প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
ঢাকা থেকে গাড়িতে করে গ্রামের দিকে ফেরার সময় গোপালগঞ্জে দুর্বৃত্তদের হাতে আটক হওয়ার পর, মুক্তিপণের বিনিময়ে মুক্তি পেয়েছেন বাগেরহাট জেলা বিএনপির সদস্য মনিরুল হক ফরাজী। তিনি অভিযোগ করেছেন, এই ঘটনার সঙ্গে জড়িত রয়েছে কার্যক্রম নিষিদ্ধঘোষিত আওয়ামী লীগের নেতাকর্মীরা।
সর্বশেষ শুক্রবার (২০ নভেম্বর) সন্ধ্যার পরে তিনি নিরাপদে অবস্থান করছেন বলে জানা গেছে।
অপহৃত বিএনপি নেতা মনিরুল হক ফরাজী জানান, মোট দুই লাখ ১৭ হাজার টাকা মুক্তিপণ দিয়ে বৃহস্পতিবার (১৯ নভেম্বর) সন্ধ্যায় তাকে ছাড়া হয়। মুক্তি পাওয়ার পর সেদিন রাতেই তিনি ঢাকায় নিজের বাসায় ফিরে আসেন। বর্তমানে তিনি চিকিৎসা নিয়ে বাসায় অবস্থান করছেন। এ ঘটনার বিষয়ে এখনও পুলিশের কাছে কোনো অভিযোগ করেননি তিনি।
মনিরুল হক ফরাজী বলেন, বুধবার (১৮ নভেম্বর) রাত ১টার দিকে ঢাকা থেকে নিজ গাড়িতে বিএনপি নেতা শেখ মঈন উদ্দিন আহমেদ ময়েন ও গাড়িচালক হাসানকে নিয়ে বাগেরহাটের উদ্দেশ্যে রওনা হন। বৃহস্পতিবার ভোররাতে মোংলা-মাওয়া মহাসড়কের গোপালগঞ্জের ঘোনাপাড়া এলাকায় পৌঁছালে আন্দোলনকারীরা তাদের গাড়ির দিকে আলোর ঝলকানি দেন। এ সময় তারা দেখতে পান, সড়কের উপর গাছ ফেলে অবরোধ করা হয়েছে। কিছু লোক গাছ সরিয়ে দিলে তারা দ্রুত গাড়ি নিয়ে সামনে যাওয়ার চেষ্টা করেন। কিন্তু লাঠিসোঁটা হাতে থাকা কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের একদল লোক তাদের গাড়ির গতিরোধ করে ঘিরে ফেলে।
তিনি বলেন, গাড়ি থেকে নামিয়ে সন্ত্রাসীরা তাকে এলোপাতাড়ি মারধর করে। তাদের আঘাতে তার নাক ও মুখ দিয়ে রক্ত ঝরতে থাকে। বিএনপি নেতা শেখ মঈন উদ্দিন আহমেদ ময়েন এবং গাড়িচালক হাসানকেও মারধর করা হয়। সন্ত্রাসীরা তার মোবাইলে প্রধানমন্ত্রীসহ বিএনপির বিভিন্ন অনুষ্ঠানে তার ছবি দেখে তাকে আরও মারপিট করে। এক পর্যায়ে তারা ওই দুইজনকে ছেড়ে দিয়ে তার কাছে থাকা নগদ ৬৭ হাজার টাকা, বিভিন্ন ব্যাংকের ডেবিট ও ক্রেডিট কার্ড, প্লাটিনামের একটি আংটি, গলার চেইন এবং আইফোন ১৭ প্রো ছিনিয়ে নেয়। পরে তাকে সঙ্গে নিয়ে তারা গোপালগঞ্জের বিভিন্ন এলাকায় পায়ে হেঁটে ঘোরাতে থাকে। ভোররাত থেকে দুপুর পর্যন্ত হাঁটতে বাধ্য করা হয়। একপর্যায়ে অপহরণকারীরা তাকে ছেড়ে দেওয়ার জন্য আরও টাকা দাবি করে। তখন বিকাশের মাধ্যমে দেড় লাখ টাকা এনে দিলে তাকে ছেড়ে দেওয়া হয়।
অপহরণের পর তার কাছ থেকে সব মিলিয়ে দুই লাখ ১৭ হাজার টাকা এবং বিভিন্ন মালামাল ছিনিয়ে নেওয়ার দাবি করে বিএনপি নেতা মনিরুল হক ফরাজী বলেন, পরে ভাড়ার মোটরসাইকেল ও বিভিন্ন পরিবহনে পথ ভেঙে ভেঙে বৃহস্পতিবার রাত ৯টার দিকে ঢাকার মোহাম্মদপুরের বাসায় ফিরেন। প্রথমে সন্ত্রাসীদের দলে ১৫ থেকে ২০ জন থাকলেও শেষ পর্যন্ত চারজন ছিল। তিনি তাদের কাউকেই ব্যক্তিগতভাবে চেনেন না। সন্ত্রাসীদের হাত থেকে মুক্তি পাওয়ার পর ঢাকাতে এসে চিকিৎসা নিয়েছেন। তবে এখনও সারা শরীরে প্রচণ্ড ব্যথা রয়েছে। এ ঘটনার বিষয়ে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে কিছু জানায়নি তিনি।
এ বিষয়ে বাগেরহাটের পুলিশ সুপার মো. জামিরুল ইসলাম জানিয়েছেন, বাগেরহাট জেলা বিএনপির সদস্য মনিরুল হক ফরাজী গোপালগঞ্জে অপহরণের খবর পেয়ে তারা গোপালগঞ্জ পুলিশের সঙ্গে যোগাযোগ শুরু করেন। বৃহস্পতিবার রাতে বিএনপি নেতা ফিরে এসেছেন বলে খবর পেয়েছেন। তিনি বর্তমানে চিকিৎসা নিচ্ছেন। সুস্থ হওয়ার পর তার কাছ থেকে বিস্তারিত শুনে আইনি ব্যবস্থা নেওয়া হবে।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন