটিয়ে গর্ত তৈরি করে এবং দ্বিতীয় ড্রোনটি সেই গর্ত দিয়ে ভেতরে প্রবেশ করে বিস্ফোরিত হয়। এই ঘটনায় হতাহতের কোন খবর পাওয়া যায়নি।
সম্প্রতি, গত সপ্তাহে জর্ডানে একটি মার্কিন বিমান ঘাঁটিতে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র দিয়ে মার্কিন সেনা ব্যারাক লক্ষ্য করে হামলা চালায় ইরান। হামলায় অন্তত দুই মার্কিন সেনা নিহত হন। এই ঘটনার পর রাশিয়া ইরানকে লক্ষ্যবস্তু নির্ধারণে সহায়তা করছে-এই আশঙ্কা আরও প্রকট হয়েছে।
অন্য একটি সূত্র জানায়, রাশিয়া ইরানকে স্যাটেলাইট নেভিগেশন সিস্টেম ‘কোমেটা-এম’ সরবরাহ করে তাদের শাহেদ-১৩৬ ড্রোনের নিখুঁত নিশানা ভেদ করার ক্ষমতাকে বাড়াতে সাহায্য করেছে। বিশেষজ্ঞগণ মনে করছেন, ইরানের নিজস্ব প্রযুক্তির তুলনায় এই ব্যবস্থা অনেক বেশি নিখুঁত এবং জ্যাম করা (বাধাগ্রস্ত করা) কঠিন।
যদিও রাশিয়া এখনও আনুষ্ঠানিকভাবে ইরানকে সমরাস্ত্র প্রযুক্তি দিয়ে সহায়তার কথা স্বীকার করেনি।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন