প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
মার্কিন পরিবহনমন্ত্রী শন ডাফি ফোর্ড মোটর কোম্পানির সমালোচনা করেছেন, চীনা প্রযুক্তির ওপর নির্ভরতার অভিযোগ তুলে। তবে, ডেট্রয়েটভিত্তিক গাড়ি নির্মাতা প্রতিষ্ঠানটি এই অভিযোগকে ‘ভুল ধারণার ওপর ভিত্তি করে করা’ বলে প্রত্যাখ্যান করেছে।
এএফপি সংবাদ সংস্থার খবর অনুযায়ী, মঙ্গলবার মার্কিন পরিবহন মন্ত্রণালয়ের ওয়েবসাইটে প্রকাশিত ফোর্ডের প্রধান নির্বাহী কর্মকর্তা জিম ফার্লিকে লেখা চিঠিতে ডাফি বলেন, কোম্পানিটির ‘সাম্প্রতিক কৌশলগত সিদ্ধান্তগুলো একটি উদ্বেগজনক চিত্র তুলে ধরছে।’
ডাফির মতে, একটি ঐতিহ্যবাহী মার্কিন ব্র্যান্ড ক্রমেই চীনা সরকারের সমর্থনপুষ্ট প্রতিষ্ঠানের সঙ্গে তার ভবিষ্যৎকে জড়িয়ে ফেলছে। তিনি উল্লেখ করেন, মিশিগানের মার্শালে ফোর্ডের ‘ব্লুওভাল ব্যাটারি পার্ক’ কারখানায় চীনা ব্যাটারি নির্মাতা প্রতিষ্ঠান সিএটিএল-এর প্রযুক্তি ব্যবহারে পরিবহন মন্ত্রণালয় ‘উদ্বিগ্ন’ রয়েছে।
ডাফির বক্তব্য অনুসারে, চীনা প্রযুক্তিগত জ্ঞান ব্যবহার করা যুক্তরাষ্ট্রের জাতীয় ও অর্থনৈতিক নিরাপত্তা এবং সরবরাহ ব্যবস্থার স্বাধীনতা নিশ্চিত করার নীতির মূল উদ্দেশ্যকে প্রশ্নের মুখে ফেলছে।
ফোর্ডের চীনা কোম্পানিগুলোর সঙ্গে অন্যান্য সহযোগিতারও সমালোচনা করেন ডাফি। তিনি স্পেনে চীনের গিলি কোম্পানির সঙ্গে ফোর্ডের যৌথ উদ্যোগের কথা উল্লেখ করেন।
এছাড়া, চীন থেকে লিংকন ব্র্যান্ডের গাড়ি উৎপাদন যুক্তরাষ্ট্রে ফিরিয়ে আনতে ২০৩০ সাল পর্যন্ত অপেক্ষা করার সিদ্ধান্ত নিয়েও ফোর্ডের সমালোচনা করেন ডাফি।
ফোর্ডের পক্ষ থেকে জানানো হয়েছে, ডাফির চিঠিতে ‘তথ্যগত ভুল’ রয়েছে এবং কোম্পানিটির কার্যক্রম সম্পর্কে ভুল ধারণা দেওয়া হয়েছে।
কোম্পানিটি ডাফির চিঠিকে ‘শিরোনাম পাওয়ার জন্য ভুল ধারণার ওপর ভিত্তি করে নেওয়া একটি প্রচেষ্টা’ বলে মন্তব্য করেছে।
ফোর্ড উল্লেখ করেছে, ট্রাম্প প্রশাসনের অন্যান্য কর্মকর্তারা সম্প্রতি ফোর্ডের সরবরাহব্যবস্থা নিয়ে যে ইতিবাচক মন্তব্য করেছেন, সেগুলোও তারা তুলে ধরেছে।
ফোর্ড আগস্টে ফক্স বিজনেসকে দেওয়া বাণিজ্যমন্ত্রী হাওয়ার্ড লুটনিকের মন্তব্যও উল্লেখ করেছে। লুটনিক তখন গাড়ি নির্মাতা প্রতিষ্ঠানটির প্রশংসা করে বলেছিলেন, ‘ফোর্ড যুক্তরাষ্ট্রে উৎপাদন ফিরিয়ে এনে আমাদের চমকে দেবে।’
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন