প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
ইসরায়েলের সাম্প্রতিক সাধারণ নির্বাচনে আরব দলগুলোর ঐতিহাসিক সাফল্যের পর দেশটির টেলিভিশন ও সামাজিক যোগাযোগমাধ্যমে আরববিরোধী বর্ণবাদী ও বিদ্বেষমূলক বক্তব্যের তীব্রতা আশঙ্কাজনকভাবে বেড়ে গেছে। গত ২৭ অক্টোবর অনুষ্ঠিত নির্বাচনে ইসরায়েলের পার্লামেন্ট নেসেটে আরব দলগুলো রেকর্ড ১৯টি আসন পাওয়ার পর থেকেই মূলধারার সংবাদমাধ্যম ও রাজনীতিবিদদের একাংশের মধ্যে এই নেতিবাচক প্রবণতা দেখা দিয়েছে।
সম্প্রতি ইসরায়েলের ‘চ্যানেল ১৩’-এর একটি অনুষ্ঠানে সঞ্চালক ইয়াল বারকোভিচ যুক্তরাষ্ট্রের মিশিগান অঙ্গরাজ্যের নবনির্বাচিত সিনেটর আবদুল এল-সাইয়েদ এবং ইসরায়েলি পার্লামেন্টের আরব সদস্য আহমেদ তিবির চিকিৎসাশাস্ত্রের ডিগ্রি নিয়ে প্রকাশ্যে উপহাস করেন। অনুষ্ঠানে সহ-সঞ্চালক মোরিয়া আসরাফও তাঁর কথায় হাসিতে ফেটে পড়েন। এ ঘটনায় তীব্র ক্ষোভ প্রকাশ করে চ্যানেলটির নিয়মিত বিশ্লেষক ও জরিপ প্রতিষ্ঠান স্ট্যাটনেটের প্রধান নির্বাহী ইউসেফ মাকলাদেহ অনুষ্ঠানটি বর্জনের ঘোষণা দিয়েছেন।
সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশিত এক ভিডিও বার্তায় মাকলাদেহ বলেন, গণতান্ত্রিক কোনো রাষ্ট্রে এমন বর্ণবাদী বক্তব্য প্রচার হতে পারে না। স্টুডিও থেকে ছড়ানো এই উসকানি সাধারণ মানুষের ওপর সহিংসতা ডেকে আনতে পারে বলে তিনি চ্যানেল কর্তৃপক্ষকে চিঠি দিয়ে সতর্ক করেছেন। বিতর্কের মুখে চ্যানেল ১৩ কর্তৃপক্ষ সঞ্চালক ইয়াল বারকোভিচকে সাময়িক বরখাস্ত করেছে।
গত নির্বাচনে প্রায় ৮০ শতাংশ আরব ভোটার ভোটকেন্দ্রে উপস্থিত হয়েছিলেন, যা গত দুই দশকের মধ্যে সর্বোচ্চ। আরব জোট ‘জয়েন্ট লিস্ট’ ১১টি এবং ‘রা’আম’ পার্টি ৮টি আসন জিতে নেয়। বিশ্লেষকদের মতে, বিদায়ী সরকারের কট্টর ডানপন্থী মন্ত্রী ইতামার বেন গভিরের নীতির বিরুদ্ধে ক্ষোভ এবং আরব এলাকায় অপরাধ দমনের দাবিতেই বিপুলসংখ্যক আরব ভোটার ভোট দিয়েছেন।
তবে এই ঐতিহাসিক বিজয়ের পর থেকেই প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর লিকুদ পার্টি এবং ডানপন্থী গণমাধ্যম ‘চ্যানেল ১৪’-এ আরব দলগুলোকে ‘সন্ত্রাসীদের সমর্থক’ হিসেবে আখ্যা দেওয়া হচ্ছে। গণমাধ্যম পর্যবেক্ষক সংস্থাগুলোর তথ্য অনুযায়ী, নির্বাচনের পর সামাজিক যোগাযোগমাধ্যম ‘এক্স’-এ আরববিরোধী বিদ্বেষমূলক প্রচারণা পাঁচ গুণেরও বেশি বেড়েছে। এছাড়া মূলধারার টিভি চ্যানেলগুলোতেও আরব রাজনীতিবিদদের সাক্ষাৎকার নেওয়ার হার ছিল অত্যন্ত নগণ্য।
এদিকে, চ্যানেল ১২-এর জ্যেষ্ঠ সাংবাদিক বারাক রাভিদ ও চ্যানেল ১৩-এর জনপ্রিয় আরব উপস্থাপক লুসি আহারিশ নিজ নিজ প্রতিষ্ঠানের স্টুডিওতে এমন বর্ণবাদী আচরণের তীব্র প্রতিবাদ জানিয়েছেন। অন্যদিকে, সরকার গঠনের দায়িত্ব পাওয়া বিরোধী নেতা গাদি আইজেনকোট আরব নাগরিকদের বিরুদ্ধে চলা এই বিদ্বেষমূলক প্রচারণার নিন্দা জানালেও, সরকার গঠনে আরব দলগুলোকে জোটে নেওয়ার বিষয়ে এখনো অনিশ্চয়তা রয়ে গেছে। সমাজবিজ্ঞানীদের মতে, গাজা যুদ্ধের পরবর্তী পরিস্থিতিতে ইহুদি সমাজের একাংশের মধ্যে অবিশ্বাস বাড়ায় ইসরায়েলে আরব নাগরিকদের রাজনৈতিক অংশীদারিত্ব বড় ধরনের চ্যালেঞ্জের মুখে পড়েছে। সূত্র: দ্য টাইমস অব ইসরায়েল।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন