প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
পাবনায় জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশের পৃথক দুটি বিশেষ অভিযানে চারটি দেশীয় ওয়ান শুটারগান, একটি বিদেশি রিভলবার, ১২ রাউন্ড গুলি ও কার্তুজ এবং অস্ত্র বিক্রির নগদ ৩০ হাজার টাকাসহ চারজনকে গ্রেপ্তার করা হয়েছে। পুলিশের দাবি, গ্রেপ্তার ব্যক্তিরা অবৈধ অস্ত্র ব্যবসার সঙ্গে জড়িত। এ ঘটনায় আরও একজন পলাতক রয়েছেন।
বুধবার (২১ অক্টোবর) রাত ও বৃহস্পতিবার (২২ অক্টোবর) সকালে পাবনা সদর, আমিনপুর ও সুজানগর থানা এলাকায় পৃথক অভিযান চালিয়ে তাঁদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার ব্যক্তিরা হলেন—পাবনা সদর উপজেলার হেমায়েতপুর ইউনিয়নের চরঘোষপুর গ্রামের আনসার শেখের ছেলে আলাল শেখ (৫২), আমিনপুর থানার ভাটিকয়া গ্রামের হাশেম কাজীর ছেলে জনি কাজী (২৮), ঢালারচর ইউনিয়নের রামনারায়ণপুর গ্রামের মৃত ঝড়ু মন্ডলের ছেলে জলিল মন্ডল (২৮) এবং একই ইউনিয়নের মিরপুর গ্রামের জসিম মন্ডলের ছেলে বাবলু মন্ডল (২৬)।
ডিবি পুলিশ সূত্রে জানা যায়, বুধবার রাত ৮টার দিকে পাবনা সদর উপজেলার হেমায়েতপুর ইউনিয়নের চরঘোষপুর এলাকায় প্রথম অভিযান পরিচালনা করা হয়। এ সময় আলাল শেখ ও জনি কাজীকে গ্রেপ্তার করা হয়। তাঁদের কাছ থেকে দুটি দেশীয় ওয়ান শুটারগান, একটি .২২ বোরের আট চেম্বারবিশিষ্ট বিদেশি রিভলবার, ১০ রাউন্ড তাজা গুলি এবং অস্ত্র বিক্রির নগদ ৩০ হাজার টাকা উদ্ধার করা হয়।
অপরদিকে, বৃহস্পতিবার সকাল সাড়ে ৬টার দিকে আমিনপুর থানার ঢালারচর ইউনিয়নের রামনারায়ণপুর ও সুজানগর থানার নাজিরগঞ্জ বাজার এলাকায় দ্বিতীয় অভিযান চালায় ডিবি পুলিশ। এ অভিযানে জলিল মন্ডল ও বাবলু মন্ডলকে গ্রেপ্তার করা হয়। তাঁদের কাছ থেকে দুটি দেশীয় ওয়ান শুটারগান ও দুই রাউন্ড তাজা কার্তুজ উদ্ধার করা হয়। এ ঘটনায় আরও একজন পলাতক রয়েছেন।
পুলিশ জানায়, গ্রেপ্তার ব্যক্তিদের বিরুদ্ধে আগেও অস্ত্র আইনে মামলা রয়েছে। পলাতক ব্যক্তিকে গ্রেপ্তার এবং আরও অবৈধ আগ্নেয়াস্ত্র উদ্ধারে অভিযান অব্যাহত রয়েছে।
এ ঘটনায় গ্রেপ্তার চারজনের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় ১৮৭৮ সালের অস্ত্র আইনের ১৯(এফ)/১৯-এ ধারায় পৃথক নিয়মিত মামলা করা হয়েছে।
জেলা গোয়েন্দা পুলিশ জানিয়েছে, জেলার আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা, অবৈধ অস্ত্র উদ্ধার এবং অপরাধ দমনে এ ধরনের বিশেষ অভিযান অব্যাহত থাকবে।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন