প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
নারায়ণগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য (এমপি) মো. আজহারুল ইসলাম মান্নান বলেছেন, ‘আমরা কার্যক্রম শুরু করেছি মাত্র পাঁচ মাস আগে। কিন্তু এই অল্প সময়ের মধ্যে ইতিমধ্যেই দেশকে এগিয়ে নিতে কাজ করছি। দেশের মধ্যে অস্থিতিশীলতা সৃষ্টি করতে বিভিন্ন ষড়যন্ত্র চলমান রয়েছে। এসব ষড়যন্ত্রগুলোর বিরুদ্ধে ঐক্যবদ্ধভাবে মোকাবিলা করেই আমাদের সামনে এগিয়ে যেতে হবে।’
সোমবার দুপুরে সরকারি মার্চেন্ট ওয়ার্কার্স কলেজের ছয়তলা অ্যাকাডেমিক ভবনের উদ্বোধন উপলক্ষে এক সভায় প্রধান অতিথির বক্তব্যের সময় তিনি এ কথা বলেন।
এমপি আরও বলেন, ‘নির্বাচনের পূর্বে সিদ্ধিরগঞ্জবাসীর কাছে আমি যেসব প্রতিশ্রুতি দিয়েছিলাম, সেগুলো বাস্তবায়নের লক্ষ্যে কাজ করছি। বর্তমানে ৫০ শয্যার হাসপাতালে অনুমোদন হয়েছে। এই হাসপাতালটি কোথায় এবং কীভাবে বাস্তবায়িত হবে, সে বিষয়ে আমি কাজ করছি। সিদ্ধিরগঞ্জে খেলার মাঠ, কবরস্থান এবং ঈদগাহের প্রয়োজনীয় জায়গার বিষয়েও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে ইতিমধ্যে যোগাযোগ করেছি।’
তিনি বলেন, শিক্ষার্থীদের জন্য কলেজে বাস এবং শিক্ষক-শিক্ষিকাদের জন্য মাইক্রোবাসের যে দাবি উঠেছে, সেটির বাস্তবায়নও পর্যায়ক্রমে করার জন্য চেষ্টা করব।
আজহারুল ইসলাম মান্নান উল্লেখ করেন, ‘দেশের গ্যাস ও বিদ্যুৎ সংকটের পাশাপাশি মানুষের দীর্ঘদিনের সমস্যাগুলো সমাধানে সরকার কাজ করছে। নতুন গ্যাসের উৎস এবং সরবরাহ নিশ্চিত করার উদ্যোগ নেওয়া হয়েছে। আপনারা কিছুটা ধৈর্য ধরুন, ইনশাআল্লাহ, পর্যায়ক্রমে সব সমস্যার সমাধান হবে।’
সভার সভাপতিত্ব করেন সরকারি মার্চেন্ট ওয়ার্কার্স কলেজের অধ্যক্ষ প্রফেসর মো. ছোলাইমান খন্দকার। প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের প্রশাসক অ্যাডভোকেট শাখাওয়াত হোসেন খান, বিশেষ অতিথি হিসেবে ছিলেন নারায়ণগঞ্জ উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান মাশুকুল ইসলাম রাজিব।
এ সময় নারায়ণগঞ্জ জেলা বিএনপির সাবেক ভারপ্রাপ্ত আহ্বায়ক মনিরুল ইসলাম রবি, নারায়ণগঞ্জ মহানগর মহিলা দলের সাধারণ সম্পাদক আয়েশা সাখাওয়াত দিনা, সিদ্ধিরগঞ্জ থানা বিএনপির সাবেক সভাপতি আব্দুল হাই রাজু, সাবেক সাধারণ সম্পাদক ইকবাল হোসেন, সিদ্ধিরগঞ্জ থানা শ্রমিক দলের আহ্বায়ক টিএইচ তোফা, বিএনপির নেতা অ্যাডভোকেট হাবিবুর রহমান মাসুম, জেলা স্বেচ্ছাসেবক দলের নেতা মো. সাখাওয়াত হোসেন, নারায়ণগঞ্জ মহানগর যুবদলের সদস্য মো. শহিদুল ইসলাম, সোনারগাঁও উপজেলা বিএনপির সভাপতি মোশাররফ হোসেন, সিদ্ধিরগঞ্জ থানা বিএনপির সাবেক যুব বিষয়ক সম্পাদক মো. মাহবুব হোসেনসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন