প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
রাজধানীর মিরপুরের দক্ষিণ বিশিল আদর্শ বিদ্যানিকেতন সম্পর্কিত একতরফা সংবাদ প্রচার ও অপপ্রচারের অভিযোগ উত্থাপন করেছে বিদ্যালয়টির বর্তমান ব্যবস্থাপনা কমিটি। বিদ্যালয়ের জমি বরাদ্দ, লিজ দলিল এবং সাবেক কমিটির বিরুদ্ধে প্রায় ২০ কোটি টাকা আত্মসাতের অভিযোগের নিরপেক্ষ তদন্তের দাবি জানানো হয়েছে।
মঙ্গলবার (১৭ নভেম্বর) জাতীয় প্রেস ক্লাবে আয়োজিত সংবাদ সম্মেলনে এই অভিযোগ ও দাবি তুলে ধরা হয়। সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা প্রয়াত কামাল হোসেন বরকতের স্ত্রী এবং বর্তমান ব্যবস্থাপনা কমিটির চেয়ারম্যান আসমা আক্তার পপি।
লিখিত বক্তব্যে আসমা আক্তার পপি অভিযোগ করেন যে, ৪ নভেম্বর একটি বেসরকারি টেলিভিশন চ্যানেলে বিদ্যালয়টি নিয়ে একতরফা ও বিভ্রান্তিকর প্রতিবেদন প্রচার করা হয়। তিনি দাবি করেন, ওই প্রতিবেদনে বিদ্যালয় কর্তৃপক্ষের কোনো বক্তব্য নেওয়া হয়নি।
আসমা আক্তার পপি বলেন, তার স্বামী ১৯৮৮ সালে বিনা বেতনে শিক্ষাদানের উদ্দেশ্যে বিদ্যালয়টি প্রতিষ্ঠা করেন। ১৯৯৪ সালে পূর্ত মন্ত্রণালয় থেকে জমি বরাদ্দ এবং ১৯৯৫ সালে নিবন্ধিত লিজ দলিলের মাধ্যমে প্রতিষ্ঠানটির সম্পত্তি অর্জিত হয়। তবে ২০০১ সালের ২৬ আগস্ট রাজনৈতিক প্রভাব খাটিয়ে একটি পক্ষ বিদ্যালয়টি দখল করে নেয় বলে অভিযোগ করেন তিনি।
তিনি আরও দাবি করেন, পরবর্তী সময়ে রুনু আক্তারকে সভাপতি করে একটি কমিটি গঠন করা হয়। ২০০২ সালে সংশোধনী দলিলের মাধ্যমে রুনু আক্তার একক চেয়ারম্যান হিসেবে প্রতিষ্ঠানটির নিয়ন্ত্রণ গ্রহণ করেন।
সংবাদ সম্মেলনে সাবেক সভাপতি রুনু আক্তারের বিরুদ্ধে বিদ্যালয়ের প্রায় ২০ কোটি টাকা আত্মসাতের অভিযোগও তোলা হয়। বর্তমান কমিটির দাবি, ২০২৪ সালের ২৬ আগস্ট শিক্ষার্থীদের প্রতিবাদের মুখে তিনি বিদ্যালয় ছেড়ে চলে যান। পরে শিক্ষা অধিদপ্তরের অনুমোদনে নতুন ব্যবস্থাপনা কমিটি গঠন করা হয়।
তবে সাবেক কমিটির কাছে বিদ্যালয়ের বিগত দিনের আয়-ব্যয়ের হিসাব ও ব্যাংক লেনদেনের বিবরণী চেয়েও পাওয়া যায়নি বলে অভিযোগ করেন আসমা আক্তার পপি। তিনি জানান, এ বিষয়ে গত ৫ মার্চ আইনি নোটিশ পাঠানো হয়েছে।
বিদ্যালয়টি কোনো রাজনৈতিক সংগঠনের দখলে নেওয়ার প্রচারণাকে ভিত্তিহীন দাবি করে আসমা আক্তার পপি বলেন, নতুন কমিটি গঠনের পর থেকে তাকে ও কমিটির সদস্যদের হুমকি দেওয়া হচ্ছে। এ ঘটনায় দারুস সালাম থানায় দুটি সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছে। এছাড়া সংশ্লিষ্ট টেলিভিশন চ্যানেলের বার্তা প্রধানের কাছে প্রতিবাদপত্র পাঠানো হয়েছে।
সংবাদ সম্মেলনে বিদ্যালয়টির বিষয়ে পাঁচ দফা দাবি জানানো হয়। দাবিগুলোর মধ্যে রয়েছে বিদ্যালয়ের জমি বরাদ্দ, লিজ ও সংশোধনী দলিলের নিরপেক্ষ তদন্ত; অতীত ও বর্তমান ব্যবস্থাপনা কমিটির বৈধতা যাচাই; প্রায় ২০ কোটি টাকা আত্মসাতের অভিযোগ তদন্ত করে দায়ীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ; বিদ্যালয়ের জমি, ভবন ও অর্থের নিরাপত্তা নিশ্চিত করা এবং শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবক ও কমিটির সদস্যদের সার্বিক নিরাপত্তা প্রদান।
সংবাদ সম্মেলন থেকে প্রশাসন ও সংশ্লিষ্ট শিক্ষা কর্তৃপক্ষের প্রতি অভিযোগগুলো নিরপেক্ষভাবে তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়ার আহ্বান জানানো হয়।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন