প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
মুন্সীগঞ্জে এক নারীর গোসলের আপত্তিকর ভিডিও গোপনে ধারণ করে, তা ফেসবুকে ছড়িয়ে দেওয়ার ভয় দেখিয়ে টাকা ও স্বর্ণালংকার দাবি করার অভিযোগে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি) তিনজনকে গ্রেপ্তার করেছে। এ অভিযানে ভিডিও ধারণের জন্য ব্যবহৃত একটি মোবাইল ফোনও উদ্ধার করা হয়েছে।
সোমবার (২৬ অক্টোবর) মুন্সীগঞ্জ জেলা পুলিশের মিডিয়া সেল এই তথ্য নিশ্চিত করেছে।
গ্রেপ্তারকৃতদের মধ্যে রয়েছেন মুন্সীগঞ্জ সদর উপজেলার কাটাখালী এলাকার ফাহিম মোল্লা (২১), রবিন মোল্লা (২২) এবং জিসান দেওয়ান (২০)।
পুলিশের তথ্য অনুযায়ী, গতকাল রবিবার (২৫ অক্টোবর) দুপুরে মুন্সীগঞ্জ সদর উপজেলার রনছ হাওলাদার পাড়া এলাকায় এক নারী কাপড় পরিবর্তন করার সময় তার অজান্তে আপত্তিকর ভিডিও ধারণ করা হয়। এরপর ফেসবুকের একটি আইডি থেকে ওই নারীর সঙ্গে মেসেঞ্জারের মাধ্যমে যোগাযোগ করে ধারণকৃত ভিডিওটি পাঠানো হয়। ভিডিওটি ছড়িয়ে দিয়ে সামাজিক ও ব্যক্তিগত মর্যাদাহানির ভয় দেখিয়ে তার কাছে নগদ টাকা ও স্বর্ণালংকার দাবি করা হয়।
ঘটনার খবর পাওয়ার পর জেলা গোয়েন্দা পুলিশের একটি দল অভিযুক্তদের শনাক্ত করে গ্রেপ্তারের জন্য অভিযান শুরু করে। পরে তথ্যপ্রযুক্তির সহায়তায় রবিবার রাত সাড়ে ১০টার দিকে মুন্সীগঞ্জ সদর থানার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তিনজনকে গ্রেপ্তার করা হয়।
পুলিশ আরও জানায়, জিজ্ঞাসাবাদে গ্রেপ্তারকৃত ব্যক্তিরা ঘটনার সঙ্গে জড়িত থাকার কথা স্বীকার করেছেন। তাদের কাছ থেকে ভিডিও ধারণে ব্যবহৃত মোবাইল ফোনটি উদ্ধার করে জব্দ করা হয়েছে।
মুন্সীগঞ্জের পুলিশ সুপার মো. মেনহাজুল আলম জানিয়েছেন, তথ্যপ্রযুক্তির সহায়তায় অভিযান পরিচালনা করে তাদের গ্রেপ্তার করা হয়েছে। এ ঘটনায় পরবর্তী আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন