প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
রাজশাহীতে দুই দিনব্যাপী কৃমি প্রতিরোধ ক্যাম্পেইন পরিচালনা করেছে সোশ্যাল মার্কেটিং কোম্পানি (এসএমসি), যা দেশব্যাপী কৃমি সংক্রমণ প্রতিরোধ ও জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে অনুষ্ঠিত হয়। ১৫ ও ১৬ নভেম্বর এই ক্যাম্পেইন অনুষ্ঠিত হয়। উদ্বোধনী অনুষ্ঠানে নারী, শিশু ও কিশোর-কিশোরীসহ শতাধিক মানুষ অংশগ্রহণ করেন।
১৫ নভেম্বর রাজশাহীর পুঠিয়া উপজেলার বানেশ্বর ইউনিয়নের নামাজগ্রাম পূর্বপাড়ায় কৃষি ক্লাব সংলগ্ন রাজেদুল ইসলামের বাড়ির প্রাঙ্গণে ক্যাম্পেইনের উদ্বোধন করা হয়।
ক্যাম্পেইনের উদ্বোধন করেন এসএমসি এবং এসএমসি এন্টারপ্রাইজ লিমিটেডের (এসএমসি ইএল) পরিচালনা পর্ষদের পরিচালক ও সাবেক অর্থসচিব সিদ্দিকুর রহমান চৌধুরী এবং এসএমসির ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা তছলিম উদ্দিন খান। এ সময় এসএমসির প্রধান কার্যালয়, আঞ্চলিক কার্যালয় ও মাঠপর্যায়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
ক্যাম্পেইনটি সফলভাবে সম্পন্ন করার জন্য এসএমসির স্টার নেটওয়ার্কের আওতাভুক্ত প্রায় ২২ হাজার ব্লু-স্টার, গ্রিন-স্টার ও গোল্ড-স্টার সেবাদানকারী, ফিল্ড টিম এবং অন্যান্য সেবাদানকারী দেশব্যাপী কাজ করেন। তাঁরা কৃমি সংক্রমণের কারণ, প্রতিরোধ ও প্রতিকার সম্পর্কে সচেতনতা তৈরির পাশাপাশি এসএমসির কৃমিনাশক ট্যাবলেট ‘ভারমিসিড’ (Albendazole 400 mg) সেবনের প্রয়োজনীয়তা সম্পর্কে পরামর্শ দেন। অংশগ্রহণকারীদের মধ্যে ট্যাবলেট বিতরণ করা হয় এবং কৃমিমুক্ত সুস্থ পরিবার গঠনে ছয় মাস পরপর কৃমিনাশক ওষুধ সেবনের বিষয়ে পরিবারগুলোকে উদ্বুদ্ধ করা হয়।
উদ্বোধনী অনুষ্ঠানে সিদ্দিকুর রহমান চৌধুরী বলেন, ‘বাংলাদেশে কৃমি সংক্রমণ প্রতিরোধে সরকারি উদ্যোগের পাশাপাশি বেসরকারি প্রতিষ্ঠানগুলোরও গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। জাতীয় পর্যায়ে কৃমি নিয়ন্ত্রণ কর্মসূচির ফলে আমরা উল্লেখযোগ্য অগ্রগতি অর্জন করেছি। এ অর্জন ধরে রাখতে নিয়মিত কৃমিনাশক ওষুধ সেবন, স্বাস্থ্যবিধি মেনে চলা এবং তৃণমূল পর্যায়ে সচেতনতা বৃদ্ধি অব্যাহত রাখতে হবে। এসএমসি তার বিস্তৃত স্টার নেটওয়ার্কের মাধ্যমে সরকারি উদ্যোগের পরিপূরক হিসেবে কৃমি প্রতিরোধে জনসচেতনতা বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আমি আশাবাদী।’
তছলিম উদ্দিন খান বলেন, ‘বাংলাদেশে কৃমি সংক্রমণ প্রতিরোধে সরকারি ও বেসরকারি পর্যায়ে বিভিন্ন উদ্যোগের ফলে উল্লেখযোগ্য অগ্রগতি হয়েছে। তবে এখনো বিপুলসংখ্যক মানুষের মধ্যে কৃমি সংক্রমণের ঝুঁকি রয়েছে। বিশেষ করে শিশুদের পুষ্টি, শারীরিক বৃদ্ধি ও স্বাভাবিক বিকাশে কৃমি সংক্রমণ নেতিবাচক প্রভাব ফেলতে পারে। দীর্ঘমেয়াদি সংক্রমণের ফলে রক্তস্বল্পতা, পুষ্টিহীনতা ও শারীরিক দুর্বলতা দেখা দিতে পারে।’
তিনি আরও বলেন, কৃমি সংক্রমণ প্রতিরোধে নিয়মিত কৃমিনাশক ওষুধ সেবনের পাশাপাশি ব্যক্তিগত পরিচ্ছন্নতা, নিরাপদ পানি ও স্বাস্থ্যসম্মত স্যানিটেশন নিশ্চিত করা জরুরি। এসএমসি এ লক্ষ্যেই দেশব্যাপী সচেতনতামূলক কার্যক্রম পরিচালনা করে আসছে।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন এসএমসির স্ট্র্যাটেজিক রিসার্চ কনসালট্যান্ট ড. মিজানুর রহমান, এসএমসি ইএল-এর বিক্রয় মহাব্যবস্থাপক চন্দ্রনাথ মণ্ডল, এসএমসির প্রোগ্রাম ইমপ্লিমেন্টেশন বিভাগের মহাব্যবস্থাপক মো. মশিউর রহমান, প্রোগ্রাম মার্কেটিং অ্যান্ড বিহেভিয়ার চেঞ্জ কমিউনিকেশন বিভাগের অতিরিক্ত মহাব্যবস্থাপক মোহাম্মদ মহিউদ্দিন আহমেদ এবং ফিল্ড অপারেশন বিভাগের উপমহাব্যবস্থাপক রেজাউল হকসহ প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তারা।
এসএমসি জানিয়েছে, সরকারি উদ্যোগের পরিপূরক হিসেবে জনস্বাস্থ্য উন্নয়ন ও কৃমিমুক্ত পরিবার গঠনে ভবিষ্যতেও এ ধরনের সচেতনতামূলক কার্যক্রম অব্যাহত থাকবে।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন