প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
ইরান ও যুক্তরাষ্ট্রের সামরিক কার্যক্রমের পাল্টাপাল্টি তৎপরতায় উপসাগরীয় অঞ্চলে উত্তেজনা বৃদ্ধি পেয়েছে। যুক্তরাষ্ট্র কেশম দ্বীপে হামলা চালিয়েছে। একই সঙ্গে বাহরাইন ও কুয়েতে ড্রোন হামলা এবং সেগুলো প্রতিহত করার খবর পাওয়া গেছে। এছাড়া, হরমুজ প্রণালিতে মাইনের আঘাতে তেলবাহী জাহাজ ক্ষতিগ্রস্ত হওয়ার দাবি করেছে ইরান। মঙ্গলবার (১৭ নভেম্বর) এসব ঘটনা ঘটেছে। আল জাজিরা, রয়টার্স, এএফপি এবং ইরানের রাষ্ট্রীয় সংবাদমাধ্যমের প্রতিবেদনে এসব তথ্য উঠে এসেছে।
কেশম দ্বীপে হামলার বিষয়ে ইরানের স্থানীয় কর্মকর্তা আহমদ নাফিসি জানিয়েছেন, সেখানে কোনো আবাসিক এলাকা, বাণিজ্যিক স্থাপনা বা অবকাঠামোর ক্ষতি হয়নি। তবে হামলার পর উদ্ধারকারী সংস্থাগুলোকে সতর্ক অবস্থায় রাখা হয়েছে। ইরানের রাষ্ট্রীয় সংবাদ সংস্থা ইরনা জানিয়েছে, মঙ্গলবার সন্ধ্যায় দ্বীপটিতে পাঁচ থেকে ছয়টি বিস্ফোরণের শব্দ শোনা যায়।
এক মার্কিন কর্মকর্তা আল জাজিরাকে জানিয়েছেন, ইরানের আগের হামলায় বাহরাইনে অবস্থিত মার্কিন ঘাঁটি ক্ষতিগ্রস্ত হওয়ার জবাবে যুক্তরাষ্ট্র কেশম দ্বীপে একটি ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণকেন্দ্রে হামলা চালিয়েছে।
এদিকে, বাহরাইনের শেখ ঈসা বিমানঘাঁটিতে যুক্তরাষ্ট্র পরিচালিত একটি রাডারব্যবস্থাকে লক্ষ্য করে ‘সুনির্দিষ্ট অভিযান’ চালানোর দাবি করেছে ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পস (আইআরজিসি)। বাহিনীটি দাবি করেছে, যুক্তরাষ্ট্রের সামরিক ড্রোনের বারবার অনুপ্রবেশের জবাবে এ হামলা চালানো হয়েছে।
যুক্তরাষ্ট্রের সেন্ট্রাল কমান্ড (সেন্টকম) জানিয়েছে, বাহরাইনে একটি বিমানঘাঁটির রাডারব্যবস্থাকে লক্ষ্য করে আসা ইরানি ড্রোন প্রতিহত করা হয়েছে। এতে মার্কিন কোনো সরঞ্জাম বা সামরিক সদস্যের ক্ষতি হয়নি।
বাহরাইনও জানিয়েছে, তাদের আকাশ প্রতিরক্ষাব্যবস্থা ড্রোন হামলা প্রতিহত করেছে। এদিকে, রাজধানী মানামার আকাশে বিস্ফোরণের শব্দ শোনার খবর জানিয়েছে এএফপি। আল জাজিরার প্রতিবেদনে বলা হয়েছে, কয়েক সপ্তাহের বিরতির পর গত পাঁচ দিনের মধ্যে এটি বাহরাইনে ইরানের তৃতীয় ড্রোন হামলা।
অন্যদিকে, ইরানের সঙ্গে ষড়যন্ত্রের অভিযোগে বাহরাইনের একটি আদালত ৬৪ জনকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন বলে জানিয়েছে রয়টার্স। দণ্ডিত ব্যক্তিদের অধিকাংশই শিয়া ধর্মীয় নেতা। তবে আদালতের এ রায়ের সঙ্গে সাম্প্রতিক ড্রোন হামলার কোনো সরাসরি যোগসূত্রের তথ্য পাওয়া যায়নি।
কুয়েত জানিয়েছে, তাদের আকাশ প্রতিরক্ষাব্যবস্থা ‘শত্রুতামূলক’ ড্রোন মোকাবিলা করছে। ড্রোন প্রতিহত করার সময় বিস্ফোরণের শব্দ শোনা গেছে বলেও জানিয়েছে দেশটির কর্তৃপক্ষ। তবে ড্রোনগুলোর উৎস, ক্ষয়ক্ষতি বা হতাহতের বিষয়ে বিস্তারিত কিছু জানানো হয়নি।
হরমুজ প্রণালি নিয়েও নতুন করে উদ্বেগ তৈরি হয়েছে। ইরানের সামরিক বাহিনীর দাবি, প্রণালিটি অতিক্রম করার সময় নৌমাইনের আঘাতে তিনটি তেলবাহী জাহাজ ক্ষতিগ্রস্ত হয়েছে। তবে যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনী জানিয়েছে, জাহাজ চলাচলের প্রধান পথগুলো থেকে মাইন সরিয়ে ফেলা হয়েছে।
একদিকে কেশম দ্বীপে মার্কিন হামলা, অন্যদিকে উপসাগরীয় দেশগুলোতে ড্রোন প্রতিহত করার ঘটনা এবং হরমুজ প্রণালিতে জাহাজ ক্ষতিগ্রস্ত হওয়ার দাবিতে আঞ্চলিক নিরাপত্তা নিয়ে উদ্বেগ বাড়ছে। বিশেষ করে বিশ্বের গুরুত্বপূর্ণ জ্বালানি পরিবহনপথ হরমুজ প্রণালিতে নৌ চলাচল বিঘ্নিত হওয়ার আশঙ্কা আন্তর্জাতিক জ্বালানি সরবরাহের জন্যও উদ্বেগের কারণ হয়ে উঠেছে।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন