প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
পটুয়াখালীর বাউফলে চাঁদাবাজির অভিযোগ এবং ব্যবসায়ীদের ওপর হামলার প্রতিবাদে স্থানীয় ব্যবসায়ীরা দোকানপাট বন্ধ রেখে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করেছেন। কালাইয়া বন্দরের ফার্নিচার ব্যবসায়ী ও শ্রমিকরা এই কর্মসূচিতে অংশগ্রহণ করেন। পরে তাদের সাথে বন্দরের অন্যান্য ব্যবসায়ীরাও একাত্মতা প্রকাশ করে এবং মানববন্ধনে যোগ দেন।
আজ বৃহস্পতিবার (২০ আগস্ট) দুপুর সাড়ে ১২টার দিকে কালাইয়া বন্দরের সুন্দরী সিনেমা হল সড়কে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়। মানববন্ধন শেষে একটি বিক্ষোভ মিছিল বের হয়ে বন্দরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে এবং একই স্থানে এসে শেষ হয়। এ সময় ব্যবসায়ীরা চাঁদাবাজি, হুমকি ও হামলার অভিযোগ তুলে জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি জানান।
মায়ের দোয়া ফার্নিচার মার্টের মালিক মো. শহিদুল মোল্লা অভিযোগ করেন, গত সোমবার (১৭ আগস্ট) ছাত্রদল নেতা ইয়াসিন কয়েকজন লোক নিয়ে তার দোকানে গিয়ে দুই লাখ টাকা চাঁদা দাবি করেন। চাঁদা দিতে অস্বীকৃতি জানালে শহিদুল মোল্লাকে বিভিন্ন ধরনের হুমকি দেওয়া হয়। পরে ইয়াসিন এবং তার সহযোগীরা তাকে বিভিন্নভাবে ভয়ভীতি দেখিয়ে আসছিলেন বলেও অভিযোগ করেন।
শহিদুল মোল্লা আরও বলেন, বিষয়টি তিনি যুবদল নেতা স্বপন মৃধা, রুবেল চৌকিদার ও স্বেচ্ছাসেবক দল নেতা রিয়াজ পঞ্চায়েতকে জানান। পরে স্বপন মৃধা বিষয়টি কালাইয়া ইউনিয়ন ছাত্রদলের সভাপতি প্রার্থী ইব্রাহিমকে অবহিত করেন। ইব্রাহিম উভয় পক্ষকে নিয়ে সালিশের উদ্যোগ নিতে যুবদল নেতা স্বপন মৃধাকে বলেন।
শহিদুলের অভিযোগ, গত বুধবার (১৯ আগস্ট) সন্ধ্যায় সুন্দরী সিনেমা হলের একটি কক্ষে সালিশ চলাকালে ছাত্রদল নেতা ইব্রাহিম আরও লোকজন নিয়ে সেখানে উপস্থিত হন। একপর্যায়ে সালিশদারদের সঙ্গে অশালীন আচরণ এবং উপস্থিত ব্যবসায়ীদের ওপর লোহার রড ও হাতুড়ি দিয়ে হামলা চালানো হয়। এই হামলায় অন্তত ২০ জন আহত হন। আহতদের মধ্যে শাহিন মোল্লা, মো. রাব্বি ও শহিদুল নামে তিনজনকে বাউফল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয় এবং অন্যান্যদের প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।
শহিদুল মোল্লা জানান, চাঁদা দিতে অস্বীকৃতি জানানোর পর থেকেই তাদের ভয়ভীতি দেখানো হচ্ছে। সালিশে বিষয়টির সমাধানের চেষ্টা করা হলেও সেখানে হামলার ঘটনা ঘটে। এই ঘটনায় বাউফল থানায় মামলা করার প্রস্তুতি নেওয়া হচ্ছে।
যুবদল নেতা স্বপন মৃধা জানান, উভয় পক্ষই তাদের সালিশ মেনে নিয়েছিল। তবে সালিশ চলাকালে ছাত্রদল নেতা ইব্রাহিমের অশালীন আচরণ করা যে দুঃখজনক ঘটনা, তা প্রত্যেকই মনে করেন।
অভিযোগের বিষয়ে ছাত্রদল নেতা ইয়াসিনের মোবাইল ফোন বন্ধ রয়েছে এবং ছাত্রদল নেতা ইব্রাহিম বলেন, ঘটনাটি একেবারেই মিথ্যা। তিনি মন্তব্য করেন যে ইয়াসিন যদি চাঁদাবাজীর সঙ্গে জড়িত না, তাহলে এটি সাজানো নাটক। জামায়াত জড়িত বলে অভিযোগ করেন তিনি। এছাড়া জানান যে ইয়াসিন যদি চাঁদাবাজী ঘটনায় জড়িত থাকে, প্রমাণ দিতে বলেন, তাহলে তাঁকে পুলিশে দেওয়া হবে।
বাউফল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সিরাজুল ইসলাম বলেন, ঘটনার সময় পুলিশ পাঠিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা হয়েছে। এ ঘটনায় এখনো কোন অভিযোগ পাওয়া যায়নি। অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে ব্যবস্থা নেওয়া হবে।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন