প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
চলতি বছরের ৮ এপ্রিল। প্রকৃতির তখন চৈত্র মাস। সেদিন প্রচণ্ড গরম পড়েছিল। তবুও ফুলের খোঁজে ময়মনসিংহের বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের বোটানিক্যাল গার্ডেনে গিয়েছিলাম। ব্রহ্মপুত্রের তীরে পুষ্প, বৃক্ষ, লতা-গুল্মে সমৃদ্ধ এই উদ্যানের মূল ফটক দিয়ে প্রবেশ করে ডান দিকে কিছুটা এগিয়ে গিয়ে দেয়ালের কাছেই রাজ অশোকের দেখা পেলাম। গাছে ফুল নিয়ে ঝুলছে লম্বা মঞ্জরিদণ্ড। তখন ফুলগুলো পুরোপুরি ফোটেনি। ছবি তুলে ফেললাম ঝটপট।
প্রকৃতির এক অনন্য ও দুর্লভ সৃষ্টি রাজ অশোক। এটি উদ্ভিদজগতের অন্যতম রূপবতী ও রাজকীয় বৃক্ষ হিসেবে পরিচিত। এর বৈজ্ঞানিক নাম Amherstia nobilis, যা Fabaceae পরিবারের অন্তর্গত একটি উদ্ভিদ এবং এই জেনাসের এটি একমাত্র প্রজাতি। বৈশ্বিকভাবে এটি Pride of Burma, Orchid Tree কিংবা Tree of Heaven নামেও পরিচিত। ঢাকার বিখ্যাত বলধা গার্ডেনের প্রয়াত তত্ত্বাবধায়ক অমৃতলাল আচার্য এই গাছটির বাংলা নাম রেখেছিলেন রাজ অশোক। স্বর্গের অপ্সরা উর্বশীর সঙ্গে তুলনা করে অনেকেই একে উর্বশী নামেও ডাকেন।
রাজ অশোকের আদি নিবাস প্রতিবেশী দেশ মিয়ানমার। সেখান থেকে এটি কালক্রমে ভারতীয় উপমহাদেশসহ বিশ্বের বিভিন্ন ক্রান্তীয় অঞ্চলে ছড়িয়ে পড়ে। বাংলাদেশে এই গাছটি অত্যন্ত বিরল ও বিপন্ন। ঢাকা বিশ্ববিদ্যালয়ের কার্জন হল প্রাঙ্গণ, মিরপুর জাতীয় উদ্ভিদ উদ্যান, বলধা গার্ডেন এবং চট্টগ্রাম ও আরাকানের কিছু বৌদ্ধ বিহারে অত্যন্ত যত্নসহকারে গাছটি টিকিয়ে রাখা হয়েছে।
রাজ অশোক একটি মাঝারি আকৃতির চিরসবুজ বৃক্ষ। এটি সাধারণত ৮ থেকে ১০ মিটার উঁচু হয়ে থাকে। ফুলহীন অবস্থায় সাধারণ অশোক গাছের সঙ্গে এর ডালপালা, কাণ্ড ও পাতার বেশ মিল দেখা যায়। তবে ফুল ফোটার পর এর আসল রাজকীয় রূপ প্রকাশ পায়। এই গাছের কচি পাতাগুলো অত্যন্ত আকর্ষণীয়। ডালের ডগায় ঝুলে থাকা কচি পাতাগুলোর রং তামাটে বা হালকা চকোলেট রঙের। পাতাগুলো বড় হলে গাঢ় সবুজ রং ধারণ করে। রাজ অশোকের আসল সৌন্দর্য এর ফুলে। এর ফুল ফোটার প্রধান সময় হেমন্ত থেকে বসন্তকাল (বিশেষ করে শীতকাল)। শাখার আগায় কিংবা পাতার কক্ষে দীর্ঘ, ঝুলন্ত পুষ্পমঞ্জরি তৈরি হয়। মঞ্জরিতে একাধিক ফুল পর্যায়ক্রমে ফোটে। ফুলের রং উজ্জ্বল লাল, গাঢ় গোলাপি ও লালচে আভাযুক্ত। পাপড়ির মধ্যে হলুদ দাগ ও সাদা-লাল রঙের সূক্ষ্ম নকশা ফুলের সৌন্দর্য আরো বাড়িয়ে তোলে। এর দীর্ঘ ঝুলন্ত পুষ্পমঞ্জরি যেন প্রকৃতির সাজানো ফুলের ঝাড়বাতি। প্রতিটি মঞ্জরিতে চার-পাঁচটি ফুল চমৎকার বিপরীত সজ্জায় সাজানো থাকে।
রাজ অশোক শুধু বাহ্যিক সৌন্দর্যের জন্যই অনন্য নয়, এর রয়েছে নান্দনিক ও পরিবেশগত গুরুত্ব। একে বিশ্বের সবচেয়ে সুন্দর ফুল উৎপাদনকারী গাছের একটি হিসেবে ধরা হয়। যেকোনো উদ্যান, বোটানিক্যাল গার্ডেন বা শিক্ষাপ্রতিষ্ঠানের নান্দনিক সৌন্দর্য বহুগুণ বাড়িয়ে দিতে এই বৃক্ষের জুড়ি নেই। এটি পরিবেশের ভারসাম্য রক্ষায় এবং বায়ু শোধনে ভূমিকা রাখে।
বাংলাদেশে রাজ অশোক অত্যন্ত দুর্লভ ও বিলুপ্তপ্রায় একটি উদ্ভিদ। এর গুরুত্ব বিবেচনা করে বাংলাদেশের ২০১২ সালের বন্য প্রাণী (সংরক্ষণ ও নিরাপত্তা) আইনের তফসিল-৪ অনুযায়ী এই প্রজাতিটিকে সংরক্ষিত উদ্ভিদ হিসেবে ঘোষণা করা হয়েছে। অর্থাৎ এই গাছ কাটা বা ক্ষতিসাধন করা আইনত দণ্ডনীয় অপরাধ।
এই গাছে ফল ও বীজ হলেও বীজ থেকে প্রাকৃতিকভাবে চারা গজানোর হার খুবই কম। মূলত গুটি কলম বা গ্রাফটিংয়ের মাধ্যমে এর চারা তৈরি করতে হয়। তাই উদ্ভিদবিজ্ঞানী ও প্রকৃতিপ্রেমীদের কাছে এই গাছের কৃত্রিম প্রজনন ও চারা ছড়িয়ে দেওয়ার গুরুত্ব অনেক বেশি। রাজ অশোকের প্রধান গুরুত্ব শোভাবর্ধক বৃক্ষ হিসেবে। উদ্ভিদ উদ্যান, বৃহৎ ব্যক্তিগত বাগান, পার্ক এবং উপযুক্ত উন্মুক্ত স্থানে এটি রোপণ করা যায়।
লেখক : অধ্যাপক ও বিভাগীয় প্রধান, উদ্ভিদবিজ্ঞান বিভাগ, মুমিনুন্নিসা সরকারি মহিলা কলেজ, ময়মনসিংহ
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন