প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
যুক্তরাজ্য ভিত্তিক লন্ডন টি এক্সচেঞ্জ সিলেট অঞ্চলের চায়ের ঐতিহ্যকে ইউরোপের বাজারে ছড়িয়ে দিতে দীর্ঘ দিন ধরে কাজ করে আসছে। সেই ধারাবাহিকতায় মৌলভীবাজারে ‘সিলেট টি—দ্য ব্রাগানজা ব্লেন্ড’ প্যাকেজিং ইউনিট চালু করা হয়েছে। সংশ্লিষ্টরা মনে করছেন, এই উদ্যোগ বাংলাদেশের চায়ের ব্র্যান্ডিং ও রপ্তানিতে নতুন সম্ভাবনার দুয়ার খুলবে।
মৌলভীবাজার, যা চায়ের রাজধানী হিসেবে পরিচিত, সেখানে চা বাগানের পাশে যাত্রা শুরু করেছে ‘সিলেট টি—দ্য ব্রাগানজা ব্লেন্ড’ চায়ের ‘লন্ডন টি এক্সচেঞ্জ প্যাকেজিং ইউনিট’।
রোববার (২২ নভেম্বর) সকালে পর্তুগিজ রাজপরিবারের সদস্য ইনফান্তা মারিয়া ফ্রান্সিসকা দে ব্রাগাঞ্জা আনুষ্ঠানিকভাবে এই ইউনিটের উদ্বোধন করেন। উদ্বোধনী অনুষ্ঠানে লন্ডন টি এক্সচেঞ্জের চেয়ারম্যান শেখ অলিউর রহমান উপস্থিত ছিলেন।
বাংলাদেশ চা গবেষণা ইন্সটিটিউটের পরিচালক ড. ইসমাইল হোসেন, চা বোর্ডের প্রকল্প ইউনিটের পরিচালক মো. রফিকুল ইসলামসহ দেশ-বিদেশের চায়ের সঙ্গে সংশ্লিষ্ট অনেকেই সেখানে উপস্থিত ছিলেন।
এই ইউনিটের মাধ্যমে বাংলাদেশের চায়ের ঐতিহ্যের সঙ্গে পর্তুগালের ঐতিহাসিক রাজপরিবার ‘হাউস অব ব্রাগাঞ্জা’র পরিচিতি যুক্ত হলো। পর্তুগিজ রাজকন্যা জানান, সিলেট টি এক্সচেঞ্জের আমন্ত্রণে এখানে আসতে পেরে তিনি আনন্দিত। তিনি আশা প্রকাশ করেন যে, সিলেটের চায়ের বাজার টি এক্সচেঞ্জের মাধ্যমে আরও সমৃদ্ধ হবে।
রাজকন্যা ইনফান্তা মারিয়া ফ্রান্সিসকা দে ব্রাগাঞ্জা গণমাধ্যমকে বলেন, "এটা একটা বড় দায়িত্ব, কারণ আপনাদের সবকিছুই আছে। আপনাদের চায়ের গুণগত মান আছে, পেছনে অসাধারণ অভিজ্ঞতার কাজ রয়েছে, এবং নিশ্চয়তাও আছে। এখানে আমার কাজ হলো সম্ভাব্য সেরা উপায়ে আপনাদের পণ্য চা তুলে ধরা ও প্রচার করা। আমি আসার পর থেকেই এখানকার চা-বাগান, চমৎকার দৃশ্য, অসাধারণ মানুষ এবং আপনাদের পণ্যের গুণগত মান দেখে পুরোপুরি মুগ্ধ হয়েছি। আমি নিশ্চিত আপনারা ভালো করবেন। আশা করি যে বিশ্বে সিলেটের চা সম্ভাব্য সেরা হবে। কারণ এ দেশ অত্যন্ত মূল্যবান এবং এই স্বীকৃতি আপনাদের প্রাপ্য।"
সিলেট অঞ্চলের চায়ের দীর্ঘ ঐতিহ্য এবং পর্তুগিজ রাজপরিবারের ঐতিহাসিক আবহ—এই দুইয়ের সমন্বয়ে গড়ে ওঠা নতুন ব্র্যান্ডটি বৈশ্বিক বাজারে বাংলাদেশের চায়ের বিপণনে নতুন মাত্রা যোগ করবে বলে মনে করছেন চা খাত সংশ্লিষ্টরা। সিলেটের চায়ের ঐতিহ্যের সঙ্গে পর্তুগিজ রাজপরিবারের পরিচিতির সমন্বয়ে নতুন এই ব্র্যান্ড ইউরোপের বাজারে বাংলাদেশের চায়ের অবস্থান আরও শক্তিশালী করবে বলে আশা করছেন চা সংশ্লিষ্টরা।
লন্ডন টি এক্সচেঞ্জ বেশ কিছুদিন ধরে চায়ের আন্তর্জাতিক ব্র্যান্ডিং ও রপ্তানি সম্প্রসারণে কাজ করছে। চা বাগানের সান্নিধ্যে গড়ে তোলা এই প্যাকেজিং ইউনিট, টি টেস্টিং সুবিধা ও ওয়্যারহাউস চায়ের মান নিয়ন্ত্রণ এবং রপ্তানি কার্যক্রমকে আরও গতিশীল করবে।
লন্ডন টি এক্সচেঞ্জের চেয়ারম্যান শেখ অলিউর রহমান জানান, "বাংলাদেশ টি বোর্ড অসাধারণ ভূমিকা রেখেছে। আমাদের উদ্দেশ্য বিশ্বের প্রতিটি দেশ বাংলাদেশি চা এবং সিলেটি চা সম্পর্কে জানবে, তবে আমরা ঠিক সেটাই চাই। এরই মধ্যে বিশ্বের ১৪টি দেশ জানিয়েছে যে তারা সিলেটি চা চায়—কারণ লন্ডন টি এক্সচেঞ্জ এটি করছে। প্রথমবারের মতো যখন আমাদের মতো দীর্ঘ ইতিহাসের অধিকারী একটি কোম্পানি—লন্ডন টি এক্সচেঞ্জ চা নিয়ে কাজ করে, তখন সবাই সেদিকে তাকিয়ে দেখে। লন্ডন টি এক্সচেঞ্জ যদি এই চা নিয়ে কাজ করে থাকে, তবে এর পেছনে নিশ্চয়ই কোনো কারণ আছে।"
তিনি আরও বলেন, "আর একটি বিষয় আমাদের অন্য সবার থেকে আলাদা করে, তা হলো মান। আমরা সবসময় মানের জন্য লড়াই করি। এখানে আপনারা দেখতে পাবেন যে এটি ল্যাব টেস্ট করা। আমরা যে প্রতিটি চা নিয়ে কাজ করি, তা ল্যাব টেস্ট করা হয়। ফলে বাংলাদেশ এবং বিদেশের মানুষ জানবেন যে এটি নিরাপদ। এতে বাড়তি কোনো রঙ, প্রিজারভেটিভ বা অন্য কিছু নেই, এটি সম্পূর্ণ প্রাকৃতিক।"
পর্তুগিজ রাজকন্যার সম্পৃক্ততায় নতুন এই ব্লেন্ডিং উদ্যোগ ইউরোপের বিভিন্ন দেশে ‘সিলেট টি’ এর পরিচিতি আরও বাড়াবে। এর ফলে ব্লেন্ডিং চা রপ্তানিতে দ্রুত প্রবৃদ্ধি আসবে বলে আশাবাদী সংশ্লিষ্টরা।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন