প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
শীত এলেই কি জয়েন্টের ব্যথা বেড়ে যায়? আর বাড়লেও কী কারণে বাড়ে এবং ব্যথা কমানোর উপায় নিয়ে আজ আমরা হ্যালো ডাক্তার বিভাগে কথা বলব ডা. শেখ সাদিউল ইসলাম-এর সঙ্গে।
প্রশ্ন : শীতকালে কি সত্যিই জয়েন্টের ব্যথা বেড়ে যায়?
উত্তর : হ্যাঁ, অনেকের ক্ষেত্রে শীতকালে জয়েন্টের ব্যথা ও শক্তভাব বেড়ে যেতে পারে। বিশেষ করে, যারা অস্টিওআর্থ্রাইটিস বা দীর্ঘস্থায়ী মাংসপেশি ও জয়েন্টের ব্যথায় ভুগছেন, তারা বেশি অস্বস্তি অনুভব করতে পারেন। তবে শীত সরাসরি জয়েন্টের ক্ষয় বাড়িয়ে দেয়, এমন বৈজ্ঞানিক প্রমাণ নেই।
প্রশ্ন : শীতকালে ব্যথা বাড়ার কারণ কী?
উত্তর : ঠান্ডায় অনেকের মাংসপেশি ও জয়েন্টে শক্তভাব বেশি অনুভূত হয়। পাশাপাশি শীতকালে হাঁটাচলা ও ব্যায়াম কমে যায়। ফলে জয়েন্টের স্বাভাবিক নড়াচড়া এবং মাংসপেশির কার্যক্ষমতা কমে ব্যথা বাড়তে পারে। আবহাওয়ার তাপমাত্রা, বায়ুচাপ ও আর্দ্রতার পরিবর্তনের সঙ্গেও কিছু মানুষের ব্যথার সম্পর্ক পাওয়া গেছে, যদিও এর সুনির্দিষ্ট কারণ এখনো পুরোপুরি প্রতিষ্ঠিত নয়।
প্রশ্ন : কোন কোন রোগের ব্যথা শীতে বেশি হতে পারে?
উত্তর : হাঁটুর অস্টিওআর্থ্রাইটিস, কোমরব্যথা, লাম্বার ও সার্ভাইক্যাল স্পন্ডাইলোসিস, ফ্রোজেন শোল্ডার এবং পুরোনো আঘাতজনিত ব্যথা শীতে বেশি অনুভূত হতে পারে। রিউমাটয়েড আর্থ্রাইটিসের রোগীরাও অস্বস্তি বেশি অনুভব করতে পারেন। কারণ হাঁটাচলা ও ব্যায়াম কমে যাওয়ায় এ রোগের উপসর্গ বেড়ে যায়। তবে সবার ক্ষেত্রে এমন হয় না।
প্রশ্ন : শীতে কি কোমরের ডিস্ক প্রলাপস বা PLID বেড়ে যায়?
উত্তর : না। শীতের কারণে মেরুদণ্ডের ডিস্ক বেশি বেরিয়ে আসে কিংবা স্নায়ুর ওপর চাপ বেড়ে যায়, এমন প্রমাণ নেই। তবে আগে থেকে কোমরব্যথা বা সায়াটিকা থাকলে শারীরিক নিষ্ক্রিয়তা ও মাংসপেশির শক্তভাবের কারণে অস্বস্তি বাড়তে পারে।
প্রশ্ন : শীতকালে কি হাড় ক্ষয় বেড়ে যায়?
উত্তর : শীত সরাসরি হাড় ক্ষয়ের কারণ নয়। তবে দীর্ঘদিন পর্যাপ্ত সূর্যালোক না পাওয়া, শারীরিক কার্যক্রম কমে যাওয়া এবং পুষ্টির ঘাটতি হাড়ের স্বাস্থ্যের ওপর বিরূপ প্রভাব ফেলতে পারে। বিশেষ করে বয়স্ক ব্যক্তিদের এ বিষয়ে সচেতন থাকা জরুরি।
প্রশ্ন : শীতকালে জয়েন্টের ব্যথা কমাতে কী করবেন?
উত্তর : নিয়মিত হাঁটাহাঁটি, হালকা স্ট্রেচিং এবং মাংসপেশি শক্তিশালী করার ব্যায়াম চালিয়ে যেতে হবে। সকালে ঘুম থেকে উঠে হঠাৎ ভারী কাজ না করে কিছুক্ষণ ওয়ার্মআপ করা ভালো। দীর্ঘস্থায়ী শক্তভাব ও মাংসপেশির ব্যথায় হালকা গরম সেঁক আরাম দিতে পারে। পাশাপাশি শরীর উষ্ণ রাখা, ওজন নিয়ন্ত্রণ এবং সুষম খাবার গ্রহণ জরুরি।
প্রশ্ন : কখন চিকিৎসকের পরামর্শ নেওয়া উচিত?
উত্তর : ব্যথা দীর্ঘস্থায়ী হলে, ক্রমাগত বাড়তে থাকলে কিংবা স্বাভাবিক চলাফেরায় বাধা সৃষ্টি করলে চিকিৎসকের পরামর্শ নিতে হবে। বিশেষ করে জয়েন্ট ফুলে যাওয়া, লাল বা গরম হয়ে যাওয়া, জ্বর, হাত-পায়ে দুর্বলতা কিংবা কোমরব্যথার সঙ্গে প্রস্রাব-পায়খানার নিয়ন্ত্রণে নতুন সমস্যা দেখা দিলে দ্রুত চিকিৎসা নেওয়া জরুরি।
শীতকাল মানেই হাড় বা জয়েন্টের রোগ বেড়ে যাওয়া নয়। তবে আগে থেকে থাকা কিছু রোগের ব্যথা ও শক্তভাব শীতে বেশি অনুভূত হতে পারে। তাই ব্যথার ভয়ে হাঁটাচলা বন্ধ না করে নিয়মিত ব্যায়াম, সঠিক জীবনযাপন এবং প্রয়োজনমতো চিকিৎসার মাধ্যমে সুস্থ ও সচল থাকাই সবচেয়ে গুরুত্বপূর্ণ। মনে রাখবেন, শীতের কারণে ব্যথা বাড়তে পারে, কিন্তু সব ব্যথার কারণ শীত নয়।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন