প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
ফ্রান্সের দক্ষিণাঞ্চল তীব্র তাপপ্রবাহ ও ভয়াবহ দাবানলে বিপর্যস্ত হয়ে পড়েছে। ১০ হাজারের বেশি মানুষকে আগুনের ভয়াবহতা থেকে বাঁচাতে নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হয়েছে।
শুষ্ক আবহাওয়া, শক্তিশালী বাতাস এবং প্রচণ্ড গরমের কারণে আগুন দ্রুত ছড়িয়ে পড়ছে, ফলে পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখার জন্য ফরাসি কর্তৃপক্ষ হিমশিম খাচ্ছে।
ফরাসি গণমাধ্যমের খবরে জানা যায়, দক্ষিণাঞ্চলের পিরেনিজ-ওরিয়ঁতাল এলাকায় ছড়িয়ে পড়া দাবানল ইতোমধ্যে বিস্তীর্ণ বনাঞ্চল ও প্রাকৃতিক এলাকা ক্ষতিগ্রস্ত করেছে। আগুন নিয়ন্ত্রণে আনতে বিপুল সংখ্যক দমকল বাহিনী, বিশেষায়িত যানবাহন এবং আকাশপথে পানি নিক্ষেপকারী বিমান মোতায়েন করা হয়েছে।
স্থানীয় প্রশাসনের পক্ষ থেকে নিশ্চিত করা হয়েছে যে, আগুনের বিস্তার ঠেকাতে ঝুঁকিপূর্ণ এলাকার বাসিন্দাদের দ্রুত সরিয়ে নেওয়া হচ্ছে। অনেক পরিবারকে অস্থায়ী আশ্রয়কেন্দ্রে থাকতে হচ্ছে। দাবানল মোকাবিলায় ২৪ ঘণ্টাই কাজ করে যাচ্ছেন দমকলকর্মীরা। কিছু দমকলকর্মী এই আগুন নিয়ন্ত্রণের সময় আহত হওয়ার খবরও কর্তৃপক্ষ জানিয়েছে।
ফ্রান্সের আবহাওয়া বিভাগ নিশ্চিত করেছে যে, দেশের দক্ষিণ ও দক্ষিণ-পশ্চিমাঞ্চলে তাপপ্রবাহ অব্যাহত আছে। কয়েকটি এলাকায় তাপমাত্রা ৪০ ডিগ্রি সেলসিয়াসের বেশি যাওয়ার আশঙ্কা রয়েছে। দীর্ঘদিনের শুষ্কতা এবং অতিরিক্ত গরমের কারণে বনাঞ্চলে অগ্নিঝুঁকি আরো বৃদ্ধি পেয়েছে।
চরম গরমের ফলে সাধারণ মানুষের পাশাপাশি পর্যটক, কৃষক এবং খোলা প্রান্তরে কাজ করা শ্রমজীবীরা সমস্যায় পড়েছে। স্বাস্থ্য কর্তৃপক্ষ বিশেষ বিবেচনাধী নীতিনির্দেশনা দিয়েছে বয়স্ক ব্যক্তি, শিশু ও অসুস্থদের জন্য বিশেষ সতর্ক থাকার আহ্বান জানিয়ে। নাগরিকদের পর্যাপ্ত পানি পান করা, দিনের অত্যন্ত গরম সময়ে বাইরে বের হওয়া এড়িয়ে চলা এবং অপ্রয়োজনীয় ভ্রমণ সীমিত করার পরামর্শ দেওয়া হয়েছে।
বিশ্বের অন্যতম জনপ্রিয় সাইক্লিং প্রতিযোগিতা ‘ট্যুর দ্য ফ্রান্সে’ দাবানলের প্রভাব পড়েছে। আগুনের ঝুঁকির কারণে নিরাপত্তা ব্যবস্থা শক্তিশালী করা হয়েছে এবং দর্শকদের উপস্থিতি সীমিত করা হয়েছে। আয়োজকরা জানিয়েছেন, প্রচণ্ড গরমের মধ্যে প্রতিযোগিতায় অংশগ্রহণকারীদের জন্য অতিরিক্ত ঠান্ডা পানি, বরফ এবং শরীরের তাপমাত্রা নিয়ন্ত্রণের বিশেষ ব্যবস্থা রাখা হয়েছে। তবে আবহাওয়া পরিস্থিতি আরো খারাপ হলে প্রতিযোগিতাটির কিছু অংশ পরিবর্তনের বিষয়ে প্রস্তুতি নেওয়া হয়েছে।
ফরাসি পরিবেশ বিশেষজ্ঞরা বলেন, ইউরোপে সাম্প্রতিক বছরগুলোতে তাপপ্রবাহের তীব্রতা ও স্থায়িত্ব বেড়েছে। সে সহিত দাবানলের ঝুঁকিও বাড়ছে। দীর্ঘস্থায়ী খরা, উচ্চতাপমাত্রা এবং শুষ্ক উদ্ভিদ আগুন দ্রুত ছড়িয়ে পড়ার প্রধান কারণগুলোর একটি। বিশেষজ্ঞদের মতে, ফ্রান্সের এবারের দাবানল শুধুমাত্র একটি প্রাকৃতিক দুর্যোগ নয়; এটি জলবায়ু পরিবর্তনের ক্রমবর্ধমান প্রভাবের আরেকটি উদাহরণ। এর ফলে জনস্বাস্থ্য, পর্যটন, অর্থনীতি এবং বড় আন্তর্জাতিক আয়োজনের উপর প্রভাব পড়ছে। দক্ষিণ ইউরোপের দেশগুলোতে গ্রীষ্মকালীন দাবানল এখন বড় ধরনের চ্যালেঞ্জ হয়ে উঠেছে। ফরাসি বিশেষজ্ঞরা সতর্ক করেছেন, তাপমাত্রা বৃদ্ধি ও বৃষ্টিপাতের অনিয়ম অব্যাহত থাকলে ভবিষ্যতে এ ধরনের সংকট আরো ঘন ঘন দেখা দিতে পারে।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন